চি ঠি প ত্র
ফুটবল লিগবাংলাদেশ ফুটবল লিগ এখন বিদেশিদের লিগ। বাফুফের উদারতায় (!) ফুটবল লিগ এখন বিদেশি খেলোয়াড়দের, বিশেষ করে আফ্রিকান ফুটবলারদের রমরমা বাজারে পরিণত হয়েছে। বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) গত বছর থেকে যেন বিদেশিদের জন্য সব অর্গল খুলে দিয়েছে। অথচ, ঢাকায় একমাত্র লিগ আয়োজন ছাড়া দেশে বাফুফের উদ্যোগে নিয়মিত কোনো টুর্নামেন্ট নেই, বিদেশে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ নেই, ভালো মানের কোনো জাতীয় কোচ নেই, ভালো কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। শুধু নিম্নমানের, অর্থাৎ দৈহিক বল প্রয়োগ করে খেলা যাঁদের প্রধান অবলম্বন, এমন কিছু বিদেশি খেলোয়াড়কে এ দেশে অবাধে খেলার সুযোগ দিয়ে বাফুফে আসলে কী অর্জন করতে চায়? যেকোনো কাজ বা সিদ্ধান্তের ক্ষেত্রে এক বা একাধিক লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। বাফুফে কি এর মাধ্যমে বাংলাদেশ ফুটবল লিগের আকর্ষণ বাড়াতে চায়, মাঠে বেশি দর্শক টানতে চায়, দেশি-বিদেশি স্পনসরদের দৃষ্টি আকর্ষণ করতে চায়, ঢাকার লিগকে আন্তর্জাতিক মর্যাদা দিতে চায়, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে খেলে স্থানীয় খেলোয়াড়দের মান বাড়ানোর মাধ্যমে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উল্লম্ফন ঘটাতে চায়, স্থানীয় ক্লাব কর্মকর্তারা যেন দেশি খেলোয়াড়দের ইচ্ছামাফিক ‘সাইডলাইনে’ বসিয়ে রেখে ‘সাইজ’ করতে পারেন, সে সুযোগ করে দিতে চায়, নাকি আফ্রিকা মহাদেশে বাংলাদেশের ফুটবলের মাহাত্ম্য প্রচার করতে চায়? বাফুফে এগুলোর মধ্যে কোনটি বা কোনগুলো অর্জন করতে চায়, এযাবৎ তার কতটুকু অর্জিত হয়েছে এবং বাকিটা কবে নাগাদ অর্জিত হবে, জানতে পারলে আমরা আশ্বস্ত হব।শহীদুল আযম, মিরপুর, ঢাকা।সাব-ইন্সপেক্টর নিয়োগ১৪ জুন দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, সাব-ইন্সপেক্টর পদে লোক নিয়োগ করা হবে। চাকরি যেহেতু সোনার হরিণ, তাই সবারই একটু আশা জাগে। কিন্তু আমাদের আশায় গুড়ে বালি। কেননা সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু হবে আগামী ১০ জুলাই এবং ১৪ জুলাই অধিকাংশ বিভাগের পরীক্ষা আছে। একই সময়ে ১৩, ১৪, ১৫ জুলাই এসআই নিয়োগের লিখিত পরীক্ষা। অনেকেরই বিজ্ঞপ্তি অনুযায়ী বয়স এ বছর শেষ হয়ে যাচ্ছে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও নিয়োগ পরীক্ষার আবেদন করতে পারবে না। তাই আমাদের মতো লাখো বেকার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ চিন্তা করে যেকোনো এক পক্ষকে অবশ্যই তারিখ পরিবর্তন করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।মো. ফিরোজ আলমঢাকা কলেজ, ঢাকা।