চি ঠি প ত্র
আরও পিএইচডি চাইবিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল স্যার বেশ কয়েক মাস আগে প্রথম আলোয় একটি কলামে লিখেছেন ‘আরও পিএইচডি চাই’। ওই কলামে তিনি গবেষণার ওপর যথেষ্ট গুরুত্বারোপ করেছিলেন। তাঁর কথার পেছনে গ্রহণযোগ্য যুক্তিও ছিল। কারণ, প্রচলিত শিক্ষাব্যবস্থায় আমরা পুঁথিগত বিদ্যা মুখস্থ করে বা আয়ত্ত করে পরীক্ষায় পাস করে সনদ অর্জন করি। কিন্তু গবেষণার মাধ্যমে একজন গবেষক নতুন তথ্য-উপাত্তের সন্ধান দিয়ে থাকেন। অর্থাৎ গবেষণার মাধ্যমে জ্ঞানের সৃষ্টি হয়। তাই শ্রদ্ধেয় জাফর স্যার ছাত্রদের উচ্চশিক্ষার পর গবেষণামুখী করার জন্য সরকারের প্রতি বৃত্তি দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের দেশে পিএইচডি গবেষকদের গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো অর্থ বরাদ্দ করা হয় না। এ ক্ষেত্রে ছাত্রদের একমাত্র ভরসা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। কিন্তু সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বৃত্তির জন্য প্রদত্ত বিজ্ঞাপনে যে শর্ত আরোপ করেছে, তাতে শিক্ষার্থীর গবেষণাকর্মকে গৌণ করে এর আগে অর্জিত নম্বরপত্রকেই মানদণ্ড হিসেবে ধরা হয়েছে, যেখানে পরোক্ষভাবে গবেষণাকে অবমূল্যায়ন করা হয়েছে। যেহেতু বৃত্তি দেওয়া হবে গবেষণার ওপর, তাই গবেষণাকেই মানদণ্ড হিসেবে ধরা সমীচীন ছিল বলে আমরা মনে করি, যা এত দিন ধরে চলেও আসছিল। কিন্তু এবারের বিজ্ঞাপনে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, গবেষকের এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্সে নির্দিষ্ট (উচ্চ) নম্বর থাকতে হবে। অর্থাৎ বিষয়টি দাঁড়াল, একজন গবেষক অতীতে কত নম্বর অর্জন করেছেন বা তাঁর মুখস্থ করার ক্ষমতা কেমন ছিল, পরোক্ষভাবে সেটাই হচ্ছে তাঁর পিএইচডিতে বৃত্তি পাওয়ার প্রাথমিক যোগ্যতা। একজন গবেষক কী নিয়ে গবেষণা করেছেন বা তাঁর গবেষণাকর্ম ভবিষ্যতে দেশের কী কাজে লাগবে, তা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। অথচ বৃত্তি দেওয়া হবে গবেষণায় উৎসাহ জোগানোর জন্য। পক্ষান্তরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এমন যোগ্যতা উল্লেখ করেছে, যা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সময় বা পিএসসির মতো প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতেও চাওয়া হয় না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষাবিদেরা বরাবরই নম্বরসর্বস্ব শিক্ষাব্যবস্থাকে কটাক্ষ করে বলেন, দেশের শিক্ষার হার বাড়লেও শিক্ষার মান বাড়েনি। মানে নম্বরপত্রকে বিজ্ঞমহল শিক্ষার মানদণ্ড হিসেবে মেনে নিতে নারাজ। অথচ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা ছাত্রদের অতীতের নম্বরপত্রকেই প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচনা করেছেন।এখন পাটের জিন নকশা আবিষ্কারের পর যদি একদল শিক্ষক-গবেষক অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অন্য কোনো উদ্ভিদের জিন নকশা আবিষ্কার করার কাজে মনোনিবেশ করেন, কিন্তু ওই গবেষকেরা যদি উচ্চ নম্বরধারী না হন, তাহলে তাঁরা বৃত্তি পাওয়া তো দূরের কথা, বৃত্তির জন্য আবেদন করার সুযোগই পাবেন না। আমার প্রশ্ন, বৃত্তির সঙ্গে সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা কি পিএইচডির ছাত্রদের গবেষণার মতো গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তির সঙ্গে তুলনা করতে চান? যেখানে পিএইচডি ডিগ্রির কোনো নম্বরপত্রই থাকে না, থাকে শুধু তাঁর গবেষণাকর্মটি, সেখানে তাঁরা একজন পিএইচডি গবেষককে বৃত্তি দেবেন কি না তা মেপে দেখবেন তাঁর প্রাপ্ত নম্বরপত্র ঘেঁটে। এ ক্ষেত্রে কি তার গবেষণার বিষয়বস্তুকেই পরোক্ষভাবে উপেক্ষা করা হলো না? আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি পুনর্বিবেচনা করার সবিনয় অনুরোধ করছি এবং আগের নিয়ম বহাল রাখার আহ্বান জানাচ্ছি।পরিতোষ চন্দ্র রায়বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।দুর্নীতির বীজ বপনশিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর, জাতির বিবেক। শিক্ষকেরা আদর্শস্থানীয় ও অনুসরণীয়। আর শিশুমন শিক্ষকের দ্বারা সরাসরি প্রভাবিত হয়। তারা শিক্ষকের প্রতিটি পদক্ষেপ অনুকরণ করে থাকে। চলন-বলন, অভ্যাস, নীতিনিষ্ঠতা, ন্যায়পরায়ণতা, সময়ানুবর্তিতা—প্রতিটি ক্ষেত্রে তার প্রিয় শিক্ষকের আদর্শ নিজ জীবনে প্রতিফলিত করতে চায়। শিক্ষার্থীদের কাছে শিক্ষকেরা হয়ে ওঠেন পূজ্য। সেই শিক্ষকতা পেশার সঙ্গে বেমানান কাজ করে চলেছেন কিছু অসৎ শিক্ষক।কয়েক দিন আগে গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের প্রতারক কোম্পানির এমএলএম ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ার খবর পড়েছি। আবার গ্রামাঞ্চলে কিছু শিক্ষকের এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে ব্যাপকভাবে অংশগ্রহণ, যা মোটেই সমীচীন নয়। গ্রামাঞ্চলে তাঁদের হায় হায় কোম্পানির প্রতিনিধি হয়ে দরিদ্র মানুষকে উন্নত জীবনের দেখা পাইয়ে দেওয়ার বাসনা জাগিয়ে পকেটমারের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাচ্ছে। একজন শিক্ষকের এমন প্রতারণা করে নিরীহ জনগণের অর্থনাশ নিশ্চয়ই মহান এ পেশার দায়িত্বের অংশ হতে পারে না। তাঁরা নিশ্চয়ই ভালো-মন্দের ব্যাপারে অন্য সবার চেয়ে বেশি সজাগ। শিক্ষকদের কাজ যেখানে মানবতার বীজ বপন করা, সেখানে যদি তাঁরা দুর্নীতি, শঠতা ও প্রতারণার দিকে ঝুঁকে পড়েন, তখন তা মানতে কষ্ট হয়। শিশুমনেও এই পঙ্কিলতার প্রভাব পড়ে। তাই একজন অভিভাবক হিসেবে আবেদন থাকবে, কোনো শিক্ষক যেন এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত না হন।আবদুল বাছেদ সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা।