চি ঠি প ত্র
ভর্তি কোচিং!ইদানীং দেশে ভর্তি কোচিং মহামারি আকারে দেখা দিয়েছে। দুই থেকে তিন বছরের শিশুদের প্রথম শ্রেণীর ভর্তি কোচিংয়ে পাঠানো হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের কলেজের ভর্তি কোচিংয়ে পাঠানো হচ্ছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে তারা ছুটছে বুয়েট, মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ে। এর ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। অধিকন্তু এসব কোচিংয়ের ‘বিফলে মূল্য ফেরত’ ধরনের সস্তা বিজ্ঞাপনে প্রলোভিত হয়ে অভিভাবকেরা সন্তানদের এসব কোচিংয়ে ভর্তি করছেন। প্রচুর অর্থ ও সময় ব্যয় হচ্ছে। ভর্তি পদ্ধতি পরিবর্তন করায় প্রথম শ্রেণীতে কোচিং ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও অন্যান্য শ্রেণীর ভর্তি কোচিং পুরোদমেই চলছে। এ অবস্থায় ভর্তি কোচিং বন্ধের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আনিক চৌধুরী, বাসাবো, ঢাকা।৩৩তম বিসিএসআমি ২০০৪ সালে বিএ (পাস) কোর্সে ভর্তি হই। আমার বিএ চূড়ান্ত পরীক্ষা শুরু হয় ২০০৮ সালে, ফল প্রকাশিত হয় ২০০৯ সালের ৩০ অক্টোবর এবং সনদ হাতে পাই ২০১০ সালে। তা হলে দেখা যাচ্ছে, তিন বছরের বিএ (পাস) কোর্স সম্পন্ন করে সনদ পাওয়া পর্যন্ত সময় লেগেছে ছয় বছর। আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালে দুই বছরের মাস্টার্স কোর্সে ভর্তি হই এবং ওই মাস্টার্সের প্রথম পত্রের পরীক্ষা শুরু হয় ২০১২ সালের ১৫ জানুয়ারি। এতে দেখা যাচ্ছে, আগের ছয় বছর এবং পরে দুই বছর মোট আট বছরে আমার শিক্ষাগত যোগ্যতা দাঁড়ায়, তিন বছরের পাস কোর্সের ডিগ্রি এবং এক বছরের প্রিলিমিনারি মাস্টার্স কোর্স অর্থাৎ মাস্টার্সের প্রথম পর্বের পরীক্ষা সম্পন্ন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত কষ্ট করে পড়াশোনা করার পরও আজ বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারছি না। আমরা রীতিমতো বঞ্চিত হচ্ছি। আগে যেখানে ২৭তম বিসিএস পর্যন্ত দুই বছরের বিএ (পাস) কোর্স সম্পন্ন করে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া যেত, আজ সেখানে তিন বছরের বিএ (পাস) কোর্স এবং এক বছরের প্রিলিমিনারি মাস্টার্স কোর্স সম্পন্ন করেও বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারছি না। চাকরির বয়সও শেষের পথে। এটা সত্যিই অমানবিক ও অনভিপ্রেত। তাই আমার আকুল আবেদন, দয়া করে আমাদের বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিন। যদি চার বছরের অনার্স কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, তাহলে আমরা তিন বছরের বিএ (পাস) কোর্স এবং এক বছরের প্রিলিমিনারি মাস্টার্স কোর্স অর্থাৎ ৩+১=৪ বছরের শিক্ষা সম্পন্ন করে কেন বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারব না? আমাদের দেশে উচ্চশিক্ষার জন্য এবং সঠিক সময়ে কোর্স সম্পন্নকারী প্রতিষ্ঠানে পড়াশোনা করতে অনেক টাকা লাগে, যা হয়তো গ্রামের গরিব মুক্তিযোদ্ধার সন্তানদের নেই। তাই শত শত প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান ওই নিয়মনীতির কারণে বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারছে না। এর ফলে বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ ৩০ শতাংশ কোটার ৮ শতাংশও পূরণ হয় না। তাই একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার আবেদনের বিষয়টি পিএসসির চেয়ারম্যান মহোদয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভেবে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।মো. নাজমুল হাসান তালকুদারভাঙ্গা টাউন, ভাঙ্গা, ফরিদপুর।চাকরির বয়স বৃদ্ধি...বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর নির্দিষ্ট আছে কিন্তু চাকরিতে অবসরের বয়স ৫৯ বছর করা হয়েছে। বিশেষ ক্ষেত্রে আরও অধিক করা হয়েছে। এসব গৌরবচন্দ্রিকা আমাদের সবার জানা। কিন্তু একটি সহজ হিসাব ও ন্যায্য দাবি নিয়ে কোথায় যাব? বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ছাত্রের স্নাতকোত্তর শেষ করতে ২৭/২৮ বছর শেষ হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। কিন্তু প্রবেশের অধিকার ৩০ বছর। প্রকৃতপক্ষে বিষয়টি একেবারেই হঠকারী বৈকি!লক্ষ করুন, গত বছরের ২৬ ডিসেম্বর থেকে চাকরির অবসরের বয়স দুই বছর বাড়ানো হলো। এতে ব্যাপারটি দাঁড়াল এই, আগামী দুই বছর যেসব পদ শূন্য হতো, তা হবে না। অর্থাৎ যাঁদের বর্তমান বয়স ২৮, তাঁরা আগামী দুই বছর কোনো চাকরিতে আবেদন করার সুযোগ পাবেন না। বিষয়টি দাঁড়াল এমন, যাঁরা ২৮ বছর বয়সে স্নাতকোত্তর শেষ করলেন, তাঁরা চাকরির কোনো সুযোগ পেলেন না, যা সম্পূর্ণ অমানবিক। কিন্তু এই অধিকারের কথা কোথায় কার কাছে দাবি করব? এখানেই শেষ না। এই ব্যাপারটি নিয়ে আদালতে রিট করতে গিয়েছিলাম। বিভিন্ন নামীদামি উকিলের কাছে গিয়েছিলাম কিন্তু ব্যাপারটি তাঁদের কাছে জনস্বার্থমূলক নয়। তাই লাখো মেধাবী বেকার অভিশাপের জীবনে হাঁটবে। হয়তো বা কেউ কেউ এই মেধাকেই কাজে লাগাবে মানবকল্যাণের সম্পূর্ণ বিপরীতে, যা কারোই কাম্য নয়।পবন, ঢাকা।