চি ঠি প ত্র
মায়ামাখা কিছু শব্দশৈশবে শুনতাম গ্রামের মানুষ পরম মমতা আর শ্রদ্ধায় বাবাকে ‘বাজান’ আর মাকে ‘মায়া’ বলে ডাকত। কেউ কেউ আবার বাবাকে ‘বাজান’ বলেও ডাকত। মাটির গন্ধ শুঁকে যাদের শৈশব-কৈশোর গ্রামাঞ্চলে বড় হয়ে ওঠা কেবল তারাই আজ ভালো বুঝবে এ ‘বাজান’ আর ‘মায়া’ এই শব্দযুগল কতটুকু আদরের উষ্ণতায় মোড়ানো ছিল। আহা! এ যে ছিল বাংলা শব্দগুচ্ছের আদি মায়াবী রূপ। হালের এই অপসংস্কৃতির জোয়ার আর আমাদের তথাকথিত আধুনিকমনস্ক হওয়ার নিষ্ফল প্রচেষ্টার তোড়ে এই শব্দ দুটির স্থানে স্থান করে নিয়েছে ‘আব্বু’ আর ‘আম্মু’। এই পর্যন্ত কোনো আপত্তি ছিল না। কিন্তু আপত্তিটা তখনই বাধে কিছু কিছু অভিভাবক যখন তাঁদের সন্তানদের বিকিয়ে দেন হালের ড্যাড আর মামের কাছে। কেউ কেউ এখনো চাচা-চাচিকে আঙ্কেল-আন্টি নয় চাচা-চাচি বলেই সম্বোধন করে। চাচা-চাচি সম্বোধনের মধ্যে এক ধরনের আবেগ আছে, আছে খুব কাছের ভাবার সবটুকু অনুভূতির উপকরণ। যেটা আঙ্কেল আর আন্টির মধ্যে নেই। আমাদের আপন কোনো বোন নেই। মা প্রায়ই বলতেন, ‘রাবেয়া হলো তোদের আপন বোন’, যাকে আমরা শৈশব থেকে বুবু বলেই সম্বোধন করি। ‘বুবু’ শব্দটার ভেতর ও বাহির এক ও অভিন্ন। বোনকে বুবু সম্বোধন করার চর্চাটা গ্রামে এখনো আছে, নেই শুধু কিছু তথাকথিত আধুনিক রুচিশীল বলে দাবিদার ইটপাথরের কৃত্রিম শীতল ঘরে বড় হয়ে ওঠা মানুষগুলোর কাছে।যে ভাষার জন্য আমাদের অগ্রজেরা রক্ত ঝরাল, সেই ভাষা উৎখাত হওয়ার প্রক্রিয়া চলছে আমাদের আপন গৃহ থেকেই। আমাদের এই অনুকরণপ্রিয় জীবনে ‘ড্যাড’ আর ‘মাম’-এর কাছে প্রতিনিয়ত হেরে যাচ্ছে আমাদের ‘বাজান’ আর ‘মায়া’ শব্দগুলো। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমাদের এই পুরোনো মায়ামাখানো শব্দগুলো কি সত্যিই হারিয়ে যাবে? মাহবুবুর রহমান ভূইয়াবাজিতপুর, কিশোরগঞ্জ।