চি ঠি প ত্র
দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় গত ২৮ ফেব্রুয়ারি দেশের বহুল ও সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকার ১৯ পৃষ্ঠার দ্বিতীয় কলামে ‘দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় দুমলোং’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। আমার বাড়ি রাঙামাটি পার্বত্য জেলায় এবং আমি একজন আদিবাসী। আর দুমলোং পাহাড়টি রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায়। লেখাটি পড়ার পর কয়েকটি বিষয়ের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। লেখার শুরুতে বলা হয়েছে, ‘বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের সন্ধান পেয়েছে ঢাকার নেচার অ্যাডভেঞ্চার ক্লাব।’ এখানে ‘সন্ধান পেয়েছে’ শব্দদ্বয়ের সঙ্গে অন্যান্য বিষয়ে আমার সামান্য আপত্তি আছে। আমি যদি বলি, তাহলে হয়তো অবান্তর হবে না।আজ থেকে যুগ যুগ ধরে স্থানীয় আদিবাসীরা সুখ-দুঃখকে সঙ্গী করে এই পাহাড়ে বা জঙ্গলে বসবাস করে আসছে বা টিকে আছে। পাহাড়ের প্রকৃতির সঙ্গে আদিবাসীদের একটা বোঝাপড়া আছে, তারা একে-অপরের ভাষা বোঝে।তাই স্বাভাবিকভাবে পার্বত্য অঞ্চলের প্রতিটি পাহাড় আদিবাসীদের নখদর্পণে। তাহলে কি নেচার অ্যাডভেঞ্চার ক্লাবের ভাষ্যমতে এত দিন এই দুমলোং পাহাড়টি সবার অগোচরে বা অনাবিষ্কৃত ছিল? কেউ এর আগে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠেনি বা যায়নি? এখানে ঢাকা থেকে আসা নেচার অ্যাডভেঞ্চার ক্লাবের চারজন তরুণ জিপিএস মনিটরের মাধ্যমে পাহাড়ের উচ্চতা নিরূপণ করেছেন। আমি তাঁদের চেষ্টা আর কষ্টকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের এই চেষ্টার ফলে আমরা নতুন একটা তথ্যের সঙ্গে পরিচিত হয়েছি। তবে সন্ধান বা আবিষ্কারের পুরো কৃতিত্ব নেচার অ্যাডভেঞ্চার ক্লাব দাবি করতে পারবে না। পরিশেষে আমি বলব, আগেও এ রকম অনেক প্রতিবেদন হয়েছে, ভবিষ্যতেও সম্ভবত হবে। যদি হয় তবে যেন আদিবাসীদের শত বছরের পথচলাকে স্বীকার করে নেওয়া হয়। আর একটা অনুরোধ থাকবে, দুমলোং পাহাড়টির নাম যেন স্থানীয় আদিবাসীদের ডাকা নামে থাকে। তাজিংডংয়ের মতো যেন এর নাম পরিবর্তন না হয়। কর্মধন তঞ্চঙ্গ্যারাঙামাটি।ফায়ার স্টেশন চাইদেশের উত্তরাঞ্চলে একটি প্রাচীন জনপদ হচ্ছে নীলফামারী জেলা। এ জেলার ছয়টি উপজেলার মধ্যে জলঢাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিকভাবে জলঢাকা উপজেলার সঙ্গে উত্তরাঞ্চলের প্রায় প্রতিটি জেলার যোগাযোগ গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাণিজ্যিক কর্মকাণ্ডের দিক থেকে এ উপজেলার গুরুত্ব অপরিসীম। উল্লেখ্য, জলঢাকা উপজেলার ওপর দিয়ে বুড়িমারী স্থলবন্দরের হাজার হাজার পণ্যবাহী ট্রাকের সহজ ও কম দূরত্বের যাতায়াতব্যবস্থা এ উপজেলার গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে। তা ছাড়া দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের সঙ্গে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের আটটি জেলা ও ৫৮টি উপজেলা শহরের চেয়ে জলঢাকা উপজেলা শহর থেকে সবচেয়ে কম দূরত্ব কিন্তু দুঃখজনক হলেও সত্য, সার্বিক অবকাঠামোগত উন্নয়নব্যবস্থার ক্ষেত্রে জলঢাকা উপজেলা অনেক পিছিয়ে। এই উপজেলায় সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক স্কুল ও কলেজ) এখন পর্যন্ত গড়ে ওঠেনি। জলঢাকা পৌরসভা হলেও নাগরিকসুবিধা কাঠামোগতভাবে গড়ে ওঠেনি। জলঢাকা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা অনেক আগেই দরকার ছিল। কেননা কয়েক বছরে বিভিন্ন অগ্নি-দুর্ঘটনায় কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। তাই জলঢাকা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. জিয়াউর রহমান জলঢাকা, নীলফামারী।সংশোধনীগতকাল খোলা কলমে চারদিক বিভাগে আকমল হোসেনের পরিচয় প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি লেখা হয়েছে। তিনি প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি।