চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি ট্রেনচাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত গোমস্তাপুর থানাধীন রহনপুর একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। গোমস্তাপুর থানা চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্ভুক্ত হলেও শিক্ষা, চিকিৎসাসহ নানা কারণে এটি রাজশাহীর ওপর নির্ভরশীল। রহনপুরের সঙ্গে রাজশাহীর সরাসরি রেলপথ রয়েছে। সাধারণভাবে ‘রহনপুর-রাজশাহী’ ট্রেনগুলো ‘রহনপুর-আমনুরা-রাজশাহী’ পথে চলার কথা। কিন্তু রহনপুর থেকে রাজশাহীগামী ট্রেনগুলো রহনপুর থেকে আমনুরা হয়ে চাঁপাইনবাবগঞ্জ যায়, পুনরায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরায় ফিরে এসে রাজশাহী যায়। অনুরূপভাবে রাজশাহী থেকে রহনপুর যাওয়ার পথেও এটি রাজশাহী থেকে আমনুরা হয়ে চাঁপাইনবাবগঞ্জ যায়, পুনরায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরায় ফিরে এসে রহনপুর যায়। বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক। এতে মূল্যবান সময় নষ্টসহ এই পথে যাতায়াতকারী রোগীদের দুরবস্থার শিকার হতে হয়। কিছুদিন আগেও রাজশাহী থেকে রহনপুরগামী একটি সরাসরি ট্রেন থাকলেও বর্তমানে সেটিও চাঁপাইনবাবগঞ্জ ঢোকার ব্যবস্থা করা হয়েছে যা আমাদের হতাশ করেছে। সুতরাং রেল কর্তৃপক্ষের কাছে আবেদন, যাত্রীদের হয়রানির কথা বিবেচনা করে রহনপুর-রাজশাহী পথে সরাসরি ট্রেন চলাচলের ব্যবস্থা করুন। অথবা রহনপুর-রাজশাহী ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ ঢোকা বন্ধ করুন। মুহা. মাহফুজুল করিম রাজশাহী কলেজ, রাজশাহী। খেলার মাঠদেশীয় বিভিন্ন খেলাধুলা ছাপিয়ে বর্তমানে আমাদের দেশে ফুটবল ও ক্রিকেটই বেশি জনপ্রিয়। বিশ্বায়নের যুগে বর্তমানে আমাদের দেশে খেলা দুটি আর আগের মতো বিশেষ কোনো মৌসুমের পরিবর্তে প্রায় বছরব্যাপী খেলা বলে গণ্য। অথচ দেশের অধিকাংশ এলাকায় খেলার উপযুক্ত প্রয়োজনীয় মাঠই নেই। এমনকি অনেক বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানেরও নিজস্ব খেলার মাঠ নেই। বেশির ভাগ শহরে মাত্র একটি করে খেলার মাঠ বা স্টেডিয়াম থাকায় নিরবচ্ছিন্নভাবে কোনো খেলাই সুষ্ঠুভাবে চলতে পারে না। সেখানে একটি খেলা চললে অন্যটি বাধ্য হয়ে বন্ধ থাকে। মাঠ নিয়ে চলে নানা ষড়যন্ত্র আর আধিপত্য বিস্তারের চেষ্টা। ফলে বন্ধ থাকা খেলাটির সঙ্গে সংশ্লিষ্টরা তখন হতাশায় ভোগে। তদুপরি এসব মাঠে মাঝেমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সভা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি কোরবানির হাট বসানোর অনুমতি দেওয়ার কারণে কোনো খেলাই নির্বিঘ্নে চলার উপায় থাকে না। তাই অন্ততপক্ষে প্রতিটি জেলা শহরে ফুটবল ও ক্রিকেটের জন্য দুটি পৃথক মাঠের ব্যবস্থা এবং মেয়েদের জন্য পৃথকভাবে খেলাধুলার আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদান নিশ্চিত করা জরুরি। সরকারি উদ্যোগে এবং সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতায় এখনই সারা দেশে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা না করা হলে জনসংখ্যার চাপে আর দখলবাজদের দৌরাত্ম্যে ভবিষ্যতে খেলার জন্য কোনো নতুন মাঠ তৈরি করা সম্ভব হবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি। শাহীদুল আযম মিরপুর, ঢাকা।