চি ঠি প ত্র
স্কাইওয়াকস্কাইওয়াক বলতে বোঝায় আকাশপথে হাঁটা। প্রকৃতপক্ষে আকাশপথে নয়, মাটি থেকে বেশ খানিকটা ওপর দিয়ে হেঁটে ব্যস্ত শহরের যানজট পার হয়ে যাওয়ার ব্যাপারটাকেই স্কাইওয়াক বোঝায়। উন্নত বিশ্বের অনেক শহরেই স্কাইওয়াক ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।একটু খুলেই বলি, ধরুন আপনি যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড যাবেন, যানবাহনশূন্য রাস্তায় এ পথটুকু হেঁটে যেতে ১০ মিনিটের কম সময় লাগবে। কিন্তু যানজটের সময় লাগবে ২০ মিনিটের বেশি। আর সায়েদাবাদ, যাত্রাবাড়ীর বর্তমান বিপজ্জনক রাস্তায় একজন নারী, শিশু বা বৃদ্ধের জন্য এ পথটুকু হেঁটে যাওয়া শুধু কষ্টকরই নয়, কোনো কোনো ক্ষেত্রে অসম্ভবও বটে। সে জন্য এ বিপদসঙ্কুল পথ পাড়ি দিতে সে হয়তো একটা রিকশা, গাড়ি বা স্কুটারের সাহায্য নেবেন। এতে করে সময়, খরচ ও যানজট সবই বাড়বে, কিন্তু উপায় কী? অথবা ধরুন আপনি জিগাতলা থেকে আজিমপুর যাবেন, রিকশা, গাড়ি বা বাসে যত সময় লাগবে, তার চেয়ে অনেক কম সময়ে আপনি পৌঁছে যাবেন, যদি পিলখানা, নিউমার্কেটের ওপর দিয়ে শূন্যে অমন একটি হাঁটা পথ থাকত। এতে করে সময়, খরচ ও যানজট সবই কমে যেত।স্কাইওয়াকগুলো অনেকটা ফুটওভারব্রিজের মতো, কিন্তু কিছুটা চওড়া, উঁচু ও অনেক লম্বা—এমনকি দুই-চার কিলোমিটার পর্যন্ত। হাঁটাকে আনন্দময় করার জন্য অনেক কিছু থাকে এতে। রোদ-বৃষ্টি থেকে বাঁচার জন্য ওপরে ছাদ থাকে, দুই পাশ থেকে রেলিং দেওয়া। মাঝে মাঝে বসার জায়গা, সংবাদপত্র, বই কিংবা খবরের দোকান থাকে। এ স্কাইওয়াকগুলোতে আস্তে আস্তে ওপরে উঠে যায়, কখনো গাছপালার ফাঁক দিয়ে চমৎকার পরিবেশে বানানো হয় এটি। রাস্তা, ফুটপাত, সরকারি স্থাপনা, পার্ক, জলাশয় ইত্যাদির ওপর দিয়ে চলে যায় এ পথ। ঢাকা শহরের যানজট নিরসনে স্কাইওয়াক হতে পারে এক চমৎকার সংযোজন। পরীক্ষামূলকভাবে কোনো এক ব্যস্ত এলাকায় চালু করে দেখা যেতে পারে এর উপযোগিতা।আমাদের দেশের প্রথম স্কাইওয়াকটি হবে আমাদের কল্পনার রঙে রাঙানো। লাল-সবুজ রঙের স্কাইওয়াকটির ছাদ হবে স্বচ্ছ, যেন শীতের রোদ আর বর্ষায় ঝুমঝুম বৃষ্টির সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি হেঁটে যেতে যেতে। এর নামকরণ হবে এ ভূখণ্ডের অন্যতম সেরা মনীষী ‘অতীশ দীপংকর শ্রীজ্ঞান’-এর নামে। প্রাচীন বাংলা থেকে আজ পর্যন্ত এ দেশের সেরা জ্ঞানী ব্যক্তিদের ছবি ও পরিচয় দিয়ে সাজানো থাকবে এটি। সততা আর দেশপ্রেমের পঙিক্তমালা উৎকীর্ণ থাকবে পথে পথে।সদাশয় সরকার বা নগরপিতা, অনুগ্রহপূর্বক ভেবে দেখবেন কি ব্যাপারটা একটু।সারওয়ার ইবনে সালাম রামপুরা, ঢাকা।রাস্তা সংস্কারআমরা মাদারীপুর জেলার রাজৈর থানার হোসেনপুর ইউনিয়ন পরিষদের সত্যবর্তী গ্রামের বাসিন্দা। এ গ্রামে ১৫-২০ হাজার লোকের বসবাস। কিন্তু দুঃখের বিষয়, এ গ্রামের লোকজনকে হোসেনপুর ইউনিয়ন বা লক্ষের বাজার গ্রামে কোনো রাস্তার ব্যবস্থা না থাকায় খুব কষ্ট করে যাতায়াত করতে হয়। তা ছাড়া এ গ্রামের পাশ দিয়ে বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করে থাকে। একমাত্র নৌকাই তাদের সম্বল। সত্যবর্তী গ্রাম থেকে হোসেনপুর অথবা লক্ষের বাজার পর্যন্ত রাস্তা সংস্কার করে গ্রামবাসীর যাতায়াতের ব্যবস্থা করলে এলাকাবাসী উপকৃত হবে।মো. নুরুল ইসলাম, মাদারীপুর।