চি ঠি প ত্র
স্পোর্টস চ্যানেলটেন স্পোর্টস, নিও ক্রিকেট, স্টার ক্রিকেটসহ আমরা খেলার যেসব চ্যানেল দেখি, তার প্রায় সব কটিই ভারতের। এ কারণে ভারতের কোনো সিরিজ শেষ হয়ে যাওয়ার পরও চ্যানেলগুলোতে ভারতের খেলাগুলোই পুনঃপ্রচার করা হয়। যারা লাইভ দেখার সুযোগ পায় না, তারা হাইলাটস দেখে। এ ছাড়া একই খেলা কয়েকবার প্রচার করায় তাদের খেলোয়াড়েরাও নিজেদের ভুলত্রুটিগুলো শোধরানোর ক্ষেত্রে বেশ উপকৃত হন। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ম্যাচগুলো বেশির ভাগ সময় শুধু বিটিভিতে সম্প্রচারিত হওয়ায় এবং খেলা চলাকালীন সংবাদসহ অন্যান্য অনুষ্ঠান প্রচার করায় বিরক্তিকর অবস্থায় পড়তে হয়। তা ছাড়া আমাদের দেশের প্রতিযোগীর অংশগ্রহণে গলফ, সাঁতার, অ্যাথলেটিকসসহ অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা ঠিকমতো দেখতে পাই না। তাই শুধু বাংলাদেশের খেলাধুলা সম্প্রচারের জন্য একটি বাংলা স্পোর্টস চ্যানেল চালু করার উদ্যোগ নেওয়ার জন্য বিভিন্ন চ্যানেলের মালিক ও সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।রবিউল করিমমোহাম্মদপুর, ঢাকা।[email protected] সহিংস রাজনীতিতৃতীয় বিশ্বের দরিদ্র এক দেশ আমাদের এই বাংলাদেশ। অমিত সম্ভাবনার এই দেশ যখনই একটু মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করে, তখনই সহিংস, ব্যক্তিসর্বস্ব, কুৎসিত রাজনীতি জগদ্দল পাথরের মতো দেশটার ওপর চেপে বসে। স্বাধীনতার এত বছর পরও অভুক্তের মতো অন্যের পানে চেয়ে থাকতে হয় আমাদের। প্রশ্ন হচ্ছে, কেন আমাদের এ অবস্থা? কেন আজও পেছনে পড়ে আছি আমরা? কোন জাদুমন্ত্র পেছন দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের? সব প্রশ্নের উত্তর বোধ হয় একটিই—দেশের সহিংস, আত্মঘাতী, অসহনশীল, অসহিষ্ণু রাজনীতি। একজন সচেতন মানুষ মাত্রই এর দোষ আমাদের নষ্ট রাজনীতির ওপর চাপাবে। গুম, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি—এসবই যেন নিষ্ঠুরভাবে ঘিরে ফেলছে বাংলাদেশকে। ‘দেশ ও মানুষের জন্য রাজনীতি’ করেন বলে গলা ফাটানো আমাদের বিজ্ঞ রাজনৈতিক নেতা-নেত্রীরা কি দেশটার প্রতি সত্যিকার অর্থে যত্নবান? মানুষের প্রতি কি সত্যিই আন্তরিক? তবে কেন তাঁরা সহিংস রাজনীতি পরিহার করছেন না?মহান রাজনীতিবিদেরা, দয়া করে দাঙ্গা-হাঙ্গামার রাজনীতি, সহিংসতার রাজনীতি পরিহার করুন। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতেই হবে।রফিকুল ইসলাম কামালবিশ্বনাথ, সিলেট।[email protected]মুক্তিযোদ্ধাদের দাবিবাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা বলে শেষ করা যাবে না। মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাঁরা সব সময় আমাদের শ্রদ্ধার পাত্র। সম্প্রতি সরকার সরকারি চাকরিজীবীদের চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করেছে, কিন্তু সে অনুপাতে মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ দুই বছর বাড়ানো হয়নি। একজন মুক্তিযোদ্ধার চাকরির মেয়াদ বাড়লে তিনি নবচেতনায় দ্বিগুণ উৎসাহ জনস্বার্থে কাজ করবেন বলে দৃঢ়বিশ্বাস। বিচারপতিদের অবসরে যাওয়ার বয়স ৬৭ বছর, সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকদের ৬৫ বছর করা হয়েছে; এমনকি ব্যাংকিং, পাবলিক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাকরির বয়স ৬৫ বছর করা হয়েছে। এ অবস্থায় অবসর-পরবর্তী ছুটি (পিআরএল) ভোগরত মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে চাকরির বয়সসীমা ৬১ বছর করার অনুরোধ করছি।মো. নূরে আলম খানমগবাজার, ঢাকা।