চি ঠি প ত্র
আলু কিনুনগত ২৪ ফেব্রুয়ারি প্রথম আলোর চিঠিপত্র পাতায় মনিরুজ্জামান কবির সবাইকে আহ্বান জানিয়েছেন আলু কিনতে, যাতে দেশে বর্ধিত উৎপাদনের বাজার সৃষ্টি হয়।আলু ও ভাত শর্করা শ্রেণীর খাবার। পৃথিবীর বহু দেশের প্রধান খাদ্য আলু। আমাদের দেশে খাদ্যের চাহিদা সত্ত্বেও আমরা আলু কম খাই বলে উৎপাদিত আলু এর মূল্য হারিয়েছে। সংরক্ষণাগারের অপ্রতুলতাও মূল্য হারানোর জন্য দায়ী। অথচ সমগোত্রীয় খাদ্য চালের দাম বাড়ছে তো বাড়ছেই।এই অবস্থায় আমরা ভাতের সঙ্গে প্রতি বেলায় একটা করে আলু খেয়ে অভ্যাস পরিবর্তনের সূচনা করতে পারি। ১৫ দিন পর দুটি এবং এক মাস পর তিনটি আলু খেতে পারি প্রতি বেলায়। নাশতায়ও আলুর ব্যবহার বাড়াতে পারি। এভাবে খাবারে আলুর ব্যবহার আস্তে আস্তে বাড়ালে আলুর দুর্দিন ঘুচবে, কৃষকের মুখে হাসি ফুটবে। সরকার বছরে একটি দিন আলু দিবসও ঘোষণা করতে পারে। মনিরুজ্জামান কবিরকে ধন্যবাদ।আবদুল মজিদ খানবাংলাদেশ ব্যাংক কলোনি, ঢাকা।পোর্টেবলিটি সেবা চাইবাংলাদেশে বর্তমানে জিএসএম নেটওয়ার্কভুক্ত অনেকগুলো মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। তারা মোবাইল ফোন-সেবার পাশাপাশি ইন্টারনেট-সেবা দিচ্ছে, যা খুবই উপকারী। কিন্তু সুবিধা অনুযায়ী আমরা সেবাদাতা প্রতিষ্ঠানকে বেছে নিতে পারছি না, যারা অনেক দিন একটি নম্বর ব্যবহার করছি। এতে মোবাইল ফোন কোম্পানিগুলোর বেঁধে দেওয়া কলরেট ও ইন্টারনেট প্যাকেজই আমাদের ব্যবহার করতে হচ্ছে। তাই এর একমাত্র সমাধান মোবাইল ফোনের নম্বর পোর্টেবলিটি সেবা, যা ইতিমধ্যে ভারতে শুরু হয়েছে। এ সেবার মাধ্যমে আমরা মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখেই ইচ্ছামতো অপারেটর বেছে নিতে পারব।মোবাইল ফোনের কোম্পানিগুলোর জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই, বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশি। তাই আপনারা গ্রাহকদের সুবিধা বিবেচনা করে ১০০ বা ২০০ মেগাবাইটের মিনিপ্যাক-সেবা মাসভিত্তিক চালু করুন। অবিলম্বে মোবাইল ফোনের নম্বরের ক্ষেত্রে পোর্টেবলিটি সেবা চালু করার অনুরোধ জানাচ্ছি।আর হাসান খানউত্তরা, ঢাকা।নছিমন মহামারিহঠাৎ করে দেশে যান্ত্রিক যানের অস্বাভাবিক বৃদ্ধি কেবল জনচলাচলকেই ঝুঁকিপূর্ণ করে তোলেনি; পরিবেশেরও মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পথ চলতে হয়। অদক্ষ চালক, অনুপযোগী যান, অনুপযুক্ত সড়ক, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ ইত্যাদি কারণে সড়ক দুর্ঘটনার মাত্রা দিন দিন বেড়েই চলেছে। উপরন্তু, অননুমোদিত যানবাহনের সঙ্গে মহামারি আকারে যুক্ত হয়েছে ইঞ্জিনচালিত নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি। অন্যদিকে অপরিণামদর্শী ও ভুল সিদ্ধান্তের জন্য ব্যাটারিচালিত পাওয়ারবাইক নামের আরও এক ধরনের যান আমদানি করায় সামগ্রিকভাবে সড়ক-বিপত্তি ও দেশের সুদূরপ্রসারী অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।আমাদের মতো অনুন্নত দেশে জীবন-জীবিকার সমন্বয় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুতরাং জীবন ও জীবিকার অনিবার্য প্রয়োজনে নছিমন-করিমন-ভটভটি যেমন, তেমনি আধুনিক জীবনে বিদ্যুতের অপরিহার্যতা ও সামাজিক অর্থনীতি, বিশেষ করে নিম্নবিত্তের জন্য লোভনীয় আয়ের উৎস পাওয়ার বাইকের সুদূরপ্রসারী ক্ষতিকর দিকটি উপলব্ধি করে গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া দরকার। জীবনের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে জরুরি হলেও কর্মসংস্থানের বিষয়টিকে এই মুহূর্তে খাটো করে দেখার সুযোগ নেই। ক্রমেই এটি জটিল আকার ধারণ করবে। আশা করি, সংশ্লিষ্ট মহল এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে আন্তরিক হবে।আকরাম খানঅনির্বাণ বিদ্যানিকেতনমধুখালী, ফরিদপুর।