চি ঠি প ত্র
আদালতে ভুল তথ্যগত ২৮ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত সাংবাদিক মিজানুর রহমান খানের ‘সরল গরল’ কলামের মূল বিষয় ছিল আসিফ নজরুল ও ব্যারিস্টার নওশের আলী মোল্লা প্রসঙ্গে। উল্লেখ্য, ব্যারিস্টার নওশের আলী মোল্লা রাষ্ট্রদ্রোহ ও বিশ্বাসঘাতকতার দায়ে আসিফ নজরুলের বিচার চাইছেন। মিজানুর রহমান খানের পুরো লেখাটা পড়ে আমি বিব্রতবোধ করি আর ভাবতে থাকি, এটা কীভাবে সম্ভব! একজন আইনের অধ্যাপক যা বলেননি বা যা বলেছেন, তা না শুনে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন অন্য একজন আইনজীবী। একজন শিক্ষক প্রকৃত মানুষ গড়ার কারিগর; কিন্তু আইনের ঊর্ধ্বে নন। প্রকৃত তথ্য উপস্থাপন ছাড়া সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা অমানবিকতা—তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা মাত্র। মামলার বাদীর ভাষায়, মামলাটি বিচারাধীন এবং মহামান্য আদালত সত্য প্রতিষ্ঠা করবেন। আমিও মনে করি, অবশ্যই সত্য প্রতিষ্ঠিত হবে।সোহাগ রাড়ীপ্রাক্তন শিক্ষার্থী, আইন বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়।ফুটওভারব্রিজজীবনের প্রয়োজনে প্রতিনিয়ত মানুষ গ্রাম ছেড়ে আসছে রাজধানী ঢাকায়। কিন্তু এই রাজধানী ঢাকা আজ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। প্রতিনিয়ত আমরা দেখতে পাই, ‘রাস্তা পারাপারের সময় ফুটওভারব্রিজ ব্যবহার করুন’।দেয়ালে পোস্টার হিসেবে এ কথাটি যতটা সহজ; বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক কঠিন। ঢাকা শহরের প্রতিটি ফুটওভারব্রিজ আজ মানুষ চলাচলের অনুপযোগী। যেখানে ফুটওভারব্রিজ ব্যবহার করার কথা পথচারীদের, সেখানে চলছে হকারদের জমজমাট ব্যবসা। সেই সঙ্গে বখাটেদের আড্ডা। পাশাপাশি আরেক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত ছিনতাই, পকেটমারের মাধ্যমে মানুষকে হয়রানি করছে। ফলে মানুষকে প্রতিদিন চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অন্যদিকে ফুটওভারব্রিজে আড্ডা দেওয়া বখাটেরা প্রতিনিয়ত বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে পথচারী মেয়েদের বিরক্ত করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে এমন ঘটনা ঘটলেও তারা অধিকাংশ সময়ে নির্বাক ভূমিকা পালন করেন। এ জন্য এসব সমস্যা বেড়েই চলছে। এ কারণেই হয়তো মানুষ আজ রাস্তা পারাপারের সময় ফুটওভারব্রিজ ব্যবহারের চেয়ে ব্যস্ত রাস্তাকেই বেছে নিচ্ছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এবং অকালে ঝরে যাচ্ছে অনেক প্রাণ।যা-ই হোক, রাজধানী ঢাকার প্রতিটি ফুটওভারব্রিজ পথচারী চলাচলের উপযোগী করা উচিত। এ জন্য ফুটওভারব্রিজগুলো হকারমুক্ত করতে হবে এবং বখাটেদের আড্ডা দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এতে পথচারীরা স্বেচ্ছায় ফুটওভারব্রিজ ব্যবহারে আগ্রহী হবে এবং তাদের জীবনের ঝুঁকি কমবে। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।দীপ্ত কুমার ঘোষনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।বিদ্যুৎ সাশ্রয়সারা দিন বিচ্ছিন্ন লোডশেডিংয়ে জনজীবন প্রচণ্ডভাবে অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়ছে। এই বিপর্যস্ত সমগ্র জাতির উন্নয়নকে আজ প্রশ্নের সম্মুখীন করছে। ব্যাহত হচ্ছে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড, পূর্ণ হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্য। পিছিয়ে যাচ্ছে জাতীয় উন্নয়নের চাকা। প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, যা যেকোনো উন্নয়নশীল দেশের উন্নয়নের পথে অনেক বড় অন্তরায়। এ ধরনের পরিস্থিতি উত্তরণে পদক্ষেপ নিতে হবে এখনই। সরকারের পাশাপাশি ভূমিকা রাখতে হবে আমাদের সবার। বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার ও অপচয় রোধের মাধ্যমে আমরা বিদ্যুতের এ ঘাটতি অনেকটা কমিয়ে আনতে পারি। বিদ্যুতের ঘাটতি আছে ঠিকই; পাশাপাশি আমরা অপচয় করছি অনেক বিদ্যুৎ। দেখা যাচ্ছে, সিএফএল বাল্বের দাম একটু বেশি হওয়ায় অধিকাংশ মানুষ কমমূল্যের সাধারণ বাল্ব ব্যবহার করে। কিছুদিন আগে সরকারের বিনা মূল্যে সিএফএল বাল্ব বিতরণের উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু দেশব্যাপী বিস্তৃতভাবে এ প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় অধিকাংশ মানুষ এর সুবিধা পায়নি। এর পুরোপুরি বাস্তবায়নের বিষয়টি সরকারকে বিবেচনায় নিতে হবে। সরকারের পাশাপাশি আমরা সাধারণ মানুষ যদি প্রত্যেকের অবস্থানে থেকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হই, তবে লোডশেডিংয়ের ভয়াবহ যন্ত্রণার প্রকোপ একটু হলেও কমানো সম্ভব। তাতে আমরা স্বল্পোৎপাদন বিদ্যুৎ দিয়ে চাহিদার অনেকটা পূরণ করতে পারব।আলী আহমেদসরকারি বাঙলা কলেজ, ঢাকা।