চি ঠি প ত্র
বাড়িভাড়া ভাতা বর্তমানে যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত কিংবা আধা সরকারি প্রতিষ্ঠানে মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া ভাতা বাবদ ৫০% থেকে শুরু করে ৬০% পর্যন্ত প্রদান করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে মূল বেতনের অনুকূলে যে হারে বাড়িভাড়া প্রদান করা হয় তাতে স্ট্যাটাস অনুযায়ী যার যার বাড়িভাড়া ভাতা দিয়ে বর্তমান সময়ে পরিবার নিয়ে ভাড়া করা বাসায় থাকা তো দূরের কথা একজন ব্যাচেলর হিসেবে বাসা বা রুম পাওয়া সম্ভব নয়। যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাসা বরাদ্দ আছে, তাঁরা তো কোনোরকমে পার পেয়ে যান। কিন্তু যাঁদের বাসা বরাদ্দ নেই, তাঁদের অবস্থার কথা কেউ কি একবার ভাবেন? আমিও একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছোটখাটো পদে চাকরি করি। আমার অভিজ্ঞতার আলোকে আমি কর্তৃপক্ষের কাছে কয়েকটি আবেদন করতে চাই। তা হলো বাড়িভাড়া ভাতা যদি সম্ভব হয়ে তবে ১০০% করা অথবা অন্ততপক্ষে রাজধানীতে বসবাসরত চাকরিজীবীদের জন্য সবার বাসা বরাদ্দ নিশ্চিত করা নতুবা রাজধানী ভাতা হিসেবে কমপক্ষে মূল বেতনের ২৫% প্রদান করা। আর একটি বিষয় না বললেই নয়, ঢাকা শহরের বাড়িভাড়া নিয়ন্ত্রণ খুবই জরুরি। আমার মনে হয় এ বিষয়ে রাজধানীতে বসবাসরত সব চাকরিজীবী আমার সঙ্গে একমত পোষণ করবেন। আমার মতামত কিংবা আবেদনগুলোর ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুদৃষ্টি কামনা করছি। মো. শফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাশিক্ষা বোর্ড স্থানান্তর পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা—এই আটটি জেলা নিয়ে রংপুরে শিক্ষা বোর্ড স্থাপনের দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু বিগত বিএনপি-জামায়াত জোট সরকার অঞ্চলপ্রীতি, রাজনৈতিক উদ্দেশ্য ও তৎকালীন প্রধানমন্ত্রীর বোনের বাড়ি দিনাজপুরে হওয়ার কারণে রংপুরের পরিবর্তে দিনাজপুরে শিক্ষা বোর্ড স্থাপন করা হয়। এতে দিনাজপুর জেলার মানুষের সুবিধা হলেও বাকি সাত জেলার জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন। দিনাজপুর জেলাটি আটটি জেলার এক কোনায় হওয়ার কারণে বাকি জেলাগুলোর মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক অর্থ ও সময় ব্যয় করে দিনাজপুর যেতে হয়। কিন্তু রংপুর জেলাটি এই আটটি জেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় বাকি জেলাগুলোর মানুষ খুব সহজে যোগাযোগ রক্ষা করতে পারবে। তাই জনগণের সুবিধার কথা বিবেচনা করে শিক্ষা বোর্ডটি দিনাজপুর থেকে রংপুরে স্থানান্তর বা রংপুরে পৃথক একটি শিক্ষা বোর্ড স্থাপন করা হোক। সাগর, রংপুর।