চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি পাওয়ার বয়সবাংলাদেশের প্রধান সমস্যা বেকারত্ব। বর্তমানে দেশে প্রায় দুই লাখ শিক্ষিত বেকার তরুণ রয়েছে, কিন্তু বাংলাদেশে বর্তমানে পিএসসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির নীতিমালার অদূরদর্শিতার কারণে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলছে। প্রথমত, দেখা যায় যে বাংলাদেশের মধ্যবিত্ত ও গরিব পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে প্রথমেই শুরু হয় সেশনজট। আর এই সেশনজটের কারণে হারিয়ে যায় তাঁদের জীবনের মূল্যবান সময়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ করতেই চলে যায় ২৭-২৮ বছর। দ্বিতীয়ত, পিএসসিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিধিমালায় চাকরির প্রবেশাধিকারের অগ্রহণযোগ্য বয়সসীমা অর্থাৎ ৩০ বছর বয়সের মধ্যেই চাকরি নামক সোনার হরিণটা পেতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপসহ এশিয়ার বিভিন্ন দেশে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর রয়েছে। ইতিমধ্যেই সেখানকার লোকসভায় চাকরিতে প্রবেশের বয়স আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অথচ আমাদের দেশে এ ব্যাপারে বর্তমান সরকারের কোনো উদ্যোগই পরিলক্ষিত হচ্ছে না। শুধু সংসদে গত ১ ফেব্রুয়ারি মাননীয় স্পিকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সসীমা রয়েছে, তা বাড়িয়ে ৩৫ বছর করে দেশের মেধাবী ও তরুণ সমাজকে দেশ ও জাতির সেবা করার সুযোগ দিন। এতে করে এই দেশে বেকারত্বের হার যেমন হ্রাস পাবে, তেমনি দরিদ্রতাও বহুলাংশে কমে যাবে। চমক চন্দসাবেক শিক্ষার্থী, শাবিপ্রবি।