চি ঠি প ত্র
দেশীয় খেলাবাংলাদেশে ইদানীং গ্রাম-শহর উভয় ক্ষেত্রে হাডুডুসহ দেশীয় ক্রীড়া সংস্কৃতির চর্চা করতে দেখা যায় না। দু-একটা কদাচিৎ ব্যতিক্রম হতে পারে। এ দেশ থেকে দেশীয় ক্রীড়া সংস্কৃতির চর্চা প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে—এটা খুব উদ্বেগ ও দুর্ভাগ্যের বিষয়। এর অবশ্য কারণও আছে। বাংলাদেশে নদ-নদীর নাব্যতা নেই। জলাভূমি নিঃশেষ হওয়ার পথে, দেশে সাঁতারসহ জলক্রীড়ার ক্ষেত্রেও চর্চা কমে গেছে। দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে ক্রীড়ার জন্য পর্যাপ্ত সংরক্ষিত ক্ষেত্র নেই। অভাব-দারিদ্র্যের জন্য মানুষ খেলায় সময় দিতে পারে না, আর দেশীয় ক্রীড়ার প্রতি সরকার ও বিভিন্ন সংস্থার তেমন পৃষ্ঠপোষকতা নেই। অপর পক্ষে আন্তর্জাতিক ক্রীড়া ও বিদেশি ক্রীড়ার প্রতি প্রগাঢ় পৃষ্ঠপোষকতা ও প্রচারণা রয়েছে। তবে বাংলাদেশে জনস্বাস্থ্য, শিক্ষা-সংস্কৃতি রক্ষা ও প্রসারের জন্য দেশীয় ক্রীড়া সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। সারা দেশে গ্রাম, মহল্লা পর্যায়ে হাডুডু, দাঁড়িয়াবান্দা, গোল্লাছুট প্রভৃতি খেলার ক্ষেত্র বা মাঠ নিজ নিজ উদ্যোগে সংস্কার ও সংরক্ষণ করতে হবে। গ্রাম ও শহরে পুকুর, দিঘি, নদী সংস্কার করে জলক্রীড়া ও সাঁতারের ব্যবস্থা করতে হবে। হাতে-কলমে দেশের শিশু-কিশোর সমাজকে দেশীয় ক্রীড়াশিক্ষা চর্চার ব্যবস্থা করতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সম্প্রতি এক খবরে জানতে পারলাম, সরকার দেশে ক্ষয়িষ্ণু দেশীয় ক্রীড়া চর্চার প্রতিযোগিতার জন্য ৬৬ কোটি টাকার একটা কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নিচ্ছে, বিষয়টি দীর্ঘ বিলম্বে হলেও আশাব্যঞ্জক।তবে আমি সরকারের প্রতি অনুরোধ করতে চাই, ওই অর্থ প্রতিযোগিতার জন্য ব্যয় না করে পরিকল্পিতভাবে দেশের ইউনিয়ন পর্যায়ে গ্রামীণ ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার প্রকল্পে বরাদ্দ করা হোক। এর মাধ্যমে গ্রামে দেশীয় খেলাধুলার জন্য নিজস্ব জমিতে মাঠ, কার্যালয়, পুকুর, নদী সংস্কার করে জলক্রীড়ার ব্যবস্থা করা যেতে পারে। গ্রামে গ্রামে ক্রীড়ার পরিবেশ গড়ে তুলতে না পারলে শুধু প্রতিযোগিতা চালিয়ে দেশীয় ক্রীড়ার কোনো স্থায়ী উন্নতি হবে না। দেশীয় ক্রীড়ার স্থায়ী অবকাঠামো না থাকায় নজরদারি ও সুষ্ঠু তত্ত্বাবধানের অভাবে অধিকাংশ অর্থ অপচয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ জন্য যত দূর সম্ভব দেশীয় ক্রীড়ার অবকাঠামো গড়ে তোলা হোক এবং সারা দেশে দেশীয় ক্রীড়া সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশের দেশীয় ক্রীড়াগুলো এবং এর নিয়মাবলির ওপর একটা সচিত্র পুস্তিকা প্রকাশ ও প্রচারের সুব্যবস্থা করা হোক। আশা করি, বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ক্রীড়ামোদীরা বিশেষভাবে বিবেচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেবেন। মো. রফিকুল ইসলামনওগাঁ।পোস্ট অফিস আমরা রাজশাহী জেলার অন্তর্গত গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার এলাকাবাসী। এখানে প্রায় আট-দশ হাজার লোক বসবাস করে। এই এলাকার অধিকাংশ লোক বিভিন্ন জায়গায় চাকরি ও লেখাপড়া করেন। এ ছাড়া দেশের বাইরে অনেকে অবস্থান করেন। কিন্তু এদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে চিঠি বা মোবাইল ফোন। কিন্তু দুঃখের বিষয়, পোস্ট অফিস থাকা সত্ত্বেও এখানে মোবাইল ফোনে মানি অর্ডারের কোনো ব্যবস্থা নেই। তা ছাড়া এখানে কোনো কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাও নেই। যার কারণে এলাকাবাসীকে রাজশাহী থেকে মানি অর্ডার বা পার্সেল আনতে হয়। এজন্য জন্য অতিরিক্ত অর্থ গুনছে এলাকাবাসী। এই এলাকার জন্য জরুরি ভিত্তিতে পোস্ট অফিসে মোবাইল মানি অর্ডারের সুবিধা নিশ্চিত করতে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। রাফায়েলকাকনহাট, রাজশাহী।