চি ঠি প ত্র
নিরাপত্তা কোথায়?সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য এমন করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা দরকার। কারণ, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। সিসি ক্যামেরার মাধ্যমে শিক্ষার্থীদের মুক্তভাবে জ্ঞানচর্চার ও মেধা বিকাশের নিরাপত্তা যে কতখানি থাকবে, তা কর্তৃপক্ষই জানে। বিশ্ববিদ্যালয় কথাটি শুনলে আমাদের চোখে ভাসে সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, সেমিনার, হল, ক্যানটিনসহ বিভিন্ন মননশীল ও সাংস্কৃতিক সুযোগ-সুবিধা, যার কোনোটিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেই। এখানকার শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে তাদের ডিপার্টমেন্টের সামনে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, আলোচনা করে, গল্প করে, সর্বোপরি মুক্তভাবে জ্ঞানচর্চা করে। কিন্তু সিসি ক্যামেরা বসানোর কারণে তারা আর আগের মতো নিজেদের মধ্যে আলোচনা করতে পারে না। শিক্ষার্থীরা কোথায় কী করছে, তা কেন সিসি ক্যামেরার মাধ্যমে কর্তৃপক্ষ দেখবে। কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের আসল নিরাপত্তা কোথায়, তা তারা ভালো করেই জানে। বিশ্ববিদ্যালয়ের যে বৈশিষ্ট্য থাকা উচিত, সেই বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলার মাধ্যমে আগে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। ‘হল চাই, বাস চাই’, দাবিগুলো বাস্তবায়ন করুন। অযথা যেখানে-সেখানে সিসি ক্যামেরা বসিয়ে সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তভাবে জ্ঞানচর্চার ওপর বাধা দেবেন না। আঞ্জুমান লায়লা নওশিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। দিনের আলোমাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মহোদয়ের সৃষ্টি আকর্ষণ করে বলছি, ইতিমধ্যে দেশে বিদ্যুৎ সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এ অবস্থায় ‘ডে লাইট সেভিং টাইম’ (ডিএসটি) পদ্ধতির মাধ্যমে এটির খানিকটা সুরাহা হতে পারে। সরকার যদি ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনে, তাহলে একজন যন্ত্রপ্রকৌশলী হিসেবে আমি বলতে পারি, পিক আওয়ারে এক ঘণ্টা কম বিদ্যুৎ ব্যবহূত হবে। ফলে একটি সাধারণ হিসেবে দেখা যাচ্ছে, ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনলে দৈনিক প্রায় ১৫০-১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে, যে বিদ্যুৎ আমরা কৃষককে দিয়ে কৃষির উৎপাদন বাড়াতে পারি। এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমরা বছরের অন্তত (এপ্রিল-নভেম্বর) প্রায় ছয় থেকে সাত মাস দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারি। শীতকালে আবার সময় আগের অবস্থায় ফেরানো যেতে পারে। এতে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কোনো অসুবিধা হবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করার জন্য অনুরোধ করছি। দেশের প্রকৌশলীদেরও ওই বিষয়ে সরকারকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার অনুরোধ করছি। শাহদাত হোসেনপ্রকৌশলী, নোয়াখালী।