চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ: প্রতিক্রিয়াভেবেছিলাম এ বিষয়টি নিয়ে আর কথা বলব না। কারণ অরণ্যে রোদনের কোনো অর্থ নেই। কিন্তু মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি সাম্প্রতিক মন্তব্য শুনে এ বিষয়টি নিয়ে আবার কথা বলতে আগ্রহী হয়েছি। তিনি বলেছেন, ‘ইসলামী ব্যাংকের মুনাফা জঙ্গিবাদে ব্যবহূত হচ্ছে।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধনের জন্য ইসলামী ব্যাংককে স্পনসর হিসেবে বেছে নিল, তখনই নানা মহল থেকে প্রতিবাদ করা হয়েছিল। সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছিল। কারণ, আমরা চাইনি এ ধরনের কোনো আয়োজনে, বিশেষ করে ভাষার মাসে ও স্বাধীনতার মাসে স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদের মদদদাতা হিসেবে চিহ্নিত কোনো প্রতিষ্ঠান সগৌরবে তাদের অস্তিত্ব জাহির করুক। সরকার যদি ইসলামী ব্যাংকের এ কর্মকাণ্ড সম্পর্কে জানেই, তবে তাদের স্পনসর করার অনুমতি কে দিল?আমরা অনেকেই আলোঝলমল ঢাকার নতুন রূপ দেখে আনন্দিত হয়েছি। কিন্তু এ আলোকসজ্জার সঙ্গে একটা বিয়েবাড়ির সজ্জার কোনো পার্থক্য কি আছে? ল্যাম্পপোস্টে চায়নিজ ল্যাম্পশেড কেন ঝুলবে? এটা কি বাংলাদেশের ঐতিহ্য? রাস্তায় সাম্পান, রিকশা বা বড় হাতপাখা রেখে দিলেই কি গ্রামবাংলার রূপ ফুটে ওঠে? এই ব্যাপক সাজসজ্জার পেছনে ছিল না কোনো থিম ও পরিকল্পনা। যার যা ইচ্ছা সেভাবে রাস্তাঘাট সাজিয়েছে। কয়েকটি আইল্যান্ডে স্থায়ী ভাস্কর্য তৈরি করা হলো। সবই কেন শুধু ক্রিকেট খেলোয়াড়দের? একতারা হাতে বাউলের ভাস্কর্য কোথাও তৈরি করা যেত না? সবচেয়ে দুঃখজনক হচ্ছে, ঢাকাকে দীর্ঘ মেয়াদের জন্য সুন্দর করে সাজানোর একটা সুযোগ আমরা হাতছাড়া করলাম। কেবল অর্থ ব্যয়ের একটা নগ্ন প্রদর্শনীই হলো। আর বিদেশিরা একটা ভুল সংকেত পেলেন—বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হচ্ছে ইসলামী ব্যাংক, স্বাভাবিকভাবে দেশটির একটি ভাবমূর্তিও তাঁরা কল্পনা করলেন।উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার হয়েছে। এত বড় অনুষ্ঠানে কোনো ছন্দপতন ঘটেনি। কিন্তু দুঃখ লেগেছে বাংলাদেশের কয়েকটি উপস্থাপনা দেখে। আমাদের বড় মাপের শিল্পী রুনা লায়লার ‘দমাদম মাস্কালান্দার’ এবং মমতাজের ‘নান্টু ঘটক’ বা ‘খাইরুন লো’ কি এ অনুষ্ঠানের উপযুক্ত গান? নৃত্যেও ফুল হাতে শিল্পীর উঠে আসা আর কত দেখব? উদ্বোধনী অনুষ্ঠানেও বিশ্ববাসীর সামনে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার একটা বিরাট সুযোগ যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারলাম না। যাঁরা এসব বড় বড় ব্যাপারে সিদ্ধান্ত নেন, তাঁরা কি আমাদের মতো আমজনতার কথা মাঝেমধ্যে শুনবেন? রামেন্দু মজুমদারনাট্যব্যক্তিত্ব, ঢাকা।