চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুখিনী বর্ণমালাভাষা আন্দোলনের মহান ঐতিহ্যের অধিকারী আমরা আজ এক নিদারুণ বিভ্রান্তির তলায় তলিয়ে যাচ্ছি। কারা যেন অত্যন্ত কৌশলে হাজার বছরের সাংস্কৃতিক মূল্যবোধ থেকে আমাদের বিচ্যুত করতে তৎপর। তাদের প্ররোচনায় আমরা বাংলা অক্ষরকে আমাদের চারপাশ থেকে নির্বাসন দিচ্ছি। আমাদের বাড়িঘর, অফিস-আদালত, দোকানপাট, শিল্পকারখানার নামফলকে আজ বাংলা অক্ষরের স্থান হচ্ছে না। রাস্তাঘাটে রংবেরঙের বিশাল বিশাল সাইনবোর্ড বা হোর্ডিংয়ে বাংলা অক্ষর উধাও। আমাদের আন্তজেলা বাসগুলোর প্রায় সবগুলোর নাম লেখা রোমান হরফে। নতুন ঢাকার আবাসিক অঞ্চলে অনেক রাস্তা পাওয়া যাবে, যার দুই পাশের সুদৃশ্য বাড়িগুলোর রোমান হরফে লেখা ভিন্ন ভাষা ও সংস্কৃতির নাম-ঠিকানা দেখে সন্দেহ জাগতে পারে—এলাম এ কোন দেশে? এ তো বাংলাদেশ নয়! বাংলাদেশ হলে বাংলা লেখা কই, বাংলা ভাষা কই?পৃথিবীর প্রায় সব দেশে সে দেশের প্রধান ভাষার বর্ণমালা ব্যবহূত হয় নামফলকসহ সব ধরনের পরিচিতিমূলক লেখায়। জাপানে জাপানি, চীনে চীনা, ফিলিপাইনে ফিলিপিনো, থাইল্যান্ডে থাই, ফ্রান্সে ফরাসি, ইরানে ফার্সি, আরবে আরবি, সিংহলে সিংহলি ভাষার বর্ণমালা দিয়েই এসব লেখা হয় বলে দেখা যায়। আমাদের অতি কাছের ভারতের তামিলনাড়ুতে তামিল, গুজরাটে গুজরাটি, মহারাষ্ট্রে মারাঠি ভাষার বর্ণমালার জয়জয়কার। তারা সবাই এসব ক্ষেত্রে নিজের দেশের প্রধান ভাষার বর্ণমালাকেই গুরুত্ব ও মর্যাদা দিয়েছে। অন্য কোনো বর্ণমালাকে কোনো স্থান দেয়নি। বিশেষ বিশেষ ক্ষেত্রে অত্যন্ত আবশ্যকীয় বিবেচনায় নিজস্ব ভাষার বর্ণমালার নিচে বা পাশে অপেক্ষাকৃত ছোট অক্ষরে অন্য ভাষার বর্ণমালা (রোমান) ব্যবহার করেছে মাত্র। সব ক্ষেত্রেই নিজস্ব বর্ণমালা অগ্রাধিকার ও প্রাধান্য পেয়েছে। আমাদের বেলায় অন্যরকম হচ্ছে কেন? আমরা তো রোমান অক্ষরে বাংলা লেখা তথা বাংলাদেশে অন্য বর্ণমালার প্রাধান্য দেওয়ার চেষ্টা প্রতিহত করেছি। তবে আজ কেন আমরা যত্রতত্র রোমান বর্ণমালা ব্যবহার করতে উঠেপড়ে লেগেছি? এ আমাদের কেমন হীনম্মন্যতা? এ কি বাংলাদেশের মূল সংস্কৃতির বিরুদ্ধাচারীদের কুটকৌশলের ফলশ্রুতি? নাকি আমাদের সবার সম্মিলিত অবিমিশ্রকারিতা!বাংলা ভাষার জন্য ভাষাশহীদদের জীবন উৎসর্গের ৬০তম বছর উদ্যাপন করব আমরা কয়েক দিন পর। অন্যান্য বারের মতো এবারও এ উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হবে। এসব যথারীতি পালন করা হোক। কিন্তু তার পাশাপাশি আসুন না আমরা আর একটি কাজ করি। এবারের ফেব্রুয়ারিতে আমরা সম্মিলিতভাবে বাংলা বর্ণমালার মর্যাদা প্রতিষ্ঠায় এগিয়ে আসি। আওয়াজ তুলি, অবিলম্বে সব নামফলক ও পরিচিতিমূলক লেখা ও বিজ্ঞাপনে এবং প্রকাশ্য স্থানে প্রদর্শনযোগ্য সব দৃষ্টি আকর্ষণ অথবা নির্দেশনা প্রদানমূলক লেখায় বাংলা বর্ণমালার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।নুরুল ইসলামউত্তরা, ঢাকা।শুনতে কি পাওবনহরিণীর সে চঞ্চলতা আজ নেই। সব ফুল ঝরে গেছে। দূর্বাদলের মৃদু শিহরণ আজ বিদায় নিয়েছে। শিশিরবিন্দু শুকিয়ে গেছে সূর্য-দাহের নিষ্ঠুর সামাজিকতার কঠিন বিষবাষ্পে। হেমন্তের ঝরা ফসলের মতো হারিয়ে গেছে আমার সোনালি দিন।এ কী হলো? এমন তো কথা ছিল না! এতগুলো প্রাণ অকালে কেন-ইবা কেড়ে নিল হায়েনার কালো থাবায়। এই অপূরণীয় ক্ষতির মাশুল কি সম্ভব? কাকে করব এ প্রশ্ন? কে ছিল এই রোমহর্ষ কাহিনির নেপথ্যে? কী ছিল তার স্বার্থ? কিসের ওপর চালিয়ে দিল ব্রেকহীন বুলডোজার? স্তব্ধ করে দিল জীবনের গতি। ভাবছেন বলব, ‘প্রশ্ন করুন বিবেককে’ জানি বিবেকের বিকৃত লাশ—এখন নর্দমার ভেতর। সেদিন ছিল ২৫ ফেব্রুয়ারি, নিয়মিত উঠেছিল সূর্য, দিনশেষে অস্তও গেল। কিন্তু আমার জীবনে সুখের সূর্যটা কালের করাল গ্রাসে অস্ত হলো অনন্তকালের জন্য। এখন মধুর স্মৃতিগুলোই একমাত্র অবলম্বন।জীবনের নিয়মে হচ্ছে সকাল, কাকডাকা ভোরে ঘুম ভাঙছে সবার, দখিনা জানালাও খুলছে বাইরে। হিমেল স্নিগ্ধ বাতাসও বইছে, ঘরে কল্পনার রঙে রাঙাচ্ছে সবার জীবন। দীর্ঘ সুখময় ক্লান্তি শেষে ঘুমাচ্ছে সবাই—আর আমার অন্তর্দহনে জ্বলছে বুক, বইছে খরাময়ী বিষবাষ্প ভরা দূষিত বাতাস, আর নয়ন গড়ানো জলে ভিজছে বালিশ। সেই সঙ্গে চিন্তা ক্লান্তি শেষে লম্বা দীর্ঘশ্বাস!!কিন্তু কেন? কী ছিল আমাদের অপরাধ? সততার তো কোনো ঘাটতি ছিল না। শপথ অনুযায়ী ছিল কর্মতৎপরতা। অন্যায়ের সঙ্গে ছিল না কোনো আপস। তবে কি এটাই ছিল অপরাধ?জানি, সারা জীবন কলম চালিয়ে আমার লেখা হবে না শেষ। জানতেও পারব না কাকে লিখব। লিখে আর জানিয়েও কোনো লাভ হবে না কারও। পূরণ হবে না সে ক্ষতির। এ সমাজ কি শুধু ব্ল্যাক হোলের মতো কেড়ে নিতেই জানে, জানে না কিছু দিতে? যারা করেছে আমার এ হাল, তাদের বলছি, আজ যদি জানত ভালো লাগার মানুষকে এভাবে কেড়ে নিলে যে কী যন্ত্রণা হয়, তাহলে তারা করত না এ তাণ্ডব লীলা। ডানাভাঙা পাখির মতো এতগুলো পরিবারকে করত না সর্বশান্ত, এ যে কী কষ্ট! প্রতিটি নিঃশ্বাসেই শুধু হতাশা, হাহাকার...।লবী রহমানবিডিআর বিদ্রোহে নিহত কর্নেল কুদরত ইলাহি রহমানের স্ত্রী।