চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গালাগালির সংস্কৃতিপত্রিকার খবরে দেখলাম, মানবাধিকার কমিশনের সভাপতি ড. মিজানুর রহমান কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে চিকিৎসকদের যাচ্ছেতাই ভাষায় গালাগালি করেছেন। আমি ধরেই নিচ্ছি যে সেই চিকিৎসকদের সত্যি সত্যি দোষ ছিল। তিনি সে ক্ষেত্রে সেই চিকিৎসকদের বরখাস্ত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জোরালো সুপারিশ করে আসতে পারতেন। একজন দায়িত্ববান ব্যক্তি পেশাজীবীদের জনসমক্ষে গালাগালি করবেন, এটি তো সভ্য-ভব্য কোনো রীতি বা অনুসরণীয় আদর্শ হতে পারে না। তাঁর এই আচরণের জন্য চিকিৎসক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি।ড. মিজানুর রহমানের সামর্থ্য আছে। দেশি চিকিৎসকদের কাছে ধরনা না দিয়ে দেশের বাইরে গিয়ে তিনি চিকিৎসা কিনে নিতে সক্ষম। কিন্তু এ দেশের বেশির ভাগ মানুষকে তো এসব ‘অমানুষ’ চিকিৎসকের কাছেই যেতে হবে। শুধু চিকিৎসক নন, উকিল, আমলা, সাংবাদিক, রাজনীতিবিদ সব পেশাতেই মানুষ নানা রকম। সব পেশাতেই ভালো-খারাপ মানুষ আছে। কোনো পেশাজীবী সমাজকে ঢালাওভাবে গালাগালি করে তাৎক্ষণিক বাহ্বা পাওয়া যেতে পারে, কিন্তু মূল সমস্যার কোনো প্রতিকার তাতে আদৌ হবে না। বরং সব প্রতিকূলতার মধ্যেও যাঁরা ভালো কিছু করে চলেছেন, তাঁরা আহত হবেন এবং উদ্যম হারাবেন। বাংলাদেশে কোনো সমস্যাই সরল নয়, সেগুলোর নানা জটিল প্রেক্ষাপট আছে।ড. মিজানুর রহমান মানবাধিকার কমিশনের সভাপতি হওয়ার পর দেশের মানবাধিকার-পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, সে নিয়েও তো আমরা প্রশ্ন উত্থাপন করতে পারি। এখন তাঁর প্রতি অশোভন ভাষা প্রয়োগ করলেই কি পরিস্থিতি পাল্টে যাবে? পরিস্থিতি পাল্টাতে চাইলে গালাগালি নয়, প্রতিটি বিষয় নিয়ে আমাদের খোলামেলা কথা বলতে হবে, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর সিদ্ধান্তগুলো বাক্সবন্দী করে না রেখে সেসব প্রয়োগ করতে হবে। শুধু গালাগালির সংস্কৃতি চালু রেখে পরিস্থিতি এক বিন্দু পাল্টানো যাবে না।ডা. এ কে এম আন্ওয়ার-উল আজিমস্ত্রীরোগ বিশেষজ্ঞ, ধানমন্ডি, ঢাকা।