চি ঠি প ত্র
ভূমিকম্পের সচেতনতাপৃথিবীর যেকোনো দেশের জন্যই ভূমিকম্প ভয়াবহ হুমকিস্বরূপ। ভূমিকম্পের ফলে একটি দেশ মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ভূমিকম্প কখন, কোথায় ঘটবে, তা বিজ্ঞানীরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করেও এখনো পর্যন্ত বের করতে পারেননি। ২০১১ সালে জাপান, হাইতিতে ঘটে যাওয়া তীব্র মাত্রার ভূমিকম্পে অসংখ্য লোকের প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ছিল। আমাদের দেশে কিছুদিন আগে হয়ে যাওয়া মাঝারি মাত্রার ভূমিকম্পে মানুষের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। মানুষের মনের এই আতঙ্ক দূর করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভূমিকম্পে অত্যধিক ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ এবং ভূমিকম্পের পরপরই মানুষের সাহায্য এগিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবক সদস্য এবং মেডিকেল টিম প্রস্তুত রাখতে হবে। এ ছাড়া ভূমিকম্পের সময় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে। সরকার এবং আমাদের সবার সচেতনতাই পারে ভূমিকম্পের ভয় জয় করতে। উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আ/এ, ঢাকা। পরীক্ষার সময়সূচিপরীক্ষার মাধ্যমেই একজন পরীক্ষার্থীর যোগ্যতার যথাযথ মূল্যায়ন হয়। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষায় প্রবেশের প্রথম ধাপ। একজন শিক্ষার্থীর লালিত স্বপ্ন বাস্তবায়নের পথ অনেকাংশেই তৈরি করে দেয় উচ্চমাধ্যমিক পরীক্ষার ভালো একটি ফল। কিন্তু আমরা বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা এ স্বপ্ন বাস্তবায়নের জন্য কতটা আনুকূল্য পাচ্ছি? সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০১২-এর সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়ার পর দেখতে পাই, এতে আমাদের বিজ্ঞান বিভাগের প্রতিটি বিষয়ের পরীক্ষার আগে মাত্র এক দিন এবং সর্বোচ্চ দুই দিন করে বন্ধ দেওয়া হয়েছে, যা খুবই অপর্যাপ্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ রকম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার সময়সূচি তৈরির আগে এ বিষয়টি চিন্তা করা উচিত ছিল। যেখানে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা ২০.০৫.২০১২ তারিখে সমাপ্ত হচ্ছে; সেখানে বিজ্ঞান বিভাগের পরীক্ষা ২৯.০৪.২০১২ তারিখে শেষ হবে, যা খুবই অমানবিক। আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় তাহলে কীভাবে মূল্যায়ন করা হলো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের? কর্তৃপক্ষ কি মনে করেন, বিজ্ঞানের বিষয়গুলো অন্যান্য বিষয়ের তুলনায় অপেক্ষাকৃত সহজ? নাকি বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থী সমান মেধাবী? মেধা, মননের প্রাচুর্য যতই থাকুক না কেন, আমরা কেউ অতিমানব নই! সারা বছর কঠোর পরিশ্রমের পরও পরীক্ষার আগের সময় অতি গুরুত্বপূর্ণ। এ সময় যদি সঠিকভাবে পড়াশোনা করা না যায়, তাহলে পরীক্ষায় আশানুরূপ ফলাফল লাভ সম্ভব নয়। তাই শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। পটুয়াখালী জেলার উচ্চমাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা।সম্মান পাঠ্যক্রম চাইআমাদের লৌহজং ডিগ্রি কলেজ ১৯৭৩ সালে স্থাপিত হয়। যা দীর্ঘ পথপরিক্রমায় স্বগৌরবে আজো বর্তমান। যেখানে আমাদের আছে ভালো যোগাযোগব্যবস্থা, নিজস্ব ক্যাম্পাস ও নিজস্ব ছাত্রাবাস। আছে নান্দনিক ও মনোরম পরিবেশ, বড় লাইব্রেরি এবং বিজ্ঞান বিভাগের জন্য ল্যাবরেটরি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ছাত্রছাত্রী এখানে এসে পড়ালেখা করছে। বর্তমানে তিনটি মূল ভবনের পাশাপাশি তৈরি করা হয়েছে দুটি তিন তলা নান্দনিক ও বড় আকারের ভবন। কয়েক বছর আগে চালু করা হয়েছে ডিগ্রি শাখা। বর্তমানে আমাদের একটাই অতৃপ্তি তা হচ্ছে, অনার্স বিষয় চালু না থাকা। অনেক ছাত্রছাত্রী আছে যাদের প্রতিদিন শহরে যাতায়াত করে বা স্থায়ীভাবে থেকে পড়ালেখা করা সম্ভব নয়। তাই ইচ্ছা থাকলেও উপায় থাকছে না অনার্স বিষয়ে পড়া। ইচ্ছাটার মৃত্যু হচ্ছে অঙ্কুরেই। অনার্স বিষয়ে পড়াটা ছাত্রছাত্রীদের কাছে স্বপ্নই থেকে যাচ্ছে। এ ক্ষেত্রে চাকরির বাজারের দৌড়ে আমরা পিছিয়ে পড়ছি। হারাচ্ছি অর্থনৈতিক সচ্ছলতা। নারীর উচ্চশিক্ষার হারেও পড়ছি পিছিয়ে।তাই বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের একটাই দাবি, অচিরেই লৌহজং ডিগ্রি কলেজে অনার্স চালু করা হোক।বাচ্চু, সবুজ, তানিয়া, বৃষ্টিলৌহজং, মুন্সিগঞ্জ।