চি ঠি প ত্র
প্রতিবন্ধিত্বকে জয়১৫ মে প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদ আমাকে ভীষণ প্রভাবিত করেছে। ময়মনসিংহের বিমলের অবিশ্বাস্য কৃতিত্ব আমায় মুগ্ধ করেছে। প্রচণ্ড ইচ্ছাশক্তি আর চেষ্টায় সবকিছু যে করা সম্ভব, তা-ই দেখিয়ে দিলেন ১৬ বছর আগে অনকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় দুটি হাত হারানো বিমল। গত ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত সম্মেলনে ৭০ জন শিল্পীর ২০০টি ছবি প্রদর্শিত হয়েছে। এসব শিল্পীর একজন আমাদের বিমল, যিনি অন্য সবার চেয়ে আলাদা। বিমলকে অভিনন্দন। আশা করি, তাঁর অদম্য ইচ্ছাশক্তি তাঁকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। তাঁর দেখা স্বপ্নগুলো সত্যি হোক। আরও আশা, ময়মনসিংহে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আর্ট শিক্ষক তোফায়েল আহমেদের মতো অনেকেই তাঁদের হাত বাড়িয়ে দেবেন বিমলের মতো সুবিধাবঞ্চিত মানুষের দিকে। তাহলে বিমলের মতো অন্য প্রতিবন্ধীরাও বাংলাদেশকে চেনাতে পারবে বিশ্বদরবারে।অনন্যাসোনাপুর, নোয়াখালী।নদীর দীর্ঘশ্বাসবগুড়া অঞ্চলে বহমান যমুনা, মানস, বাঙালি ও ইছামতী নদী এখন মরা খাল। নদীগুলোর বুকজুড়ে বিশাল বিশাল চর। পানির অভাব মরুভূমিতে পরিণত হয়েছে। ইতিহাস-প্রসিদ্ধ এককালের উত্তাল খরস্রোতা ইছামতী নদী আজ যৌবনহারা। শুকিয়ে তা মরা খালে রূপ নিয়েছে। এখন সেখানে মৌসুমি ফসলের আবাদ। এসব দেখে মনে হয়, পুরো দেশ মরুভূমি হয়ে যাওয়ার আগাম বার্তা। প্রাকৃতিক বিরূপ প্রভাবে এসব বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ ও খনন না করার কারণে নদীগুলোর আজ এ অবস্থা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে নদীমাতৃক এ দেশের গল্প রূপকথার মতো শোনাবে। নদীতে পানি না থাকায় পানির স্তর অনেক নিচে নেমে যায়। এতে দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট। দেখা দেয়, প্রবল সেচের সংকট। নদীতে জীবন-জীবিকা নির্বাহকারী পরিবারগুলো মানবেতর জীবন যাপন করে। এক নদীর রূপ পরিবর্তনের ফলে আর্থসামাজিক অবস্থার অনেক দিক পরিবর্তন হয়ে যায়। তাই সময় থাকতে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। দরকার নদীগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা। এ দায় আমাদের সবার। জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।