চি ঠি প ত্র
মেধার মূল্যায়ন আসনস্বল্পতা ও পছন্দসই বিষয়ে সুযোগ না পাওয়ার কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রীকেই বেছে নিতে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষেরই ধারণা, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা হয়তো প্রকৃতপক্ষে মেধাবী নয়, কিংবা টাকার জোরেই গ্র্যাজুয়েশন করছে। প্রকৃতপক্ষে দৃশ্যটি এমন নয়। আমাদের দেশে বর্তমানে অনেক শিক্ষার্থী আছে, যারা অক্লান্ত পরিশ্রম করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে এবং তারা আসলেই ভালো ছাত্রছাত্রী। তাই যেকোনো সরকারি চাকরির ক্ষেত্রেও তাদের সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। এটা আমাদের সাধারণ বিবেচনা দিয়েই উপলব্ধি করা উচিত। যদি একটি কক্ষে পাঁচটি চেয়ার থাকে, কিন্তু ছয়জন লোক ঢুকে যায়, তাহলে তো অবশ্যই বাড়তি একজনকে ঘর থেকে বের হয়ে আসতে হবে ও বিকল্প কোনো পথ খুঁজতে হবে। তাই যেকোনো প্রতিযোগিতামূলক বেসরকারি ও সরকারি চাকরির ক্ষেত্রে একজন প্রার্থীর মেধাকে মূল্যায়ন করা উচিত নিরপেক্ষভাবে। প্রতিটি ক্ষেত্রেই যেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মেধার যথাযথ মূল্যায়ন হয়। দিপা সরকার খিলক্ষেত, ঢাকা। একটি সেতু দরকার ঠাকুরগাঁও জেলা সদর থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হরিপুর উপজেলা সদর। প্রত্যন্ত অঞ্চলের এ উপজেলার মানুষ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে আছে, যা জনসাধারণের আর্থসামাজিক অবস্থায় বিরূপ প্রভাব ফেলেছে। যাদুরানী হাটের উত্তর-পূর্ব পাশে একটি সেতু প্রয়োজন। গরু, ছাগল ও শস্য হাট হিসেবে যাদুরানী হাট উত্তরবঙ্গে খ্যাতিমান। বিপুল অঙ্কের রাজস্ব আদায় হয়। হাটের পূর্বদিকের প্রবেশপথের সেতুটি ১৯৬৪ সালে নির্মিত। প্রস্থে খুবই সরু। ৪৮ বছর আগের এ সেতু ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ভারী যানবাহন উঠলেই সেতুটি কাঁপে। সরু হওয়ার কারণে হাটের দিনে যানজটে নাকাল হচ্ছে শত শত মানুষ। ঈদ-পর্বে ও ধান-গমের মৌসুমে অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। সেতুর উত্তরে মাত্র কয়েক শত গজ দূরত্বে আরেকটি সেতু করা যেতে পারে। এর জন্য কোনো জমি অধিগ্রহণ করতে হবে না। কামারপুকুর স্বাগতম গেট থেকে প্রস্তাবিত সেতুর জায়গা পর্যন্ত এসএ রেকর্ডভুক্ত রাস্তা আছে। প্রস্তাবিত সেতুটির সমর্থনে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে—এটাই এলাকাবাসীর প্রত্যাশা। মো. আসাদুজ্জামান সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হরিপুর, ঠাকুরগাঁও। বিশ্বনাথে গ্যাস চাইসিলেট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা বিশ্বনাথ। ঢাকা বা অন্য কোথাও থেকে সিলেটে ঢুকতে হলে বিশ্বনাথকে পেরিয়েই ঢুকতে হয়। এ উপজেলার দীর্ঘদিনের প্রাণের দাবি হচ্ছে গ্যাস। এ পর্যন্ত বিশ্বনাথ তথা সিলেট-২ আসনে যতজন সাংসদ নির্বাচিত হয়েছেন, তাঁরা সবাই নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্বনাথে গ্যাস এনে দেবেন। কিন্তু কেউই তা করেননি। নির্বাচনের পর বেমালুম ভুলে গেছেন প্রতিশ্রুতির কথা। বর্তমান সাংসদও নির্বাচনের আগে গ্যাস এনে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তিনিও এখন পর্যন্ত বিশ্বনাথে গ্যাস আনতে পারেননি। এত দিনেও গ্যাস না পাওয়ায় এখানকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাই বিশ্বনাথবাসীর পক্ষ থেকে অনুরোধ, অবিলম্বে বিশ্বনাথের মানুষের প্রাণের দাবি পূরণ করুন। বিশ্বনাথে গ্যাস দেওয়ার ব্যবস্থা করুন।রফিকুল ইসলাম কামাল ইসলামাবাদ, বিশ্বনাথ, সিলেট।