চি ঠি প ত্র
ইতিহাসের বিকৃত চিত্রজি-বাংলা টেলিভিশনে সম্প্রচারিত কেয়া পাতার নৌকা সিরিয়ালের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। এই সিরিয়ালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, হিন্দু-মুসলমান সম্পর্ক এবং তদানীন্তন সমাজের নানাবিধ মনগড়া চিত্র অনেক সময়ই দেখানো হয়েছে। গত কয়েক পর্বে স্বাধীনতাযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের যে চিত্র তুলে ধরা হচ্ছে, তা এক কথায় বিকৃত ও যে দেশে ইতিহাস বর্ণনায় বিচ্যুতি ঘটলে আদালতের রায় জারি হয়, সেখানে প্রতিবেশী দেশের টেলিভিশন কর্তৃক আমাদের দেশের ইতিহাস বিকৃতরূপে প্রচারিত হওয়া কীভাবে গ্রহণযোগ্য, তা বোধগম্য নয়। অনেককাল যাবৎ, এ ব্যাপারে শাসক-নির্বিশেষে আমাদের দেশের প্রশাসন ও নীতি-নির্ধারকদের উদারতা লক্ষণীয়। একাত্তর-পরবর্তী পর্বে এসে জি-বাংলা সম্প্রচারিত কেয়া পাতার নৌকা সিরিয়াল প্রতিবেশী দেশের সমাজ-রাজনীতির প্রতি যে কটাক্ষ করছে, তার কোনো প্রতিবাদ না দেখে আমি বিস্মিত। সমাজ পরিসরে অনেক স্থানে বিষয়টি উত্থাপন করেও কোনো প্রতিক্রিয়া পাইনি। এমনকি সেদিন এক প্রবীণ বিএনপিপন্থী আত্মীয়কে সেটা গিলতে দেখে আমি উপলব্ধি করলাম যে অপসংস্কৃতির বিষক্রিয়া কত সুদূরপ্রসারী। আমাদের অনুধাবন করা প্রয়োজন যে সংস্কৃতিও একটি পণ্য এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি ক্ষতিকর হতে পারে। তাই বর্জ্য তৈরি থামাতে সরকার যেমন কর আরোপ করে, তেমনি অপসংস্কৃতি রোধ করতে কিছু বিধিনিষেধ আরোপ জরুরি। আমি নিশ্চিত আমাদের অধিকাংশই সার্বিকভাবে সাংস্কৃতিক আদান-প্রদানে বিশ্বাসী। তবে সেই বিশ্বাস ও বিনয়কে যদি বিবেচনায় নেওয়া না হয় তবে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।আমার বিনীত অনুরোধ, জি-বাংলার কেয়া পাতার নৌকা দেখে উপযুক্ত কর্তৃপক্ষের ভাবা প্রয়োজন, এ ধরনের সম্প্রচার বাংলাদেশে আসলেই চলতে দেওয়া উচিত কি না। সিলেটের ডিশ লাইনের বিতরণকারীরা যেমন কয়েক দিন আগে একটি স্থানীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করতে পেরেছিল, পার্শ্ববর্তী দেশে যেমন বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার বড় শহরে বন্ধ আছে, আমরা চাইলে একই পথ অবলম্বন করতে পারি। আমি জানি, বেশ কিছুদিন এ দেশে বাক্স্বাধীনতা বন্ধ করার জোর প্রচেষ্টা চলছে এবং এ সময় উপরিউক্ত প্রস্তাব অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। এটা জানার পরও মনে হয়েছে, কিছু কিছু মৌলিক ইস্যুর ওপর আমাদের অবস্থান নেওয়া জরুরি। অন্যথায় যে দেশ ও তার স্বাধীনতা নিয়ে আমাদের এত গর্ব এবং যে সর্বজনীনতার ওপর তা গড়ে উঠেছিল, তা অশুভ বিশ্বজনীনতার কাছে বিলীন হতে পারে। আমরা কি তা অসহায়ের মতো দেখব?সাজ্জাদ জহিরঢাকা।খবরগুলো প্রকাশ করুনপত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিন কত আজব সংবাদ থাকে, যার অনেক ঘটনার উৎস বা পরিণতি আর জানা যায় না। এটা দুঃখজনক। ২ জুন তরুণীর ২৬ টুকরো লাশ, ঘটনাটি সম্পর্কে পরে আর কিছু জানা গেল না। কিছু লোকজন দরজায় ধাক্কাধাক্কি করল আর ভয় পেয়ে একটি লোক নিমেষেই একজন জ্যান্ত মানুষকে কেটে টুকরো টুকরো করে ফেলল। এটা বিশ্বাস করা কঠিন!লোকটি পালিয়ে কেন গেল না? বাইরে থেকে দরজা বন্ধ থাকলে ফোনে কারও সাহায্য চাইল না কেন? একটি ট্রাভেল এজেন্সির মালিকের নিজ অফিসে তার পরিচিত বা সাহায্য করার মতো কেউ কি ছিল না আশপাশে? লাশ টুকরো করার মতো ধারালো অস্ত্রই বা পেল কোথায়? প্রতিটি গণমাধ্যমের কাছে অনুরোধ, যতটুকু সম্ভব, এ ধরনের চাঞ্চল্যকর ঘটনা-সম্পর্কিত যাবতীয় তথ্য সর্বসাধারণের কাছে প্রকাশ করা হোক।রবিউল করিমমোহাম্মদপুর, ঢাকা।[email protected]