চি ঠি প ত্র
বুয়েটের বক্তব্যনাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের একজন শিক্ষার্থীর প্রধানমন্ত্রীর প্রতি লেখা খোলাচিঠি ৩ মে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই খোলাচিঠির প্রতি বুয়েট কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। শিক্ষার্থীর খোলা চিঠির পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্য কোনো অনিয়ম করেননি এবং দলীয় বিবেচনায় নয় বরং যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো ছাত্রের পরীক্ষার ফলাফল পরিবর্তনের কথা সত্য নয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই বারবার পরীক্ষা পেছাতে হয়েছে। আজীবন বহিষ্কৃত একজন ছাত্রকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে কোনো কাজ করা হয়নি, যা করা হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী করা হয়েছে।গত জানুয়ারি মাসে ষষ্ঠ ব্যাচের একজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার দায়ে দোষীদের বহিষ্কারের দাবিত বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে সামনের সারির কোনো ছাত্রের পরীক্ষা শেষ টার্ম ফাইনাল পরীক্ষার ফলাফল আটকে দেওয়া হয়নি এবং যথানিয়মেই ছাত্রদের কার্যকলাপের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর দিকে আন্দোলনের সময়ে ছাত্ররা ৩০-৩৫ জন শিক্ষককে সহ-উপাচার্যের অফিসে ২০১১ সালের ৩১ ডিসেম্বর সারা রাত অবরুদ্ধ করে রাখে। সেখানে বয়স্ক শিক্ষকেরাও ছিলেন, যাঁরা বিভিন্ন অসুস্থতার কারণে নিয়মিত ওষুধ সেবন করেন। কিন্তু তাঁদের ওষুধ সেবনের সুযোগও দেওয়া হয়নি। এ ছাড়া অবরোধ চলাকালে ছাত্ররা শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। ওই সময় সম্মানিত শিক্ষকদের সহ-উপাচার্যের অফিসকক্ষে অবরুদ্ধ রাখা ছিল নিতান্তই অমানবিক ও শিষ্টাচারবহির্ভূত। ছাত্র কর্তৃক সহ-উপাচার্যের অফিসের জিনিসপত্র তছনছ করা, টিভি কার্ড ও মোবাইল ফোন নিয়ে যাওয়াও ছিল দুর্ভাগ্যজনক। এ ধরনের কাজের ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার লক্ষ্যে তদন্তের জন্য কর্তৃপক্ষ বুয়েটের একজন সিনিয়র শিক্ষককে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি যথাসময়ে তদন্তকাজ শুরু করেছিল, কিন্তু সে সময় ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছিল বিধায় অবরোধের সঙ্গে জড়িত ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি। এ জন্যই রিপোর্ট যথাসময়ে দাখিল করা সম্ভব হয়নি। ক্লাস শুরু হলেই তদন্তকাজ সঠিকভাবে সম্পন্ন করে রিপোর্ট প্রদান করা হবে। তদন্তকাজে গঠিত কমিটির যৌক্তিকতা প্রশ্নসাপেক্ষ—শিক্ষার্থীর লিখিত এ ধরনের মন্তব্য মনগড়া বলে কর্তৃপক্ষ মনে করে। সম্প্রতি বুয়েটে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, যা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।শিক্ষার্থীকে ভবিষ্যতে বুয়েটের যেকোনো বিষয় সম্পর্কে কিছু লেখার আগে সঠিক ও যথাযথ ধারণা নেওয়ার জন্য বলা হচ্ছে, নতুবা এ ধরনের বাস্তবতাবিবর্জিত অসত্য প্রতিবেদন পড়ে জনমনে ভুল ধারণার সৃষ্টি হবে এবং এ কারণে বুয়েটের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। কাজেই বুয়েটের মঙ্গলের জন্য সব মহলকেই এ ব্যাপারে দৃষ্টি রাখার আহ্বান জানানো যাচ্ছে।মো. শাহ্ আলমসহকারী পরিচালক (তথ্য ও প্রকাশনা)বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।টাকার কথা১৭ এপ্রিল প্রথম আলোর উপসম্পাদকীয়তে সৈয়দ আবুল মকসুদের ‘টাকার কথা’ শীর্ষক লেখাটি পড়ে খুব ভালো লাগল। সুন্দর ও হূদয়গ্রাহী এ লেখাটির জন্য শ্রদ্ধেয় আবুল মকসুদকে ধন্যবাদ।আবুল মকসুদ তাঁর এই লেখায় সুন্দর ও সহজভাবে অবৈধ টাকার খেলা কত প্রকার এবং কত বিচিত্র, তা তুলে ধরেছেন। বর্তমানে দেশে ঘুষ লেনদেন, মানি লন্ডারিং, নদী দখল, খাসজমি দখল, রাস্তাঘাট ও পাহাড় দখল এবং বন, বনের গাছ দখল ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় এক ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে। সরকারি কর্মচারী, আমলা কর্মকর্তা, ক্ষমতাসীন দলের কর্মী-নেতারা খোলামেলা ঘুষ-বাণিজ্য এবং অর্থ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। কোনো কোনো ক্ষেত্রে বিরোধী দলের কর্মী-নেতারাও এই কর্মকাণ্ডে জড়িত থাকেন।টাকার এই অবৈধ লেনদেন ও দুর্নীতি এখন থেকে নয়, সুদূর ব্রিটিশ-পাকিস্তান আমল থেকেই চলে আসছে। আগে গণমাধ্যম এত শক্তিশালী ও তৎপর ছিল না বলে জনগণ এই ঘৃণ্য কর্মকাণ্ড সম্পর্কে খুব কমই জানতে পারত। জনাব মকসুদের এ লেখাটি পড়ে একধরনের হতাশাও দেখা দিয়েছে। মনে হয়েছে, দেশের ভবিষ্যৎ কত অন্ধকারে। রক্ষকই যদি ভক্ষক হয়, তবে কী করে এই জঘন্য ঘৃণ্য কর্মকাণ্ড থেকে জনগণ পরিত্রাণ পাবে?একমাত্র সুষ্ঠু, পরীক্ষিত, বস্তুনিষ্ঠ গণতান্ত্রিক ধারা, জবাবদিহিমূলক সরকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণ পেতে পারে সীমাহীন অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে পরিত্রাণ।মাহতাব আলী, মিরপুর, ঢাকা।বেড়িবাঁধচট্টগ্রামের সন্দ্বীপ থানার কালাপানিয়া ইউনিয়ন দীর্ঘদিন যাবৎ নানাভাবে উন্নয়ন এবং প্রশাসনিকভাবে অবহেলিত ও অভিভাবকহীন হয়ে আছে। কালাপানিয়া সমাজকল্যাণ সমিতি, চট্টগ্রাম অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি যে কালাপানিয়ার পশ্চিম পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ বছর দুয়েক আগে নিশ্চিহ্ন হয়ে পড়েছে। ওই বেড়িবাঁধ এই বর্ষা মৌসুমের আগে যদি নির্মাণ করা না হয়, কালাপানিয়াবাসীর জীবন হুমকির মুখে পতিত হওয়ার আশঙ্কা রয়েছে। গত অর্থবছরে এই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে ২২ লাখ টাকা বরাদ্দ হলেও প্রকৃতপক্ষে বেড়িবাঁধের কোনো কাজই হয়নি। অসহায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে চাঁদা দিয়ে বেড়িবাঁধটি সংস্কার করে। এলাকাবাসী চায়, এই ২২ লাখ টাকা কোথায় গেল, তা খতিয়ে দেখা হোক। এ অবস্থায়, কালাপানিয়া সমাজকল্যাণ সমিতি, চট্টগ্রাম আগামী বর্ষা মৌসুমের আগেই ওই বেড়িবাঁধ নির্মাণ করে এলাকাবাসীর জীবন ও জীবিকা রক্ষার জন্য জোর দাবি জানাচ্ছে। সঙ্গে সঙ্গে গত অর্থবছরের বরাদ্দ করা ২২ লাখ টাকা ব্যয়ের ব্যাপারে সঠিক তদন্তের দাবি জানাচ্ছে।মো. সামছুল আজমসদস্যসচিব, কালাপানিয়া সমাজকল্যাণ সমিতি, চট্টগ্রাম।