চি ঠি প ত্র
চাকরির বয়সমহান জাতীয় সংসদে মাননীয় স্পিকার ১ ফেব্রুয়ারি ৭১ নম্বর বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব করেন। আমরা এ প্রস্তাবকে সাধুবাদ জানাই। কারণ, বর্তমানে লেখাপড়া শেষ করতে বয়স প্রায় ২৭-২৮ বছর পার হয়ে যায়। বর্তমান সরকার সম্প্রতি চাকরিজীবীদের অবসরের বয়স দুই বছর বাড়ানোর ফলে আগামী দুই বছরের মধ্যে যাঁরা অবসরে যেতেন, তাঁরা আর অবসরে যাবেন না। এতে আগামী দুই বছর নিয়োগ বহুলাংশে কমে যাবে। এ অবস্থায় যাঁদের চাকরির বয়স শেষের দিকে তাঁদের জীবনে চাকরি পাওয়া অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার অন্যতম হলো প্রত্যেক পরিবার থেকে অন্তত একজনকে চাকরি দেওয়া। কিন্তু এর কোনো বাস্তবায়ন লক্ষ করা যাচ্ছে না। তাছাড়া বর্তমানে প্রায় ২ লাখ ৪০ হাজারের মতো শূন্যপদ রয়েছে। এসব শূন্য পদে নিয়োগের পাশাপাশি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানাচ্ছি।মামুনুর রশীদ , কাপাসিয়া, ঢাকা।সুগন্ধি চালএ দেশে খাবার জিনিসকে সুন্দর ও লোভনীয় করার জন্য তাতে মারাত্মক সব বিষ মেশানো হয়। ফলমূল, শাকসবজিতে মেশানো হচ্ছে কেমিক্যাল, মাছ ও দুধে ফরমালিন। আর এখন কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে সুগন্ধি চাল। মোটা চাল কেটে সরু করে তাতে সুগন্ধি মিশিয়ে তৈরি করা হচ্ছে পোলাওয়ের চাল। উদ্দেশ্য কম দামি চালকে মূল্যবান করে বেশি লাভবান হওয়া। কিন্তু এই প্রতারণার ফলে আমাদের গোটা দেশের মানুষ জনস্বাস্থ্যের চরম ঝুঁকিতে রয়েছে। কেমিক্যালসহ না অপদ্রব্য মেশানো এসব চাল দীর্ঘদিন ধরে খেলে জটিল সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সুতরাং এটা মারাত্মক অপরাধ। মাঝেমধ্যে এদের ধরতে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়। কিন্তু সে সাময়িক। অপরাধীরা আবার তাদের পাখা মেলে। আমাদের প্রধান খাদ্য ভাত। এই প্রধান খাবারকে যদি বিষাক্ত করা হয়, তবে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী? তাই জনবলের অভাব বা অন্য কোনো অজুহাত না দেখিয়ে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিজেদের বাঁচাতে সরকার কি আন্তরিক হবে না?জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।হল চাইজগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৫ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় অতিক্রম করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে পারেনি। অনেক গরিব মেধাবী ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হয় না, কারণ আবাসিক কোনো ব্যবস্থা নেই। আশপাশে মেসে থাকতে হলে অনেক টাকা গুনতে হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়। নতুন হল নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়টিকে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন হল নির্মাণের জন্য এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা করেনি। তাই এই সমস্যা সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।মো. গোলাম হোসেনজগন্নাথ বিশ্ববিদ্যালয়।