চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা, না টাকা মফস্বলের সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার দুষ্প্রাপ্যতার বিষয়টি কারও অজানা নয়। হাসপাতালগুলো নাকি রাতের বেলায় মুমূর্ষু রোগীকে ভর্তি করায় না। রাতের বেলায় রোগী হাসপাতালে ভর্তি না করানোকে কর্তব্যরত ব্যক্তিদের অনেকে গর্বের কাজ বলে মনে করেন। এ জন্য কোনো গরিব মানুষ মুমূর্ষু রোগীকে নিয়ে মফস্বলের সরকারি হাসপাতালে নিতে ভরসা না পেয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান, যাতে টাকার বিনিময়ে হলেও সেবাটা কিনতে পাওয়া যায়। যদি সেখানে গিয়েও দেখা যায় যে অনিয়মকে নিয়ম বলা হচ্ছে, একটি বেডকে জেনারেল বেড নাম দিয়ে একই সঙ্গে মুমূর্ষু শিশু, মহিলা ও পুরুষ রোগীকে থাকতে দেওয়া হচ্ছে—এটিকে সেবা বলে আদৌ মেনে নেওয়া সম্ভব নয়। ডায়রিয়ায় আক্রান্ত একটি শিশুর মল পরীক্ষা করতে গিয়ে ৩৬ ঘণ্টা পরও প্রতিবেদন না দেওয়াকে নিয়ম বলে চালিয়ে দেওয়া এবং মাঝেমধ্যে নমুনা হারিয়ে ফেলাই হচ্ছে সেবার নমুনা। আর যদিও বা ৩৬ ঘণ্টা পর প্রতিবেদন দেওয়া হয়, তাহলে রোগীর বর্তমান অবস্থার সঙ্গে ৩৬ ঘণ্টার আগের অবস্থার সঙ্গে কি মিলবে? পরিষ্কার-পরিচ্ছন্নতার এতই অভাব যে এসব ক্লিনিকে মাঝেমধ্যে কোনো রুম থেকে ভাপসা গন্ধ বের হয় এবং তা দূর করার কোনো ব্যবস্থা নেই। তবে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করা থাকে। চিকিৎসকদের কথা বাদই দিলাম, সিস্টার ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের যে অবস্থা, একটু এদিক-ওদিক হলে না জানি আবার ‘অঘা’ ডেকে বসেন। গভীর রাতে রোগীর অসুবিধাজনিত কারণে চিকিৎসক বা সিস্টারকে ডাকা যেন অমার্জনীয় অপরাধ এবং তা যেন তাঁদের দায়িত্বে পড়ে না। মফস্বলের প্রাইভেট ক্লিনিকের এ অবস্থা এবং তা পরিবর্তনের কোনো ব্যবস্থা নেই। কারণ, তাদের ব্যবসা তো চলছে এবং মানুষকে আবার বাধ্য হয়ে আসতে হচ্ছে। এসব ক্লিনিকে কর্তব্যরত ব্যক্তিদের আচরণ দেখলে মধ্যপ্রাচ্যের বিজ্ঞ ব্যক্তি লোকমান হাকিমের উপদেশ মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, আদব দেখার জন্য বেয়াদবের কাছে যাও। অর্থাৎ বেয়াদব যা করে, তা করা যাবে না। ঠিক তেমনি এই যুগে আমরা বলতে পারি, আদব দেখার জন্য মহান সেবা ব্যবসায় জড়িত এসব ব্যক্তির কাছে যাও! সর্বোপরি কথা হচ্ছে, আপনারা তো টাকা বানানোর জন্য বসেছেন এবং বানান, তবে সেবাকে বিসর্জন দিয়ে কেন বা ওই টাকার বিনিময়ে যতটুকু সেবা পাওয়া দরকার, তা না দিয়ে কেন?মো. রাকিব উদ্দিনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।