চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তি কোথায়?প্রতিটি ছেলেমেয়ে তার পরিবারের প্রতিনিধি। একটি ছেলের সফলতায় তার পরিবার হাসে, তার ব্যর্থতায় তার পরিবার কাঁদে। কথাটি একটু অন্যভাবে বললে এমন হবে—একটি ছেলের সফলতা যেমন তার পরিবারকে দায়মুক্ত ও উচ্চ জীবনযাত্রাপূর্ণ ভবিষ্যতের স্বপ্ন দেখায় তেমনি ব্যর্থতা তার পরিবারকে দায়মুক্ত ও ঘোর অন্ধকারের দিকে নিয়ে যায়। ২০০৮ সালে এইচএসসি পরীক্ষায় পাসের পর উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে ঢাকায় আসি। ব্যবসায় শাখায় ছাত্র হিসেবে আসনসংখ্যা সীমিত হওয়ার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সুযোগ না পেয়ে মুখ থুবড়ে পড়ি। পরিশেষে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তীব্র প্রতিযোগিতায় ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা কলেজে ব্যবস্থাপনা বিভাগে (বিবিএস) অনার্সে ভর্তি হয়েছিলাম। আর্থিক সমস্যা বা সংগত কারণে বিত্তবানদের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পরিনি। কিন্তু আমি তৃতীয় বর্ষে প্রবেশের আগে জুন সেশনে তাদের বিবিএ শেষ হচ্ছে। অর্থাৎ আমার প্রথম ও দ্বিতীয় বর্ষ— প্রাইভেট বিবিএ। তা ছাড়া, ঢাকা থেকে গ্রামে গিয়ে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমার বন্ধু যখন প্রাইভেট কথাটি না বলে অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ি বলে পরিচয় দেয় তখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি বলতে লজ্জা পাই। শিক্ষাজীবনের শুরু থেকে এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়েও প্রথম শ্রেণীর ফলাফল অব্যাহত রেখে চলছি। শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করার কারণে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে আজ আমি চার বছরের শেষ প্রান্তে এসে দ্বিতীয় বর্ষের মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষার প্রহর গুনছি। আমার অন্যায়টা কি? দীর্ঘ সময় অনার্স ও মাস্টার্স পড়ার পর আমার বা অনেকের বয়স দাঁড়াবে ২৭-২৮ বছর। তাহলে সরকারি চাকরির বয়স কতদিন পাচ্ছি? তা ছাড়া বর্তমানে অধিকাংশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স সর্বোচ্চ ২৭ বছর উল্লেখসহ পাবলিক বিশ্ববিদ্যালয় ও কিছু স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করছে। বয়স বেশি হওয়া এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে আমরা প্রাথমিক ধাপে বাদ পড়ছি। আমরা তাহলে কী করব? আমাদের ভবিষ্যৎ কী? বর্তমান শিক্ষাব্যবস্থা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? বাবার হাড়ভাঙা পরিশ্রমের টাকায় আমাদের পড়ানোর যুক্তি কোথায়? দেশের অধিকাংশ শিক্ষার্থীর ভবিষ্যৎ আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের খাঁচায় বন্দী। আমাদের মুক্তি কোথায়? শেখ মু. মেহেদী হাসান ঢাকা কলেজ।