চি ঠি প ত্র
শিক্ষক রাজনীতিগত ১৫ মার্চ শিক্ষক আবদুল মান্নানের লিখিত ‘অস্ত্র নয়, জ্ঞানের আধার হোক সব বিশ্ববিদ্যালয়’ লেখাটি খুঁটিয়ে পড়েও সৃজনশীল কিছু পেলাম বলে মনে হয়নি এবং ছাত্ররাজনীতি বন্ধ করা উচিত কি না, তার জবাবও ছিল গতানুগতিক। ছাত্ররাজনীতি সব সময় লেজুড়বৃত্তিই ছিল, এমনকি স্বাধীনতার আগেও লেজুড়বৃত্তির অস্তিত্ব ছিল। লেজুড়বৃত্তি সমস্যা নয়, সমস্যা হলো ওই মূল দলগুলোর দূষিত ও কুৎসিত রাজনীতি। স্বাধীনতার আগে মূল দলগুলোর রাজনীতি ছিল আদর্শ ও লক্ষ্যভিত্তিক। অন্যদিকে সরকারি দলের রাজনীতি ছিল অস্বচ্ছ ও সন্ত্রাসনির্ভর। তাই এনএসএফের গুন্ডারা বিশ্ববিদ্যালয়ে হামলা করত। ছাত্ররাজনীতির একজন সাবেক কর্মী হিসেবে বলতে পারি, মূল দলের রাজনীতি কলুষিত না হলে ছাত্ররাজনীতি কখনো নোংরা এবং সন্ত্রাসনির্ভর হয় না। উদাহরণস্বরূপ মান্নান স্যাররা যখন স্বৈরাচার ও মৌলবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন, তখন আমরা ছাত্র ইউনিয়নের কিছু নেতা-কর্মী শত চেষ্টা করেও একটি অস্ত্র কিনতে পারিনি। কারণ, মূল দলের সঙ্গে অধিকাংশ কর্মীর অস্ত্রের অনুমোদন ছিল না। আশা করি সংখ্যায় কম হলেও বাম ছাত্ররা সেই রাজনীতি এখনো ধরে রেখেছেন। ছাত্ররাজনীতি বন্ধ করা নিয়ে বলব, সেই সময় পর্যন্ত ছাত্ররাজনীতি বন্ধ থাকবে যত দিন না মূল দলের রাজনীতি সুস্থ হবে। তবে ছাত্ররাজনীতি বন্ধ করা সময়সাপেক্ষ এবং দুরূহ। সেই তুলনায় শিক্ষক রাজনীতি বন্ধ করা সহজ এবং উচিত। মান্নান স্যার ছাত্রদের নোংরা করার জন্য রাজনীতিবিদদের দায়ী করলেও শিক্ষকেরা এর চেয়ে বেশি দায়ী বলে মনে করি। শিক্ষকেরা এক গ্রুপ, অন্য গ্রুপের বিরুদ্ধে এবং এক শিক্ষক অন্য শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের লেলিয়ে দেন। এ শিক্ষক রাজনীতির কারণে নিয়োগ পাচ্ছে সন্ত্রাসী শিক্ষক। ঢাকার অদূরে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক ৪৭ বছরের প্রভাষক নিয়োগদান এবং ক্ষমতায় এলে ৫০ বছরের প্রভাষক নিয়োগের পরিকল্পনা তাঁর প্রতিপক্ষরা ঠিক করে রেখেছেন বলে শুনতে পাই। আবার সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাতাহাতির ঘটনাও পত্রিকায় পড়ি। কিছুদিন আগে শিক্ষকের হাতে আরেক শিক্ষক ড. তাহেরকে খুন হতে দেখেছি। তাই, শিক্ষক রাজনীতি অচিরেই বন্ধ করা উচিত এবং এতে শিক্ষার ভালো পরিবেশের সঙ্গে সঙ্গে ছাত্ররাজনীতির গোড়াও দুর্বল হতে হতে একসময় শুকিয়ে যাবে এবং বাড়বে শিক্ষার গুণগত মান।অনেক শিক্ষককে দেখেছি, আর্থিক অসচ্ছলতা নিয়ে হা-হুতাশ করে নিজেকে অন্যের কাছে হেয় করতে। যারা বৈষয়িক বিষয় নিয়ে বেশি ভাবিত, তাদের পেশা পরিবর্তনের চেষ্টা করা জরুরি। অভাব এবং সমস্যা সবার নিত্যসঙ্গী এবং তা আছে বলেই জীবন এত প্রতিযোগিতাময় ও সুন্দর। আমরা যারা লোকজন নিয়োগ করি তারা কিছুটা আঁচ করতে পারি, কোন কর্মকর্তার শিক্ষার মান কী রকম। আমি ব্যক্তিগতভাবে সব সময় সরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে প্রাধান্য দিয়ে কর্মকর্তা নিয়োগের চেষ্টা করি। তখন বুঝি বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কী হাল। শিক্ষকদের জিজ্ঞাসা করলে উত্তর আসে, ছাত্ররা না পড়ে সনদ চায় বলে পাস করিয়ে দিই। কিন্তু একজন ভালো শিক্ষক অবশ্যই চেষ্টা করবেন তাঁর ছাত্র যেন প্রতিযোগিতায় টেকে এবং প্রতিষ্ঠিত হয়। নুরুল আমিনশিল্পোদ্যোক্তা, ঢাকা।