চি ঠি প ত্র
কৃষি বাজেটগণমাধ্যম-ব্যক্তিত্ব শাইখ সিরাজ কয়েক বছর ধরে জাতীয় বাজেট প্রণয়নের আগে আগে পৃথক ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ প্রণয়নের জন্য সরকারকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছেন।জাতীয় বাজেট হলো একটি দেশের সরকারের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাবসংক্রান্ত লিখিত দলিল। বাজেটের বিভিন্ন খাত-উপখাত, অর্থাৎ কৃষি, শিল্প, বাণিজ্য, বিভিন্ন রকম উৎপাদনসংশ্লিষ্ট খাত, আইনশৃঙ্খলা, সামরিক, প্রশাসনিক প্রভৃতি খাতে আর্থিক বরাদ্দ দেওয়া হয়। এর ভিত্তিতে দেশের প্রতিটি অর্থবছর পরিচালিত হয়ে থাকে।জাতীয় বাজেটের ওপর ভিত্তি করে সব মন্ত্রণালয়ের বিভাগ-উপবিভাগ তাদের আর্থিক খাতের বরাদ্দ অনুযায়ী নিজস্ব বাজেট প্রণয়ন ও তা বাস্তবায়ন করে থাকে।জাতীয় বাজেট একটিই হয়। জাতীয় পর্যায়ে যদি পৃথক কৃষি বাজেট প্রণয়ন করা হয়, তবে বাজেটের অন্যান্য খাত-উপখাতের জন্য আলাদা বাজেট প্রণয়নের দাবি উঠবে। যেমন, শিল্প বাজেট, সামরিক বাজেট প্রভৃতি।দেশের অর্থনীতিবিদ ও সুশীল সমাজের বিজ্ঞজনেরা জাতীয় বাজেট প্রণয়নের আগে প্রতিটি খাত-উপখাতের কোনটি দেশের চাহিদা অনুসারে অগ্রাধিকার পাবে তা নিয়ে আলোচনা করেন এবং পরামর্শ দিতে পারে।এ কথা সত্য, আমাদের দেশ কৃষিপ্রধান। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে কৃষির অবদান বেশি। তাই জাতীয় বাজেট প্রণয়নের সময় কৃষি ও কৃষকের জন্য অর্থ বরাদ্দ যেন অগ্রাধিকার পায়, কৃষি উপকরণ যেন সহজলভ্য হয় এবং কৃষিতে ভর্তুকির পরিমাণ যাতে কমানো না হয় সেদিকে বিবেচনার জন্য অর্থ মন্ত্রণালয় ও মাননীয় অর্থমন্ত্রীকে পরামর্শ দেওয়া যেতে পারে। জাতীয় বাজেটের মতো আলাদাভাবে শুধু ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ প্রণয়ন করার কোনো যৌক্তিকতা নেই।মাহতাব আলীমিরপুর, ঢাকা।ঢাবির পরিবেশপ্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশের যে করুণ অবস্থা, তাতে মনে হয় না যে এটি কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এখানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। আবার কোথাও প্রস্রাবের ঝাঁজালো গন্ধে নাক যেন জ্বলে ওঠে। রোকেয়া হল ও টিএসসিসংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের মধ্যবর্তী রাস্তার মোড়ে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হয়। ফলে শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম উন্নত হলেও পরিবেশগত দিক দিয়ে অনেক পিছিয়ে। ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানটি। পরিবেশগত এই নেতিবাচক পরিস্থিতির কারণে বিদেশি ছাত্ররাও দিন দিন আগ্রহ হারাচ্ছে এখানে ভর্তি হতে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ ডিসিসি দক্ষিণকে বলছি, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষা করুন।মো. রউছ উদ্দিন রিয়ালস্যার এ এফ রহমান হলঢাকা বিশ্ববিদ্যালয়।সংরক্ষিত নারী আসনমাত্র এক সপ্তাহের ব্যবধানে দুজন বাংলাদেশি নারীর বিশ্বের সর্বোচ্চ ও দুর্গম পর্বতশৃঙ্গ এভারেস্ট বিজয়ের সংবাদে সারা দেশ আনন্দিত ও গর্বিত। সুযোগ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে বাংলাদেশের নারীরাও যেকোনো ক্ষেত্রে নিজের মেধা, যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম তা আবার প্রমাণিত হলো। লেখাপড়া, খেলাধুলা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ, সামরিক-বেসামরিক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং পেশায় যোগদানের মাধ্যমে বাংলাদেশের নারীরা ধারাবাহিকভাবে সততা, সুনাম ও দক্ষতার পরিচয় দিচ্ছেন। দেশ পরিচালনার ক্ষেত্রেও দুই দশকের বেশি সময় ধরে সংসদনেত্রী ও বিরোধীদলীয় নেত্রীর আসনে দুজন নারী আসীন। বর্তমান সরকারের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীও নারী। জাতীয় সংসদে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন। বর্তমান জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের সংখ্যা পঁয়তাল্লিশে উন্নীত করা হয়েছে। স্বাধীনতার চার দশক পর জাতীয় সংসদে পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার জন্য এ ধরনের সংরক্ষিত পদসংখ্যা বৃদ্ধি বা তা বহাল রাখার যৌক্তিকতা নিয়ে অবশ্য বিতর্কের অবকাশ রয়েছে। অনেকের মতে, সদিচ্ছা থাকলে বড় দলগুলো (যারা জাতীয় নির্বাচনে কমপক্ষে এক শ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়) নিজেদের দলীয় গঠনতন্ত্র সংশোধন করে জাতীয় নির্বাচনে কমপক্ষে এক-তৃতীয়াংশ আসনে মহিলা প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান রাখলে এবং তা আন্তরিকভাবে অনুসরণ করলে সেটি নারীদের প্রকৃত মর্যাদা বৃদ্ধি এবং নারী উন্নয়ন ও বিকাশে অধিকতর সহায়ক হবে।শাহীদুল আযমমিরপুর, ঢাকা।