চি ঠি প ত্র
ন্যায্যমূল্যধানের দাম সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে, তবু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য চিঠিটি লিখছি। বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কিন্তু আজ আমার বাবার মতো লাখ লাখ কৃষক তাঁদের পরিশ্রমে অর্জিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। সরকার যেখানে ধানের মণ ৭২০ টাকা নির্ধারণ করেছে, সেখানে ধান বিক্রি হচ্ছে মাত্র ৪০০ থেকে ৪২০ টাকায়। সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ধানের বাজার ঠিক করতে পারছে না। দ্রব্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে তাদের আয়ও বেড়েছে। বিদ্যুতের দাম বাড়লে মেস-মালিক আর তেলের দাম বাড়লে গাড়ির মালিক ভাড়া বাড়ান। ভাড়া নেওয়ার সময় তাঁরা বিদ্যুৎ ও তেলের দাম বাড়ার কথা বলেন। আমি ছাত্র, তাই আমিও বাবার কাছে লেখাপড়ার জন্য টাকা চাওয়ার সময় মেসের ও গাড়ির ভাড়া বেশি হওয়ার কথাগুলো বলি। অথচ বাবার মতো কৃষকেরা তেলের দাম, বিদ্যুতের দাম ও অন্যান্য জিনিসের দাম বাড়ার পরও ধান বিক্রির সময় কাউকে বলতে পারেন না মনের আক্ষেপের কথাগুলো। নীরবে শুধু সস্তা দামে ধান বিক্রি করে টাকা জোগাড় করেন সংসার চালাতে। আগে নিজে গর্ববোধ করতাম যে আমার বাবা সোনার ফসল ফলান। বঙ্গবন্ধু বলেছেন, ‘দুর্নীতি আমার কৃষক করে না।’ আমি দেখেছি, বাবাও দুর্নীতি করেন না। বাবার পেশাটির কথা মানুষকে বলতে ভালো লাগত। কিন্তু আজ বাবাকে বলতে ইচ্ছে করে, বাবা কেন তুমি এই বাংলাদেশের সোনার ফসল ফলানোর দায়িত্ব নিয়েছ? কী আর করার, বাবার সৌভাগ্য তিনি কৃষক হয়েছেন এবং আমারও সৌভাগ্য, আমি আমার কৃষক বাবার ঘরে জন্মগ্রহণ করেছি। একদিকে বাবা তাঁর ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত, অন্যদিকে আমি কোটা থেকে বঞ্চিত। কৃষ্ণ কুমার রায় কারমাইকেল কলেজ, রংপুর। পলিথিন ব্যবহারএকটা সময় ছিল, আমরা বাজার করতে গেলে হাতে করে চটের ব্যাগ, ডুলা, চাংগাড়ি নিয়ে যেতাম, যা ছিল পচনশীল এবং স্বাস্থ্যসম্মত। পাশাপাশি কুটিরশিল্পগুলোও সচল ছিল। দুঃখের বিষয়, আজ সেই ঐতিহ্য আর নেই। বর্তমানে আমাদের জীবনে পলিথিন ওতপ্রোতভাবে জড়িত। প্রশাসনিক হস্তক্ষেপে বেশ কিছুদিন এর উৎপাদন ও বাজারজাত বন্ধ ছিল। ইদানীং আবার পলিথিনে বাজার সয়লাব হয়ে গেছে। একটা পলিথিন ১০০ বছরেও পচে না। এর ফলে পলিথিন একদিকে আমাদের জমির উর্বরতা শক্তি নষ্ট করছে, অন্যদিকে এটি অস্বাস্থ্যকরও। এই বর্ষা মৌসুমে পলিথিনের অপরিকল্পিত ব্যবহারের জন্য শহরের ড্রেনেজ-ব্যবস্থা নাজুক আকার ধারণ করে, যার ভুক্তভোগী আমরা আগেও হয়েছি। তাই আমরা যদি আমাদের বাসাবাড়ি, কর্মস্থল এবং চলতি পথে ব্যবহূত প্রতিদিনের পরিত্যক্ত পলিথিন একটা ঝুড়িতে রেখে নির্দিষ্ট স্থানে ফেলি, তাহলে আমাদের আশপাশের পরিবেশ হবে সুন্দর ও সাস্থ্যসম্মত।আসুন, যত্রতত্র পলিথিন না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি, সবাই মিলে সুস্থ থাকি। রফিক, মিন্টু, সাব্বির, মনিরদি মাস্টার ট্রেডিং এজেন্সি, ঢাকা। গণপরিবহনরাজধানী ঢাকা শহরে গণপরিবহনের স্বল্পতার বিষয়টি বর্তমানে অত্যন্ত তীব্র হয়ে দেখা দিয়েছে। এর ফলে প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বেড়েছে, সেই অনুপাতে তাদের জন্য গণপরিবহনের সংখ্যা বাড়েনি। এর ফলে স্বল্পসংখ্যক গণপরিবহনের ওপরই অসংখ্য মানুষকে বাধ্য হয়েই নির্ভর হতে হচ্ছে। এই সুযোগে বাসমালিকেরা তাঁদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করে থাকেন। গণপরিবহন-সংকট এবং বাসভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। এসব অরাজকতা জনগণকে ক্ষুব্ধ করে তুলেছে।কাজেই, অচিরেই গণপরিবহন স্বল্পতার সমস্যার সমাধান এবং গণপরিবহনের ভাড়া যুক্তিসংগত হারে নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি, আ/এ, ঢাকা।