চি ঠি প ত্র
আমার সোনার বাংলাকোনো দেশের মানুষ যদি তাদের জাতীয় সংগীতটাই ঠিকমতো গাইতে না পারে তাহলে এর থেকে সে জাতির লজ্জার কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। কিন্তু ঠিক এটাই ঘটছে বাংলাদেশের ক্ষেত্রে। মুহম্মদ জাফর ইকবাল স্যারকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাব তাঁর ‘মা তোর বদনখানি মলিন হলে’ লেখাটির জন্য।বাংলাদেশে অসংখ্য সরকারি-বেসরকারি স্কুল আছে। বেশির ভাগ বিদ্যালয়েই শুদ্ধভাবে জাতীয় সংগীত শেখানোর কোনো ব্যবস্থা নেই। গ্রামের স্কুলগুলোর কথা তো বাদই দিলাম, শহরের স্কুলগুলোতেও সে ব্যবস্থা নেই। ফলে নতুন প্রজন্ম স্কুলজীবন থেকেই অশুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া শিখছে। বিষয়টিতে নজর রেখে ২০০৯ সালের শেষের দিকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ স্কুলে শুদ্ধভাবে জাতীয় সংগীত শেখানোর উদ্যোগ নেয়। এরই পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও এ কার্যক্রম শুরু হয় ১০ অক্টোবর ২০০৯-এ। খবরটি প্রথম আলোতে ছাপা হয় ১১ অক্টোবর। সেখানে অনেকেই মন্তব্য করেন যে এখন থেকে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া হবে বলে সবাই আনন্দিত। এত আনুষ্ঠানিকতার মাধ্যমে যে জিনিসটা শেখানো হলো তার অনুশীলন ঠিকমতো হচ্ছে কি না, তা নিয়ে আর কেউ মাথা ঘামায়নি। এমনকি শেখানোর দ্বিতীয় দিনই অ্যাসেমব্লিতে আগের মতোই গাওয়া হয়েছে! সেদিন (যেদিন শেখানো হয়) শুধু প্রতিটি ক্লাসে যারা গান গাইতে পারত তাদেরই শুদ্ধভাবে শেখানো হয় কিন্তু বাকি ৯৯ শতাংশ ছাত্রীই বাদ পড়েছিল। আমি মানছি, স্কুলের হাজার ছাত্রীকে একত্র করে শেখানো কঠিন ব্যাপার কিন্তু স্কুল কর্তৃপক্ষের তো দায়িত্ব ছিল বাকি ছাত্রীদের পালাক্রমে শিখিয়ে এ কার্যক্রমকে পূর্ণতা দান করা। এ বিষয়ে পরে কোনো আলোচনা হয়নি। এখনো অর্ধেক গান হতে না হতেই কথা-সুর উল্টাপাল্টা হয়ে যায়।শুধু আমাদের স্কুলে নয়, বাংলাদেশের অসংখ্য স্কুল আছে যেখানে হয়তো আরও ভয়াবহ অবস্থা। এ জন্য শুধু সরকারকে নয়, স্কুল কর্তৃপক্ষকেও আরও সচেতন হতে হবে এবং সবার প্রচেষ্টাতেই এমন একদিন আমরা দেখতে পাব যেদিন অ্যাসেমব্লিতে শিশুরা আর অপরের মুখের দিকে তাকিয়ে মুখ মেলাবে না, সবাই একসঙ্গে মন খুলে গাইবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।জীবনময়ী, কুষ্টিয়া।