চি ঠি প ত্র
পাম চাষে সম্ভাবনাভোজ্যতেলের উচ্চমূল্য ও বাজারে এর অস্থিরতা সম্পর্কে আমরা সবাই অবগত। দেশে স্থানীয়ভাবে যে পরিমাণ ভোজ্যতেল উৎপন্ন হয়, তা দিয়ে খুব বেশি হলে এক-তৃতীয়াংশ চাহিদা মেটে। অবশিষ্ট চাহিদা আমদানির মাধ্যমে মেটানো হয়। আগে রান্নার কাজে সরিষার তেলের ব্যবহার হলেও এখন সে স্থান সয়াবিন ও পাম তেলের দখলে। সয়াবিনের চেয়ে পাম তেলের কদর বেশি হওয়ায় ব্যবসায়ীরা সয়াবিনের মোড়কে পাম তেল বাজারজাত করেন। কিন্তু এই তেল আমদানি করতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ব্যয় করতে হয়। আর সিন্ডিকেট তৈরির মাধ্যমে ব্যবসায়ীদের অসাধু তৎপরতার কথাও সর্বজনবিদিত। বিপুল জনসংখ্যার চাপ সামলাতে এ দেশে ধান ছাড়া ডাল, সরিষা, আখ, চা, মসলার মতো ফসল উৎপাদনে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। এ দেশের মাটি ও আবহাওয়া পাম চাষের উপযোগী। পামগাছ বহুবর্ষজীবী উদ্ভিদ। বৃষ্টিপ্রধান অঞ্চলে ভালো জন্মে। তাই তিন পার্বত্য অঞ্চল ও সিলেটে পাম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে অনেকে চাষ করলেও প্রক্রিয়াজাতকরণের অভাবে ভালো ফল মিলছে না। সরকারকে এ ক্ষেত্রে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। পার্বত্য এলাকার জমি দীর্ঘ মেয়াদে উদ্যোক্তাদের লিজ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ শিল্পের সম্ভাবনা কাজে লাগানো গেলে তেলের বাজারের অস্থিরতা যেমন কমানো যাবে, তেমনি বিদেশি মুদ্রাও সাশ্রয় হবে। জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।অবমুক্ত শহীদ মিনারফেব্রুয়ারি মাসে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার কথিত মাজারসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আমরা হাইকোর্টের এ রায়কে স্বাগত জানাই। এটা ভাবতেও অবাক লাগে, কীভাবে এত দিন শহীদ মিনারের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে কথিত মাজারসহ এসব অবৈধ স্থাপনা বহাল থাকল। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে দেখা যায়, এই শহীদ মিনার এলাকায় আগে কোনো মাজার ছিল না, ছিল ঢাকা মেডিকেল কলেজের এক কর্মচারীর কবর। পরে এই কবরটি ধীরে ধীরে মাজার হিসেবে গড়ে তুলছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। সেই সঙ্গে সেখানে আরও গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা। এ কারণে হুমকির মুখে পড়েছিল ভাষাশহীদদের স্মৃতি বহনকারী এই শহীদ মিনারটি। যাদের কারণে এত দিন শহীদ মিনার এলাকার জায়গা দখলের পাঁয়তারা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের উচিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া। এই শহীদ মিনার শুধু ভাষাশহীদদের স্মৃতিফলকই নয়, এটি আমাদের অনুপ্রেরণার উৎস। অনেক দিন পর হলেও শহীদ মিনার অবমুক্ত হওয়ায় আমরা সন্তুষ্ট।এম ইয়াসিন আরাফাতপূর্ব কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম।গ্যাসের সংযোগদুই বছর ধরে সরকারি আদেশে আবাসিক ও অনাবাসিক (কল-কারখানায়) গ্যাস-সংযোগ বন্ধ রয়েছে। গত মাসে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী জানিয়েছেন, এ মাসে সীমিত আকারে কল-কারখানায় গ্যাস-সংযোগ দেওয়া হবে। কিন্তু আবাসিক গ্যাস-সংযোগ কবে দেওয়া হবে, কিংবা আদৌ হবে কি না, সে সম্পর্কে তিনি কিছুই জানাননি। গ্যাস-সংযোগ বন্ধ থাকায় আবাসন খাতের ব্যবসায়ীরা শুধু ফ্ল্যাট বানাচ্ছেন, কিন্তু তা বিক্রি বা হস্তান্তর করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না।ঢাকাসহ বিভাগীয় শহরে দিন দিন ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ছে। কারণ, গ্যাস সহজলভ্য এবং দাম তেলের চেয়ে কম। এতে সাধারণ যাত্রীদের কোনো সুবিধা হয়নি। গ্যাসচালিত ও তেলচালিত গাড়ির ভাড়ায় কোনো তারতম্য নেই। আশা করি বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।মো. আলমগীরস্বামীবাগ, ঢাকা।বিআরটিসির বাসপুরান ঢাকার লোহারপুল (সূত্রাপুর) ও গেন্ডারিয়া থেকে টঙ্গী-গাজীপুর হয়ে কোনাবাড়ী পর্যন্ত ব্যক্তিমালিকানায় দুটি ভিন্ন রুটে যথাক্রমে পাঞ্জেরি ও রাহবার নামের যাত্রীবাহী বাস সার্ভিস চালু ছিল, যা এই এলাকার যাত্রীদের চলাচল সহজ করেছিল। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই হঠাৎ করে বাস সার্ভিস দুটি বন্ধ করে দেয়। এর ফলে অগণিত যাত্রীকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সংশ্লিষ্ট এলাকার যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে অবিলম্বে লোহারপুল থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস চালু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।খন্দকার আবদুর রাশেদশরাফৎগঞ্জ লেন, গেন্ডারিয়া, ঢাকা।ট্রাফিক কন্ট্রোলার বাড়ানসিভিল এভিয়েশন অথরিটির নিয়োজিত এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের বিমান পরিবহন-সংক্রান্ত নিয়মনীতি অনুসরণ করে বাংলাদেশে বিমান ফ্লাইট নিয়ন্ত্রণ করেন।সম্প্রতি বাংলাদেশে ফ্লাইটের সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। এতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ আরও কষ্টদায়ক হয়ে পড়ে। তিন শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশের ওপর দিয়ে চলাচল করে এবং প্রায় ১০০ ফ্লাইট ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা শিফটে দিন-রাত ডিউটি করেন। বিশ্রাম নিতে পারেন না। সিভিল এভিয়েশন অথরিটি লেন্ডিং ওভার ফ্লাইট চার্জ হিসেবে ৬০০ কোটি টাকার বেশি আয় করে থাকে। এখানে কন্ট্রোলারদের পরিশ্রম অনেক। বিমান ফ্লাইটের নিরাপত্তার দায়িত্ব পাইলটদের চেয়ে কন্ট্রোলারদের বেশি। কন্ট্রোলার যদি দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তৎক্ষণাৎ অন্য একজন কন্ট্রোলারকে বিমান নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হয়, যেমন: উড়ন্ত অবস্থায় বিমান ক্যাপ্টেনের দায়িত্ব নেন কো-পাইলট। কন্ট্রোলার-স্বল্পতার কারণে বিমান ও বিমানযাত্রীরা নিরাপত্তাহীনতায় পড়ে। একজন কন্ট্রোলার তৈরিতে এক বছর সময় লাগে। কিন্তু কন্ট্রোলারদের বেতন-ভাতা ডেস্কে কাজ করা অফিসারদের সমান। তাঁদের বেতন পাইলটদের সমান হওয়া উচিত। কন্ট্রোলার-স্বল্পতা নিরসনে পদের সংখ্যা বৃদ্ধি করে রিক্রুটমেন্ট ও ট্রেনিংয়ের মাধ্যমে কন্ট্রোলার-স্বল্পতা নিরসন করে বিপর্যয় এড়ানো যায়।এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করছি।আবদুল হাফিজমহাখালী, ঢাকা।