চি ঠি প ত্র
চাকরির বয়সশিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু এ শিক্ষা গ্রহণ করে যদি অপবাদ মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হয়, তাহলে সেটা জাতির জন্য লজ্জাজনক। সাধারণ জনগণ এমন হতাশায় তাদের ছেলেমেয়েদের শিক্ষিত করতেই চাইবে না। ফলে জাতি থাকবে অজ্ঞ, দেশের অগ্রগতি হবে ব্যাহত। বলছিলাম উচ্চশিক্ষিত হয়ে বেকার থাকার লজ্জার কথা। সচরাচর সব সরকারি চাকরির বিজ্ঞাপনে প্রবেশের বয়সসীমা চাওয়া হয় ১৮ থেকে ৩০ বছর। আমার প্রশ্ন, যেসব চাকরির বিজ্ঞাপনের বিপরীতে যোগ্যতা স্নাতকোত্তর চাওয়া হয়, তা কতটুকু যুক্তিসংগত। ১৮ বছর বয়সে স্নাতকোত্তর পাস করা যায়? উত্তরটা হবে অবশ্যই ‘না’। কারণ, সেশনজটের কারণে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিটা নিতে কমপক্ষে সময় লাগে ২৫ থেকে ২৮ বছর। তাহলে হাতে সময় যা থাকে, তা এই জনবহুল দেশের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট নয়। কারণ চাকরির বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই অনেক সময় নিতে হয়। আবার দেখা যায় তৃতীয় শ্রেণীর চাকরি, যেগুলোর বেশির ভাগেরই পরীক্ষা অনুষ্ঠিত হয় আন্তজেলায়, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় সীমাহীন দুর্নীতি। বাকি থাকল পিএসসির মতো প্রতিষ্ঠানের অধীনে বিসিএসসহ বিভিন্ন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পদের চাকরির পরীক্ষা, যেগুলোতে অংশ নিয়ে সবাই একটা ভালো ফল লাভের প্রত্যাশা করে। এদিকে সেশনজটসহ রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ছাত্রজীবন থেকে যে মূল্যবান সময় চলে যায়, তার দায়ভার সাধারণ ছাত্রছাত্রীদেরই বহন করতে হয়। বয়স চলে যাওয়ার পর পিএসসির মতো প্রতিষ্ঠানের অধীনে পরীক্ষা নেওয়ার সুযোগও হাতছাড়া হয়ে যায়। ফলে পরিবারের কাছে, সমাজের কাছে এই উচ্চশিক্ষিত বেকারেরা বোঝা হয়ে দাঁড়ান, এটা সবার জানা। রাষ্ট্রীয় কোষাগারে আর্থিক সমস্যা থাকায় চাকরির বিজ্ঞাপন যেমন কমে গেছে, তেমনি চাকরি থেকে অবসরের বয়স দুই বছর বাড়ানোয় শূন্যপদের বিপরীতে বিজ্ঞাপন দেওয়াও সরকারের পক্ষে সম্ভব নয়। লাখ লাখ বেকারকে অন্ধকারে রেখে বর্তমানের পরিপ্রেক্ষিতে সরকারের সব অর্জন যাতে ব্যর্থতায় পর্যবসিত না হয়, যাতে এই অবস্থার ফলাফল বিরোধী দল ভোগ করতে না পারে, তাই প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ, ৩৩তম বিসিএস পরীক্ষার প্রজ্ঞাপন জারি হওয়ার আগেই চাকরিতে প্রবেশের বয়সসীমা কমপক্ষে দুই বছর বৃদ্ধি করে উচ্চশিক্ষিত বেকারদের দেশসেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দিন।এম এ হাসনাতময়মনসিংহ।ফুটওভারব্রিজটঙ্গী শহরের কলেজগেট একটি ব্যস্ত এলাকা। দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য টঙ্গী প্রধান সড়ক কলেজগেটের ওপর দিয়ে বহু যানবাহন যাতায়াত করে। এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং সব দিক দিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে আছে বাণিজ্যিক কেন্দ্র, কাঁচাবাজার ও বিপণনকেন্দ্র। এই এলাকায় বসবাসকারীদের নানা কাজের তাগিদে বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। অত্র এলাকায় বসবাসকারী ও পথচারীদের প্রধান সড়ক দিয়ে নির্বিঘ্নে পারাপার হওয়ার জন্য কোনো রকম সুযোগ-সুবিধা না থাকার কারণে নিজের জীবনকে বাজি রেখে রাস্তা পার হতে হয়। এতে করে যেকোনো মুহূর্তে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রধান সড়কে চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার জন্য নেই কোনো ট্রাফিক পুলিশের ব্যবস্থাও।এমতাবস্থায় অত্র এলাকার বসবাসকারী ও পথচারীদের নির্বিঘ্নে রাস্তা পারাপারের সুবিধার্থে অনতিবিলম্বে একটি ফুট ওভারব্রিজ স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।খন্দকার আবদুর রাশেদগেন্ডারিয়া, ঢাকা।