চি ঠি প ত্র
উন্মুক্ত নির্বাচন১ এপ্রিল প্রথম আলোর চিঠিপত্র কলামে প্রকাশিত লেখক অথই নুরুল আমিনের ‘উন্মুক্ত নির্বাচন’ শীর্ষক লেখাটি আমার দৃষ্টি আকৃষ্ট করেছে। আমিন তাঁর লেখায় দেশের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত একটি অদ্ভুদ প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি লিখেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজয়ী হিসেবে ৩০০ সাংসদ হবেন সংসদ ভোটার। সংসদে তাঁদের নিয়ে দলীয় প্রতীকে নির্বাচন হবে। যে দল বা প্রতীক ভোট বেশি পাবে, সে দল ক্ষমতায় আসবে।আমার মতে, পত্র লেখকের প্রস্তাব বাস্তবায়িত করা হলে দেখা দেবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে নির্বাচিত সাংসদদের দলে টানার অসম প্রতিযোগিতা। এমনকি দলে টানার জন্য লাখ লাখ টাকার উৎকোচ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে চলে আসবে। দলের আদর্শের চেয়ে টাকার লেনদেন বড় হয়ে দেখা দেবে। দেশে অরাজকতা সৃষ্টি হবে। অতএব, এ ধরনের উদ্ভট প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না। মাহতাব আলীমিরপুর, ঢাকা।৩৩তম বিসিএস ৮ মার্চ ২০১২ সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়, যা ৭ এপ্রিল ২০১২ পর্যন্ত চলেছে। এবারের অনলাইন ব্যবস্থা খুব সুন্দর ও পরিমার্জিত। বিজ্ঞাপনে বলা হয়েছে, বিপিএসসি ফরম-১-এর সব তথ্য ত্রুটিমুক্ত হতে হবে। কিন্তু বিজ্ঞাপনে এইচএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলে ডিভিশন অথবা জিপিএ উল্লেখ না থাকায় আমার মতো অসংখ্য পরীক্ষার্থীর আবেদনপত্রে ত্রুটি হয়েছে, যা অল্প শিক্ষিত কম্পিউটার অপারেটরের ভুলের কারণে হয়েছে। আমরা ত্রুটিপূর্ণ আবেদনপত্রের মাধ্যমে প্রবেশপত্র পেয়েছি, যা বিপিএসসি কর্তৃক প্রাথমিকভাবে প্রিলিমিনারি টেস্টের জন্য বিবেচিত হলেও বিপিএসসি ফরম-২ পূরণে অর্থাৎ লিখিত পরীক্ষার আবেদনপত্র পূরণে এই ত্রুটি ধরা পড়বে। তাই কমিশন যদি গত ৩১তম বিসিএস পরীক্ষার মতো জিপিএকে ডিভিশনে পরিণত করে, তাহলে আমার মতো অসংখ্য পরীক্ষার্থীর সামান্য ত্রুটির কারণে প্রাথমিক আবেদনপত্র বাতিল হবে না। ফলে আমার মতো অসংখ্য পরীক্ষার্থীর জীবন থেকে একটি মূল্যবান বছর নষ্ট হয়ে যাবে না। এ ব্যাপারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। মিলন চন্দ্র সরকারলালবাগ, রংপুর।