চি ঠি প ত্র
শিক্ষকদের টাইম স্কেল২০০১ ও ২০০৩ সালে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এডিবি ও আইডিএ প্রকল্পের আওতায় মোট তিনটি ধাপে সহকারী শিক্ষক নিয়োগ করা হয়। পরে ২০০৫ সালের আগস্ট মাসে এসব শিক্ষকের চাকরি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের প্রাক্কালে যে গেজেট প্রকাশ করা হয় (২০ জুন ২০০৫ তাং এসআর ও নং-১৮৪ আইন/২০০৫/সম/বিধি-১/ এস-৯/২০০০) তাতে ৬-এর ৭ নম্বর ধারায় স্পষ্ট বলা আছে, ‘নিয়মিতকৃত কোন কর্মকর্তা কর্মচারীর উন্নয়ন প্রকল্পে চাকরিকাল তাহার বেতন, ছুটি, পেনশন ও আনুষঙ্গিক সুবিধাদি নির্ধারণের ক্ষেত্রে গণনা করা হইবে।’ নিয়োগ সাল অনুযায়ী শিক্ষকগণ যথাক্রমে ২০০৯ ও ২০১১ সালে প্রথম টাইম স্কেলপ্রাপ্তির জন্য নিজ নিজ নিয়োগকারী কর্মকর্তা বরাবর আবেদন জানান। আবেদন মঞ্জুরের পর যখন বেতন নির্ধারণের জন্য উপজেলা হিসাবরক্ষণ অফিসে পাঠানো হয়, তখন দেখা দেয় নতুন জটিলতা। অনেক হিসাবরক্ষণ অফিস টাইম স্কেল মঞ্জুরসহ বেতন নির্ধারণ করে। আবার অনেক হিসাবরক্ষণ অফিস অর্থ মন্ত্রণালয় কর্তৃক পাঠানো এক আদেশের উদ্ধৃতি দিয়ে আপত্তি জানায়।শিক্ষকেরা চাকরি করেছেন এবং টাইম স্কেল সুবিধা পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একই সালের একই তারিখে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অনেকে টাইম স্কেল সুবিধা পাচ্ছেন, আবার অনেকে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে শিক্ষকদের বেতন-বৈষম্য চরম আকার ধারণ করবে নিঃসন্দেহে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতি-নির্ধারকদের প্রতি বিনীত অনুরোধ, টাইম স্কেলের ধূম্রজাল নিরসন করে তা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। সঞ্জয় কুরীবেগমগঞ্জ, নোয়াখালী।সংশোধনীগতকাল সোমবার প্রকাশিত ‘হিলারির তাৎপর্যপূর্ণ সফর’ শীর্ষক সম্পাদকীয় ও একই পাতায় প্রকাশিত ফারুক চৌধুরীর লেখা ‘নির্ভরশীলতা নয়, চাই সহযোগিতা’ শীর্ষক নিবন্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ‘২০০৫ সালে’ বাংলাদেশ সফর করেছিলেন বলে ভুলবশত লেখা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি সফর করেছিলেন ১৯৯৫ সালে, আজ থেকে ১৭ বছর আগে। অনবধানতাবশত এই ত্রুটির জন্য দুঃখিত।— বি.স.