চি ঠি প ত্র
তেমন সুদিন কবে আসবে?যেকোনো প্রকৃত গণতান্ত্রিক দেশে তথা সভ্য সমাজে দেশের আইনপ্রণেতারা তথা সাংসদেরা এবং শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ অত্যন্ত সম্মান, শ্রদ্ধা আর মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। কিন্তু নানা কারণে আমাদের দেশে এ দুটি মহান প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদের কারও কারও নেতিবাচক কর্মকাণ্ড তাঁদের পদমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। এমনকি মন্ত্রিত্বের শপথ নিয়েও ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।এর প্রধান কারণ, নির্বাচনকালে দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর সততা, যোগ্যতা এবং এলাকায় সত্যিকারের জনপ্রিয়তার পরিবর্তে টাকার জোরকে প্রাধান্য দেওয়া। আর এ ধরনের প্রার্থী দলীয় মনোনয়নের জোরে ভোটে জয়ী হলেও তাঁরা কখনোই ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেন না। এঁদের অনেকের বিরুদ্ধে শুল্কমুক্ত গাড়ির সুবিধা নিয়ে তা কৌশলে বেআইনিভাবে অন্যের কাছে হস্তান্তর, মিথ্যা তথ্য দিয়ে ঢাকায় সরকারি প্লট-ফ্ল্যাট গ্রহণ, সংসদে অনুপস্থিত থেকেও নিয়মিতভাবে সংসদের বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা গ্রহণ, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ ইত্যাদি নানা ধরনের অভিযোগ উঠলেও তেমন কোনো কুণ্ঠিত বা বিব্রত হতে দেখা যায় না।একই ভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে তাঁদের মূল কাজ তথা ক্লাসে পাঠদান ও গবেষণাকাজে নিয়োজিত থাকার বদলে দলবাজিতে বেশি ব্যস্ত থাকতে দেখা যায়। ক্ষুদ্র ব্যক্তি ও দলীয় স্বার্থে তাঁরা ছাত্রদের ব্যবহার করেন—এ ধরনের অভিযোগও রয়েছে। দলবাজি অক্ষুণ্ন রাখতে ক্ষমতায় থাকাকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতার পরিবর্তে প্রার্থীর দলীয় রাজনৈতিক পরিচয়কে প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করেন।এমনকি অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো অতি মর্যাদাপূর্ণ পদও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলুষিত হতে দেখা যায়। অথচ এটি কোনো আইন দিয়ে নয়, বরং এ ধরনের মহান প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই কেবল নিজেদের বিবেক জাগ্রত করার মাধ্যমে ব্যক্তিগত এবং নিজ নিজ প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ন রাখতে পারেন। আমরা এমন সুদিনের প্রত্যাশায় রইলাম।শহীদুল আযমঢাকা চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা।এমবিএ প্রোগ্রামের আসনঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের এমবিএ প্রোগ্রামে প্রতিবছর যে বিশাল পরিমাণ শিক্ষার্থী অংশ নেন, তার তুলনায় এর আসনসংখ্যা একেবারেই কম। স্বনামধন্য এই ইনস্টিটিউটের পড়াশোনা আন্তর্জাতিক মানসম্পন্ন ও সর্বমহলে প্রশংসিত। দেশের সেরা বিদ্যাপীঠের এমবিএ প্রোগ্রামের আসন বাড়ালে এ দেশের মেধাবী শিক্ষার্থীরা জ্ঞানার্জন করে উপকৃত হয়ে দেশ ও দশের সেবা করতে সক্ষম হবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। ব্যবসায় প্রশাসন শিক্ষার প্রসার ঘটাতে এর রয়েছে সুমহান ঐতিহ্য।মেধাবী শিক্ষার্থীদের আরও অধিক পরিমাণে মেধাবী করে তুলতে এমবিএ প্রোগ্রামের আসন বাড়ানো অত্যন্ত প্রয়োজন বিধায় সার্বিক দিক বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এমবিএ প্রোগ্রামের আসন এখনই বাড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।মো. তাজুল ইসলাম খানসতিশ সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা। নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃজনশীলতা চর্চার এবং মুক্ত মত প্রকাশের অন্যতম মাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বা ডিইউডিএস। তরুণ বিতর্কিকেরা তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করতেন এখানে। কিন্তু প্রায় সাত মাস ধরে তালা ঝুলছে ডিইউডিএসের দরজায়। চেয়ার-টেবিলগুলোতে জমে আছে ধুলার আস্তরণ। নানা অজুহাত, নির্বাচনপ্রক্রিয়ার নিয়মনীতি এবং অতার্কিকদের অপতৎপরতার কারণে ডিইউডিএস নির্বাচন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা সুযোগবঞ্চিত হচ্ছেন। এর ফলে কোনো নতুন বিতার্কিক তৈরি হচ্ছেন না, ব্যাহত হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন অসম্মানের, বিতার্কিকদের জন্য তেমনি লজ্জার।সর্বোপরি একটি গণতান্ত্রিক দেশের জন্য ভয়েরও কারণ। তাই এই তার্কিকদের আত্মার দাবি, অবিলম্বে ডিইউডিএস নির্বাচন অনুষ্ঠিত হোক অথবা খুলে দেওয়া হোক ডিবেটিং ক্লাবটি।মো. সাদ্দাম হোসেনঢাকা বিশ্ববিদ্যালয়শারীরিক শিক্ষার পাঠক্রমশারীরিক শিক্ষা হলো এরূপ একটি প্রতিষ্ঠিত বিষয়, যা আর্টস, কমার্স ও সায়েন্সের সমন্বয়ে গঠিত। যে কারণে এ বিষয়কে মাল্টিডিসিপ্লিনারি হিসেবে চিহ্নিত করা হয়। যার মধ্যে ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া মনোবিজ্ঞান, ফিজিওলজি, অ্যানাটমা, শারীরিক শিক্ষার ইতিহাস ও তত্ত্বনীতি, খেলাধুলার আইনকানুন, স্বাস্থ্যবিদ্যা, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয় স্বল্প আকারে হলেও তত্ত্বীয় অংশে অন্তর্ভুক্ত থাকে। আর ইনডোর-আউটডোর গেমসগুলো এই শিক্ষার ব্যবহারিক অংশ। একটি জাতির তরুণ ও যুবসমাজের মধ্যে শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা ও নেতৃত্ব বিকাশে খেলাধুলা তথা শারীরিক শিক্ষার বিরাট ভূমিকা রয়েছে। কিন্তু বিষয়টি এখনো পর্যন্ত উচ্চমাধ্যমিক পাঠক্রমে অন্তর্ভুক্ত হয়নি। দেশে শারীরিক শিক্ষায় অনার্স-মাস্টার্স ডিগ্রি চালু রয়েছে। কর্মরত শরীরচর্চা শিক্ষকদের বিশ্ববিদ্যালয় প্রণীত সিলেবাসের আলোকে স্নাতক-পরবর্তী বিপিএড ডিগ্রির সঙ্গে মাস্টার্স পাস যোগ্যতাসম্পন্ন হলেও যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। দুঃখজনক হলেও সত্য, একই পেশাগত যোগ্যতায় বর্তমান জনবলকাঠামোর লাইব্রেরিয়ানদের নবম থেকে সপ্তম গ্রেডে বেতন পাওয়ার বিধান থাকলেও শরীরচর্চা শিক্ষকদের বঞ্চিত করা হয়েছে। নামে মাত্র বাজার থেকে কেনা কোর্স সার্টিফিকেটে অনেকেই সাচিবিক বিদ্যা, কম্পিউটার শিক্ষার প্রভাষক হয়েছেন যেকোনো বিষয়ে মাস্টার্সের ভিত্তিতে। তিন মাসের কোর্স সার্টিফিকেটে থাকা সাচিবিক বিদ্যা ও কম্পিউটার শিক্ষার পাঠদান করা যায়। সে ক্ষেত্রে এক বছরের পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রির সঙ্গে যেকোনো বিষয়ে মাস্টার্স থাকলে কলেজ শরীরচর্চা শিক্ষকেরা অনায়াসে উচ্চমাধ্যমিকে শারীরিক শিক্ষার পাঠদান ও পরিচালনা করতে পারবেন। ফলে নতুন করে শিক্ষকের পদ সৃষ্টি ও পদায়নে কোনো অর্থ ব্যয় হবে না।পরিশেষে বর্তমান শিক্ষানীতির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৩ সাল থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর পাঠক্রমে শরীরিক শিক্ষা বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।চঞ্চল কুমার কর্মকারশরীরচর্চা শিক্ষককুমারখালী কলেজ