চি ঠি প ত্র
পাঠাগারসাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার অন্তর্গত ৬ নম্বর আশাশুনি ইউনিয়নের ‘বলাবাড়িয়া’ একটি সমৃদ্ধ ও জনবহুল গ্রাম। এই গ্রামে প্রায় ১২ হাজার লোক বাস করে। এখানে দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি ক্লিনিক এবং একটি পোস্ট অফিস রয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, এই গ্রামে কোনো পাঠাগার নেই। তাই জ্ঞানপিপাসুদের কষ্ট করে উপজেলা শহরে গিয়ে বই পড়তে হয়। যেমন, আমার ঠাকুরদাদা প্রমথনাথ (৭৮) প্রতিদিন দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে হাঁড়িভাঙা বাজারে এসে পত্রিকা ও বই পড়েন। অথচ এলাকায় একটি পাঠাগার থাকলে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরাও বই পড়ার সুযোগ পেত। স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি গ্রন্থাগার স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।রামকৃষ্ণ মণ্ডলবিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা।নতুন বইনতুন বছরের শুরুতেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে হাতে পৌঁছে গেছে নতুন বই। শুরু হয়ে গেছে পাঠদান। নতুন আঙ্গিকে সাজানো নতুন বইগুলোর প্রতিটি পাঠে যেমন রয়েছে একদিকে মানসম্মত আধুনিক শিক্ষার ধারা, তেমনি রয়েছে যুক্তিশীল বিষয়বস্তুর মাধুর্যতা। পাল্টে গেছে গতানুগতিক ধারা। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, প্রাথমিক গণিত, আমার বাংলা বই—প্রতিটি বিষয়ের প্রতিটি পাঠের চিত্রাবলিসহ বিষয়বস্তু সাজানো হয়েছে অতি যত্নসহকারে। স্বল্প পরিসরে স্থান পেয়েছে সভ্যতা, সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞানের চলমান ক্রমবিকাশ। এতে শিক্ষার্থীরা পরিচিত হবে বাস্তবিক জ্ঞানের সঙ্গে। সেই সঙ্গে মেধার মান প্রাথমিক স্তর থেকে তৈরি হবে।নতুনভাবে সাজানো নতুন বইগুলোকে বরণ করে নিতে অর্থাত্ সফল পাঠদান দিতে শিক্ষকদেরও প্রয়োজন সেইভাবে প্রস্তুতি নেওয়া। প্রয়োজন নতুন বইয়ের নতুন ধারার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানো। আর সে জন্য প্রয়োজন পাঠদানের ধারায় আধুনিকতা আনয়ন। কিন্তু এখন পর্যন্ত (অর্থাত্ নতুন বই পাওয়ার পর) শিক্ষকদের নতুন বইগুলোর ওপর কোনো উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি। যা অত্যন্ত দুঃখজনক। প্রয়োজন ছিল জানুয়ারি থেকে এ ব্যাপারে আন্তরিক সদিচ্ছা দেখানো।পাঠ পরিচিতি, প্রশ্নের স্বরূপ, সঠিক উপকরণের ব্যবহারসহ আরও অনেক বিষয়ের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তাহলে পাঠদানের গতি আরও বাড়বে। বিশেষ করে প্রাথমিক গণিত, ইংলিশ ফর টুডে, প্রাথমিক বিজ্ঞান—এই বিষয়গুলোর ওপর দ্রুত কার্যকর প্রশিক্ষণের প্রয়োজন।এরপর রয়েছে শিক্ষক সহায়িকা, শিক্ষক সংস্করণ, প্রশ্ন পুস্তিকা—এগুলোর সরবরাহ এখন পর্যন্ত আসেনি নতুন বইয়ের আলোকে। প্রশ্নের ধরন সম্পর্কে জানতে, শিক্ষকদের মান বৃদ্ধিতে এবং বিষয়বস্তুর ওপর পাঠদানের পদ্ধতি ও মূল্যায়ন—এসব বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে যথাক্রমে প্রশ্ন পুস্তিকা, শিক্ষক সংস্করণ ও শিক্ষক সহায়িকায়। যেহেতু পাঠদান ও জ্ঞানের গভীরতা বাড়াতে এবং শিক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুত করতে এই বিষয়গুলোর গুরুত্ব অত্যন্ত বেশি; সেহেতু এগুলো দ্রুত সরবরাহের প্রয়োজন।আশা করি কর্তৃপক্ষ এদিকে সদয় দৃষ্টি দেবে।সঞ্জয় কুমার ভৌমিকশ্রীমঙ্গল।শালিক পাখিআমাদের অতি চেনা-জানা উপকারী প্রধান কয়েকটি পাখির মধ্যে অন্যতম প্রধান হলো শালিক। ছোট আকৃতির ধূসর রঙের এই পাখিগুলো অত্যন্ত নিরীহ ও শান্ত স্বভাবের। খেতের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে আমাদের কৃষিপণ্য উত্পাদনের সহায়তা করে বলে আমরা এদের উপকারী পাখি বলি। আগে খেত-খামারে অসংখ্য শালিক পাখির পদচারণ ছিল চোখে পড়ার মতো। সকাল-সন্ধ্যায় কিচিরমিচির শব্দে মুখর করে তুলত সেকালের পল্লিগাঁয়ের বাঁশবাগান। মনে হতো এ যেন শালিক পাখির হাট।কিন্তু খুবই আফসোসের বিষয়, যত্রতত্র ফসলি জমিতে কীটনাশকের ব্যবহার আর অবাধে পাখি নিধনের ফলে দিনের পর দিন অতি চেনা-জানা এই পাখি আজ হারিয়ে যাচ্ছে। মূলত শালিক পাখি আমাদের কোনো ক্ষতি করে না, বরং এরা কৃষিজমির ক্ষতিকর পোকামাকড় খেয়ে আমাদের খেতের ফসল রক্ষা করে। অথচ পরোপকারী এই পাখিগুলোতেই দিনের পর দিন চলছে অবাধে নিধন। দেশে পাখি নিধন আইন আছে কিন্তু নেই শুধু এই আইনের যথাযথ প্রয়োগ। বলা চলে, আইনের এই দুর্বলতার কারণেই এক শ্রেণীর মানুষ পাখি শিকারকে এখন মূল পেশা হিসেবে নিয়েছে। মূলত পাখি যে শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে তা নয়; প্রকৃতির সৌন্দর্যও বৃদ্ধি করে, যা প্রকৃতিকে আমাদের ভালোবাসতে শেখায়। তাই শালিকসহ সব শ্রেণীর পাখি নিধন বন্ধের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে পাখির অভয়াশ্রম গড়ে তোলা এখন সময়ের দাবি। সৌরভ সোহরাব, সিংড়া, নাটোর।