চি ঠি প ত্র
বিটিভির প্রতিআগামী ২৬ জুলাই শুরু হবে বিশ্ব অলিম্পিক গেমস ফুটবল ২০১২। অলিম্পিক গেমসের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় ইভেন্ট হলো ফুটবল। বিশ্বকাপ ফুটবলের মতো বিশ্ব অলিম্পিক গেমসও চার বছর পর পর অনুষ্ঠিত হয়। অলিম্পিক ফুটবলে বিশ্বের ১৬টি দেশ অংশ নেয়। বাংলাদেশ টেলিভিশন বিশ্বকাপ ফুটবলের প্রায় সব ম্যাচ সরাসরি সম্প্রচার করলেও বিশ্বের অন্য কোনো বড় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দেখায় না বললেই চলে, যা দেশের ফুটবলের উন্নয়নে অন্তরায়। অথচ, দেশের বেশির ভাগ তরুণ ফুটবল খেলোয়াড়ই বড় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টগুলো টেলিভিশনে দেখার মাধ্যমে অনেক কিছু শিখতে ও অভিজ্ঞতা অর্জন করতে পারে। বিটিভি ২০০৪ সালের ইউরোপিয়ান কাপ ফুটবলের ১২টি ম্যাচ স্টার স্পোর্টস চ্যানেলের অনুরোধে সরাসরি সম্প্রচার করতে রাজি হয়নি। অথচ চীনের পাঁচ কোটি দর্শকসহ বিশ্বের প্রায় ৯০ কোটি দর্শক ইউরো কাপ ফুটবল ২০০৪ সালের টুর্নামেন্টের ম্যাচগুলো টেলিভিশনে দেখার মাধ্যমে ফুটবল-উন্মাদনায় ভেসে গেছে।স্যাটেলাইট চ্যানেল আমাদের দেশের কজন ফুটবলপ্রেমী দর্শকের বাড়িতে আছে? তাই অনেক ফুটবলপ্রেমী দর্শককে ইউরো কাপ ২০০৪ সালের ম্যাচগুলো বিটিভিতে না দেখার যন্ত্রণায় ভুগিয়েছে। কোপা আমেরিকা কাপ ফুটবল ও এশিয়ান কাপ ফুটবল দেখানোর ব্যাপারেও বিটিভি নীরবতা পালন করে। ২০০০ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত বিশ্ব অলিম্পিক ফুটবলের প্রথম রাউন্ড, দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলা একুশে টেলিভিশন সরাসরি সম্প্রচার করে এ দেশের ফুটবলভক্ত দর্শকের মন জয় করে। তাই বিটিভির কাছে আবেদন, ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনায় ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব অলিম্পিক গেমস ফুটবল ২০১২-এর ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া ফুটবলপ্রেমী দর্শকের সুনাম অর্জনের জন্য বিটিভিকে সহায়তা করতে স্পনসর কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।মো. ইকরাম হোসেনহালিশহর, চট্টগ্রাম।