চি ঠি প ত্র
খেজুর গাছঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী খেজুর রস যথার্থই আলোচনার বিষয়। শীত এলেই এ উপজেলার সর্বত্র শীত উদ্যাপনের ধুম পড়ে যায়। খেজুরের রস আহরণ ও গুড় উৎপাদনে ব্যস্ত হয়ে পড়েন কিষান-কিষানিরা। এখন আর সেই ঐতিহ্য এখানে নেই। এ অঞ্চলে যা কয়েকটি খেজুরগাছ ছিল, তা ইটভাটার কাঁচামাল হিসেবে পোড়ানো হচ্ছে। এ অঞ্চলের মাটিতে এসিডিটি ও স্যালাইনিটির পরিমাণ কম, যা খেজুরগাছ জন্মানোর জন্য উপযোগী। কোনো পরিচর্যা ছাড়াই এ মাটিতে খেজুরগাছ বেড়ে উঠতে পারে। তাই এ অঞ্চলের কৃষকদের খেজুর রস থেকে গুড় উৎপাদন করার শিল্প গড়ে উঠেছিল। দেশের বিভিন্ন স্থানে এ গুড়ের বেশ চাহিদা ছিল। কিন্তু ঠাকুরগাঁওয়ের খেজুরগাছ আজ বিলুপ্তির পথে। এ কারণে এ উপজেলার গ্রামীণ অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। একসময় বাড়ির আঙিনা, রাস্তার ধারে, পুকুর পাড়ে, খেতের আইলে দেখা যেত খেজুরগাছের সারি। কিন্তু ব্যাপকভাবে এ গাছ কাটা এবং পরিকল্পিত উপায়ে গাছ না লাগানোর কারণে এ এলাকা এখন খেজুরগাছশূন্য হয়ে পড়েছে। প্রতিবছর ইটভাটার জ্বালানি হিসেবে এ গাছ পোড়ানো হচ্ছে। অবশ্য কৃষকেরাও রস-গুড় উৎপাদন করে লাভবান না হওয়ায় সরে যাচ্ছেন এ পেশা থেকে। যদি সরকারি ও বেসরকারিভাবে খেজুর চাষে সহায়তা করা হতো, তাহলে এ উপজেলার গ্রামীণ অর্থনীতি চাঙা হয়ে উঠত।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।অপেক্ষায় আছিপ্রতিনিয়ত বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে মানুষ। শুধু বদলায় না আমাদের রাজনীতিবিদদের আচরণ। তাঁরা ক্ষমতার বাইরে থাকতে যেসব প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গিয়ে ভুলে যান। গরিব, অসহায় ও বেকারদের কথা মনে রাখেন না।আমরা অপেক্ষায় আছি, টেংরাটিলার মতো আগুনে এক দিন সব অন্যায় পুড়ে যাবে, ছাই হয়ে যাবে মানুষের নিষ্ঠুরতা। তারপর নতুন করে জন্ম নেবে সৎ, সুন্দর ও শুদ্ধ আত্মার মানুষ। যখন দেখি, প্রকৃত মেধার মূল্যায়ন হয় না, যোগ্য ব্যক্তিরা বছরের পর বছর বেকারত্বের বোঝা বহন করতে বাধ্য হন, কিন্তু অযোগ্য ও অমেধাবীরা মামার জোরে ভালো পদগুলো বাগিয়ে নেয়, তখন খুব রাগ হয়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। আবার সৎ ও সুস্থ চিন্তার মানুষের কথা ভেবে নতুন করে আশায় বুক বাঁধি। মো. ইসরাইল হোসেনবাগমারা, রাজশাহী।