চি ঠি প ত্র
শিক্ষকের দায়িত্বনতুন বছর শুরু। শুরু হলো ছাত্রছাত্রীর ভর্তির প্রক্রিয়া। ছাত্রছাত্রীর ভর্তির দিকে আমাদের যতটা আকর্ষণ থাকে, পরবর্তী সময়ে তাদের ধরে রাখার ব্যাপারে আমাদের কি মনোযোগ ততটা থাকে? প্রবাদে আছে, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।’ তেমনি ছাত্রছাত্রী ভর্তি করার ব্যাপারে শতভাগ সফল হলেও, এসব ছাত্রছাত্রীকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ধরে রাখা না যায়, তবে আমরা ব্যর্থ হব। এসব ছাত্রছাত্রী যাতে সমাপনী পরীক্ষায় শতভাগ সফল হয়, সেদিকে আমাদের বেশি সতর্ক হতে হবে। একটি ছাত্র প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া মানে হলো ভবিষ্যতে তাকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করানো অর্থাৎ এই ছাত্রকে বিদ্যালয়ে ধরে রাখাটা দায়বদ্ধতার মধ্যে পড়ে। প্রতিবছর দেখা যায় সমাপনী পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী অনুপস্থিত থাকে কিংবা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার আগেই ঝরে পড়ে বিদ্যালয় থেকে, যা খুবই দুঃখজনক এবং চরম লজ্জার। আর এই দুরবস্থা দূর করতে একদিকে যেমন প্রয়োজন ‘হোমভিজিট’ শব্দটিকে কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে ব্যাপকভাবে কাজ করা এবং সামাজিক সচেতনতা বাড়ানো, তেমনি অন্যদিকে প্রত্যেক শিক্ষককে একজন দায়িত্ববান সুনাগরিক হিসেবে কাজ করতে হবে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছেন। এর ফলে এক লাখ তিন হাজার ৮৪৫ জন শিক্ষকের চাকরি সরকারি আওতায় এল। সে ক্ষেত্রে একদিকে যেমন বর্তমান সরকারের কাছে আমরা কৃতজ্ঞ, তেমনি অন্যদিকে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়ে গেল। এখন আগের চেয়েও মানসম্মত শিক্ষা দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রী ঝরে পড়া রোধ করতে হবে। এ ছাড়া, নতুন আঙ্গিকে নতুন বই ছাত্রছাত্রীদের সামনে খুব সহজে ও সাবলীল ভাষায় নানা শিক্ষা-উপকরণের মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও প্রত্যেক শিক্ষককে দক্ষতার পরিচয় দিতে হবে। সঞ্জয় কুমার ভৌমিক বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।সুশাসনযখন কেউ অন্যায় করবে, তার শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে নয়। এই যে পদ্মা সেতু দুর্নীতি, সাগর-রুনি হত্যা, বিশ্বজিৎ দাস হত্যা, তাজরীনের ১১১টি গরিব প্রাণের হত্যা, হল-মার্ক কেলেঙ্কারি, ডেসটিনি, ধর্ষণ এসব ঘটনার বিচারের জন্য সাধারণ জনগণকে রাস্তায় নামতে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ ভুক্তভোগী মানুষকে বিচারের আশায় রাস্তায় নামতে হয় কেন? রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? বারবারই অন্যায়কারীদের পক্ষে সরকারের অবস্থান লক্ষ করা যাচ্ছে। এই ক্ষুদ্র অন্যায়কারীদেরও শাস্তি নিশ্চিত করতে সরকারের এত ভয় কিসের? কেন অন্যায়কারীরা বারবার পার পেয়ে যাচ্ছে? তাদের থেকে সরকার কী আশা করে? তাহলে কেন সাধারণ জনগণকে সরকার রাস্তায় নামাচ্ছে?বর্তমানে আলোচিত এমন কোনো ঘটনা আছে কি যেটার জন্য মানুষকে রাস্তায় নামতে হয়নি? এমন কোনো নজির আছে কি সরকার সুষ্ঠু বিচারকার্য সম্পন্ন করেছে? এ দেশে রাজনীতি বোঝাটা আসলে বড়ই কঠিন। যে দেশে বিকাশদের মতো গডফাদার সন্ত্রাসীদের বিনা নোটিশে মুক্তি দেওয়া হয়, সে দেশে কখনো সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আমাদের তা ভুলে গেলে চলবে না। জহির উদ্দীন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয়, লোকপ্রশাসন বিভাগ। চাকরির বয়সআমরা যাঁরা সাধারণ চাকরিপ্রার্থী, তাঁদের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। চাকরির এক তীব্র প্রতিযোগিতার বাজারে বয়সের কারণেই অনেকে যোগ্য বা পছন্দের চাকরিতে প্রবেশ করতে পারছেন না। একটি সন্তানকে বাবা-মা লেখাপড়া করাতে তাঁদের শেষ সম্বলটুকু দিতেও দ্বিধা করেন না। কিন্তু ওই সন্তানটি যখন সুযোগের অভাবে চাকরিতে আবেদন করতে পারছেন না, তখন ওই পরিবারটির অবস্থা হয় করুণ। আমাদের বর্তমান ব্যবস্থায় সরকারি চাকরিতে ৪৫ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত, দলীয় নিয়োগ-বাণিজ্য তো রয়েছেই। এমন অবস্থায় আবার ঘটছে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা। তা ছাড়া সরকার অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছরে উন্নীত করেছে এবং মুক্তিযোদ্ধাদের জন্য করেছে ৬০ বছর। অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আমরা যাঁরা সাধারণ চাকরিপ্রার্থী, তাঁদের প্রতি সরকারের এই অবহেলা কেন? চাকরির এই তীব্র প্রতিযোগিতার বাজারে সরকারের কাছে আমাদের আবেদন, চাকরির বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩২ বছর করা হয়, যাতে বেকাররা অন্ধকার পথে পা না বাড়ান। আশা করছি, বিষয়টি কর্তৃপক্ষের সুনজরে আসবে। শাওনউত্তর যাত্রাবাড়ী, ঢাকা।