চি ঠি প ত্র
শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতিগভীর ক্ষোভের সঙ্গে প্রশ্ন করছি, ‘ছাত্ররাজনীতির’ নামে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কী হচ্ছে? অতীতে এসব ছাত্রসংগঠন দেশের স্বাধিকারের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজ কেন তারা নিজেদের মধ্যে সংঘর্ষ বাধাচ্ছে? আমাদের দেশের বিদ্যাপীঠগুলোয় কেন তারা দা, ছুরি, চাপাতি, রামদা প্রভৃতি নিয়ে মহড়া দিয়ে কলঙ্কিত করছে। ওদের জন্য সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। যে জায়গায় মানুষের মনুষত্ব তৈরি হয়, সেখানে কেন ছাত্রসংগঠন নামধারী সংগঠনের ক্যাডাররা একে অন্যের ওপর চড়াও হচ্ছে? আর কত দিন এভাবে চলবে? আমাদের প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলতে চাই, অনেক আইন তৈরি করলেন, এবার না হয় আরেকটি আইন তৈরি করেন, যে আইন দ্বারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কলঙ্কমুক্ত হবে। যারা শিক্ষাপ্রতিষ্ঠানে রামদা, ছুরি, চাপাতি নিয়ে মহড়া দেয়, এরা কি সত্যিই রাজনীতি করে? না ক্ষমতার জোরে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ওদের নারকীয় তাণ্ডব ঘটায়?এদের এখনই থামাতে হবে। নইলে ভবিষ্যতে কী হবে কে জানে? তাই প্রধানমন্ত্রীকে বলছি, আপনি এখনই পদক্ষেপ নিন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওদের কালো থাবা থেকে রক্ষা করুন। দেরি নয় আর, এখনই। রাজীবশিক্ষার্থী, ডোমার, নীলফামারী।