চি ঠি প ত্র
স্বাধীন বাংলা বেতারপ্রথম আলোর স্বাধীনতা দিবস ২০১২ সংখ্যায় মোহাম্মদ মাহবুবুল হকের লেখা ‘কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা’ নিয়ে আমার এই অবতারণা।প্রবন্ধকারকে অনেক তথ্য সংগ্রহ করে গবেষণাধর্মী এ লেখাটি লেখার জন্য ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে লেখাটির তথ্যগত অসম্পূর্ণতার প্রতিও দৃষ্টি আকর্ষণ করতে চাই। ১৯৭১ সালের ২৫ মার্চ। আমার বাবা মরহুম এম এ হালিম একজন কাস্টম কর্মকর্তা ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের পর গোটা জাতি যখন কিংকর্তব্যবিমূঢ়, তখন আমার বাবা অনুভব করেন যে জাতীয় মনোবল ধরে রাখতে এবং দেশে ও বিদেশে ‘একটি প্রতিরোধ যুদ্ধ চলছে’—এ খবরটি যদি প্রচার করা না যায়, তাহলে বিভ্রান্তিতে জাতি মনোবল হারিয়ে অনিচ্ছা সত্ত্বেও ক্রমশই হানাদার বাহিনীর দিকে ঝুঁকে পড়বে। এই ভাবনা থেকে তিনি ২৫ মার্চ গভীর রাতেই বাসা থেকে বেরিয়ে দেখা করেন এম এ হান্নান, জহুর আহমদ চৌধুরী, এ কে খান প্রমুখের সঙ্গে। আলোচনার পর সবাই একমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, যেকোনো মূল্যে একটি বেতার যন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এ সঙ্গে এটাও সিদ্ধান্ত গৃহীত হয় যে এম এ হালিম বেতার প্রকৌশলীদের খুঁজে বের করে এ কাজটি করবেন। একজন সরকারি চাকরিজীবী হয়েও চাকরি ও জীবনের মায়া ত্যাগ করে আমার বাবা রাতের অন্ধকারে চট্টগ্রাম শহরের অলি-গলিতে ঘুরে বেতার প্রকৌশলী ও কলাকুশলীদের খুঁজে এনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গোড়া পত্তন করেন। এ কাজে যুক্ত থাকায় তিনি কয়েক দিন বাসাতেও ফেরেননি। তখন আমার বয়স সাত-আট বছর। পরপর কয়েক রাত এভাবে নিখোঁজ থাকায় আমার আম্মা ভীষণ দুশ্চিন্তায় ও প্রাণনাশের আশঙ্কায় অসুস্থ হয়ে পড়েন। উল্লেখ্য, আমার বাবা যে বেতার প্রকৌশলী ও কলাকুশলীদের জোগাড় করে বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন, সেসব ডকুমেন্টও আমাদের কাছে রক্ষিত আছে। আমার বাবার লিখিত অনেক প্রবন্ধে, যা চট্টগ্রাম স্থানীয় দৈনিক ও জাতীয় দৈনিকে এসব ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে। তিনি তাঁর প্রবন্ধগুলোতে দেশবাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, ‘কেউ যদি তথ্যগুলোতে কোনো বিভ্রান্তি আছে বলে ধরে দিতে পারেন, তাহলে যেকোনো পরিণতির জন্য তিনি প্রস্তুত আছেন।’ বিস্ময়ের ব্যাপার হলো, সেগুলো প্রকাশিত হওয়ার পর শত শত পাঠক তাঁদের অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কেউ তাঁর কোনো তথ্যকে চ্যালেঞ্জ করেননি। এসব ঐতিহাসিক তথ্য আমাদের কাছে সংরক্ষিত আছে, যা পরবর্তী প্রজন্মের জন্য গবেষণামূলক কাজে আমরা দিতে চাই।মোহাম্মদ মাহবুবুল হক বিভিন্ন দিনে প্রচারিত অনুষ্ঠানমালার বিশদ বর্ণনা দিয়েছেন। এগুলোর ঐতিহাসিক মূল্য আমরা ছোট করে দেখছি না। তবে যে ব্যাপারটা তাঁর প্রবন্ধটিকে অসম্পূর্ণ করে দিয়েছে, তা হলো বেতার কেন্দ্রটি প্রতিষ্ঠার পেছনে যাঁরা শ্রম, ঘাম ও জীবনের ঝুঁকি নিয়েছেন, সে অংশটি অসমর্থিত কিছু বিচ্ছিন্ন তথ্য দিয়ে তিনি উপস্থাপন করেছেন। যেখানে এম এ হালিম বলতে গেলে অনুপস্থিত।আমরা প্রবন্ধকারকে আমন্ত্রণ করছি, আপনি এ সংক্রান্ত যে বিপুল তথ্যভান্ডার আমাদের কাছে আছে, তা অধ্যয়ন করে আপনার সমৃদ্ধ প্রবন্ধকে সমৃদ্ধতর করুন। এই সঙ্গে পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস বিনির্মাণে এবং সরকারকে সঠিক ব্যক্তিকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানে সহায়তা করুন।এস এ জাহান চৌধুরী(মরহুম এম এ হালিমের কন্যা) ইস্কাটন গার্ডেন, ঢাকা।