চি ঠি প ত্র
মেধার সঠিক মূল্যায়নগত ২৪ ফেব্রুয়ারি রোববার চিঠিপত্র কলামে ‘মেধাবৃত্তি নিয়ে বাণিজ্য’ শিরোনামে লেখার পত্রলেখকের সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি। এ ব্যাপারে আমিও একজন ভুক্তভোগী।আমার মেয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল প্রভাতি শাখার একজন শিক্ষার্থী। গত বছর পঞ্চম শ্রেণীতে স্কুলের প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এবং চূড়ান্ত মডেল টেস্টে তার শাখায় প্রথম স্থান অধিকার করেছিল। শুধু তার শাখায়ই নয়, পঞ্চম শ্রেণীর পাঁচটি শাখা মিলে তার নম্বরই সর্বোচ্চ। তার পিএসসি পরীক্ষাও খুবই ভালো হয়েছে। পাস ফল ছিল জিপিএ-৫। কিন্তু দুঃখের বিষয়, বোর্ডের বৃত্তির তালিকায় তার নাম নেই। তার সঙ্গেও অনেক মেধাবী ছাত্রীর একই দশা। মেয়েটি অনেক কেঁদেছে। কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার ছিল না। ওর কান্নার কাছে আমি ছিলাম অসহায়। পত্রলেখকের মতো স্কুলশিক্ষিকার সঙ্গে যোগাযোগ করে লটারির কথা জানলাম। আমার প্রশ্ন হলো, খাতা দেখার পর একটা বিষয়ভিত্তিক নম্বরপত্র নিশ্চয়ই তৈরি করা হয়। তাহলে সেটা পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে না কেন? পরীক্ষার নামে কেন এ প্রহসন? তাহলে কি ঢাকা শিক্ষা বোর্ডের বৃত্তি শাখার ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষায় বৃত্তির বিষয়টি গোপন রাখার জন্যই এ রকম করা হচ্ছে। একজন পরীক্ষার্থী ৮০ পেলেও এ+, আবার ৯৫ পেলেও এ+। তাহলে এ+ দিয়ে কি একজন পরীক্ষার্থীর মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে? জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় একজন পরীক্ষার্থী যদি তার মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন না পায়, তাহলে সে পড়ালেখায় উৎসাহ হারাবে। তাই মেধার সঠিক মূল্যায়নের ব্যাপারে এখনই পদক্ষেপ নেওয়া দরকার। পিএসসি ও জেএসসি পরীক্ষায় শুধু এ+ এর সনদপত্র না দিয়ে নম্বর দেওয়া হোক। সব শেষে পত্রলেখকের সঙ্গে আমিও বলতে চাই, পুনর্মূল্যায়নের মাধ্যমে মেধা অনুসারে মেধাবৃত্তির ফলাফল প্রকাশ করা হোক। সাহানা কবির, সিদ্ধেশ্বরী ঢাকা।চাকরির বয়সগত ২৬ ডিসেম্বর ২০১১ সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে। কিন্তু দুঃসংবাদ হলেও সত্য, চাকরিতে সাধারণ শিক্ষার্থীদের প্রবেশের সময়সীমা যা ছিল, তা-ই আছে অর্থাৎ ৩০ বছরই আছে। এর যুক্তি হিসেবে সরকারি মহল থেকে গড় আয়ু বাড়ার কারণের কথা বলা হয়েছিল। তাহলে প্রশ্ন, কেন গড় আয়ু বাড়ার কারণে চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়বে না? জাতীয় সংসদে স্পিকার ১ ফেব্রুয়ারি ২০১২ ৭১ নম্বর বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার প্রস্তাব করেন। এ প্রস্তাব যুগোপযোগী, যুক্তিসংগত ও সময়ের দাবি।বর্তমান সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ১৮-৩০ বছর। এ ছাড়া বাংলাদেশ সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএসসহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির প্রজ্ঞাপনে বয়সসীমা ২১ বছর বিদ্যমান আছে। এটা বর্তমান বাস্তবতার নিরিখে কতটা যুক্তিসংগত? পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত মধ্যবিত্ত ও গরিব মেধাবী শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতা প্রদর্শনে মারামারি ইত্যাদি মিলিয়ে শিক্ষাজীবন শেষ করতে সাত-আট বছর লাগে। এরপর চাকরিতে আবেদন, এর কচ্ছপ গতির নিয়োগ-প্রক্রিয়া শেষ করতে ৩০ বছরের বেশি বয়স হয়। এই স্বল্প সময়ের মধ্যে যোগ্যতা থাকা সত্ত্বেও একজন শিক্ষার্থীর ভালো কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিতে প্রবেশের সুযোগ থাকে না। বিনা মেঘে বজ্রপাতের মতোই সরকারি চাকরিতে অবসরের সময়সীমা দুই বছর বাড়ানোর ফলে এই দুই বছর চাকরিতে আবেদন ও নিয়োগ বন্ধ থাকবে বা কমে যাবে। ফলে এই দুই বছরের মধ্যে যাঁদের চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে যাবে, তাঁদের প্রতি কি অবিচার করা হলো না? তা ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ায় বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত। ভারতেও বয়সসীমা ৩৫ বছর। তাই বাস্তবতার নিরিখে সরকারের কাছে আকুল আবেদন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা হোক। তাহলে যাঁদের চাকরিতে প্রবেশের বয়স ইতিমধ্যে চলে গেছে, তাঁরা যেমন সুযোগ পাবেন, তেমনি লাখ লাখ তরুণ ও যুবকেরা মেধা-জ্ঞান কাজে লাগিয়ে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবেন। আর এতে দেশ ও জাতির কল্যাণও হবে।সাধন সরকার, শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।