চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিকতার পরিবর্তন হোক প্রায়ই পত্রিকা খুললে মেয়েদের উত্ত্যক্ত করার খবর প্রকাশিত হয়। যা পড়ে হতাশ হতে হয়। মাঝেমধ্যে ভুক্তভোগী মেয়েদের পড়ালেখা ছাড়তে হয়। কখনো কখনো তাদের বেছে নিতে হয় আত্মহত্যার পথ। যা চরম বেদনাদায়ক এবং সভ্যতার জন্য চরম অপমানকর। ২১ মার্চ প্রথম আলোয় ‘মেয়েটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে বলা হয়েছে, বখাটেরা উত্ত্যক্ত করার কারণে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। একটি সভ্য সমাজে এ ধরনের অনাচার কখনো মেনে নেওয়া যায় না।ছেলেদের মতো মেয়েদেরও অধিকার আছে সমান সুযোগ-সুবিধা ভোগ করার। অধিকার আছে নির্বিঘ্নে স্বাধীনভাবে পথ চলার। যারা মেয়েদের উত্ত্যক্ত করে, তাদের চরম শাস্তি হওয়া প্রয়োজন। পাশাপাশি প্রয়োজন এই কুৎসিত মানসিকতার পরিবর্তন। যারা সাধারণত এই ঘৃণ্য কাজটি (উত্ত্যক্ত করা) করে, তারা অবশ্যই সুস্থ মানসিকতাসম্পন্ন নয়। অভাব আছে সুশিক্ষার। সে জন্য শুধু শাস্তি দিয়ে এর শিকড় উপড়ে ফেলা সম্ভব নয়। প্রয়োজন প্রতিকারের পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থা। প্রয়োজন প্রথমত, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক সচেতনতা সৃষ্টিতে সবার দায়িত্বশীল ভূমিকা রাখা।দ্বিতীয়ত, শিক্ষার ব্যাপক প্রসারের প্রতি গুরুত্ব দিতে হবে। সে জন্য একদিকে যেমন বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতে হবে। তেমনি অন্যদিকে সুশিক্ষার আলোয় উজ্জীবিত করতে হবে। তৃতীয়ত, ইভ টিজিং নয়। বরং মেয়েদের চলার পথে সহযোগিতার হাত বাড়ানো এবং ইভ টিজিংয়ের বিরুদ্ধে জোরদার প্রচার চালাতে হবে। এ ব্যাপারে গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখতে পারে।চতুর্থ, মেয়েদের উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি সংশোধনের ব্যবস্থা রাখতে হবে। পঞ্চমত, বেকারত্ব মানে হলো অলস সময় কাটানো। এই সময়ে সৃষ্টি হয় হতাশা, নানা জটিলতা। তাই বেকারত্ব ঘোচাতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি নানা সৃজনশীল কাজের (হাঁস-মুরগি খামার, মৎস্য চাষ, নার্সারি তৈরি) দিকে ঝুঁকতে হবে। ষষ্ঠত, আমরা বাংলাদেশি। আমাদের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি। এই সংস্কৃতি চর্চায় প্রয়োজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নারীদের নিরাপত্তা, মূল্যায়ন, অবদান—এই বিষয়গুলো ফুটিয়ে তুলতে দারুণ ভূমিকা পালন করতে পারে আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলো। ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা আনতে অসংখ্য নারীর রয়েছে চরম ত্যাগ। নির্যাতিত হতে হয়েছে অগণিত নারীকে। জাতি চিরদিন তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সময় এসেছে নারীদের এগিয়ে যাওয়ার। প্রয়োজন ফুলের পাপড়িতে তাদের এই পথচলাকে স্বাগত জানানোর। যেখানে থাকবে না ‘ইভ টিজিং’ নামে কোনো বিষাক্ত কাঁটা।সঞ্জয় কুমার ভৌমিক সহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।চাকরিতে প্রবেশের বয়স বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ছাত্রছাত্রীদের বের হতে সেশনজট ও অন্যান্য কারণে ২৮-২৯ বছর হয়ে যায়। কিন্তু চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর হওয়ায় দু-এক বছরের মধ্যে সীমিত সংখ্যক পদে বিপুলসংখ্যক শিক্ষিত যুবকের চাকরি লাভ কঠিন হয়ে দাঁড়ায়। ফলে তাঁদের বয়স ৩০ বছর অতিক্রম করে। চাকরিতে আবেদনের সুযোগ হারিয়ে তাঁরা বেকার হয়ে পড়েন। এসব কারণে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা নিরুৎসাহিত হচ্ছেন, যা দেশের জন্য কোনোক্রমেই ভালো লক্ষণ নয়। সরকার হঠাৎ করে ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে চাকরির মেয়াদকাল দুই বছর বাড়ানোয় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পদ বর্ধিত দুই বছর খালি হচ্ছে না বিধায় শিক্ষিত বেকার যুবকের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ অন্ধকার দেখে বারবার চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য পত্রিকার মাধ্যমে সরকারের কাছে আবেদন করে আসছেন। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। বাস্তবতা অনুধাবন করে স্পিকার জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার প্রস্তাব করেন। সরকার অত্যন্ত জরুরি এ বিষয়ে অদ্যাবধি কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না, তা জনগণের কাছে বোধগম্য হচ্ছে না।বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায়। তাদের নির্বাচনী এজেন্ডাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল যুদ্ধাপরাধীদের বিচার, ডিজিটাল বাংলাদেশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি দ্বারা বেকার সমস্যা সমাধান ও শিক্ষাক্ষেত্রে সেশনজট হ্রাস। বিপুলসংখ্যক যুবক এসব এজেন্ডায় সাড়া দিয়ে ভোট প্রয়োগ করে। সরকার গঠনে যুবকদের ভোট সব সময় উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সরকারের যেহেতু আর্থিক ক্ষতির কোনো কারণ নেই, সেহেতু বিপুলসংখ্যক শিক্ষিত বেকার যুবকদের চাকরিতে প্রবেশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশ ভারত ও পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের বয়স সর্বনিম্ন ৩৫ বছর করার বিষয়টি মানবিক কারণে জরুরিভিত্তিতে বিবেচনায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।মো. শাহজাহান খন্দকার২য় মুরাদপুর, কুমিল্লা। একটুকু বাসাপ্রথম আলোয় দেখলাম বিভিন্ন এলাকার সঙ্গে বড়লেখায়ও হিন্দুধর্মালম্বীদের দুতিনটি ঘরদোর ভাঙা হয়েছে। বড়লেখা অসাম্প্রদায়িক এলাকা। তবে পাণিধারটা রাজনীতির আখড়া ব্রিটিশ আমল থেকে। রামকুমার পুরকায়স্থ সিলেটকে বাংলায় রাখার আন্দোলন করলে প্রতিপক্ষ জ্ঞানের অভাবে রাজনীতি করে পাকিস্তানে যাচ্ছে বলে প্রচারণা করে। ওই সময় তাঁর ছোট ছেলে রণেন্দ্র পুরকায়স্থও প্রতিপক্ষের সঙ্গে যোগ দিয়ে করিমগঞ্জে পিতার বিপক্ষে যান। যে কারণে দীর্ঘদিন পর করিমগঞ্জ থেকে পাণিধার আসতে পারেন।দুবারে আইএ পাস করার পর পড়াশোনা আর চালাতে না পারলে প্রধান শিক্ষক নীরদ সিংহকে বলে পিসি হাইস্কুলে চাকরির ব্যবস্থা করেন রামকুমার পুরকায়স্থ। তিন মাস পর প্রধান শিক্ষক ফিরিয়ে দেন তাঁকে। তাঁর ছেলে রূপককে আমি বিএড ভর্তি এবং চাকরির ব্যবস্থা করি। যাতে বাড়িটাও দেখাশোনা করতে পারে এবং চাকরিও করতে পারে। কিন্তু সে তার বাবার মতো অজ্ঞ হয়েছে। তাই গ্রামটিতে ঝগড়া-বিবাদ লেগেই আছে অকারণে জ্ঞানের অভাবে। সহজ কথা সহজে বুঝতে পারে না। ওই অন্তর্দ্বন্দ্বের কারণেই হিন্দু অধ্যুষিত এলাকাগুলো আক্রান্ত হয়।আমাদের বাড়িটা দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত। জায়গা-জমি কিছু দেবোত্তর, কিছু দেবোত্তরের বাইরে বলেই জানি। বাড়ির লোকেরা যা বলে তা-ই জানি। এবার একটু ভেতরে ঢুকতে চেষ্টা করছি বলে বাড়িতে থাকতে চাই। তাই আলাদা ঘরের দরকার। দেবত্তোর সম্পত্তিতে সব নাতি থাকার জন্য সমান ঘর পাবে। এটা দিতে বাড়ির লোকেরা নারাজ, প্রত্যেক নাতিই যে একজন সেবাইতও বটে, এ জ্ঞান বাবার মতো ছেলে রূপক মাস্টারেরও নেই।এভাবে প্রতিটি হিন্দুপাড়ায় কলহ-দ্বন্দ্ব লেগেই আছে বলে সাম্প্রদায়িক আক্রমণের সুযোগ হয়। পুলিশ প্রশাসনও সে চিন্তা মাথায় রেখে অনুসন্ধান চালালে সাম্প্রদায়িক কালিমা কিছুটা মুছে যাবে। বৃদ্ধ বয়সে বাড়িতে থাকতে মন চায়। সেই সুযোগটিও আমি বাড়িতে পাই না।রাধাকান্ত রায়ইস্কাটন, ঢাকা।