চি ঠি প ত্র
ওভারব্রিজজনসাধারণের সুবিধার্থে কমলাপুর রেলস্টেশনের ওপর দিয়ে নির্মিত ওভারব্রিজটি কমিয়ে দিয়েছে দূরত্ব, কমিয়েছে বাড়তি খরচ এবং বাড়িয়েছে সময়ের যথাযথ ব্যবহার। এ কারণে ব্রিজটির গুরুত্ব অনেক। এটা নির্মিত হওয়ার পর বার কয়েক নামসর্বস্ব মেরামত করা হয়েছে; দেখভাল করার প্রয়োজনবোধ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার দরুন সকাল-সন্ধ্যা হাজার হাজার লোকের পদভারে পিষ্ট ব্রিজটির অবস্থা আজ বেহাল। ভাঙাচোরা সিঁড়ি আর যত্রতত্র ফুটোফাটা সহকারে এটা এ মুহূর্তে এক সাক্ষাৎ কঙ্কাল। অনেকাংশে মৃত্যুফাঁদের নামান্তর। কিন্তু তা সত্ত্বেও ছক বাঁধা জীবনের নিত্যকার কাজকর্মের তাগিদে অত্র এলাকার সব শ্রেণীর লোকজন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। সকাল-সন্ধ্যার জনস্রোতের চাপে যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। তাই কোনো প্রকার প্রাণহানি এড়ানোর লক্ষ্যে অত্র এলাকার বিপুল জনসাধারণের পক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত সম্ভব ওভারব্রিজটির মেরামত করে গণমানুষের জীবন নিরুদ্বিগ্ন করা হোক। যোবায়ের আহ্মাদদক্ষিণ মুগদা, ঢাকা।হরতাল নয় আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। দেশে চলছে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি। তাই এই পরীক্ষা শেষ করা নিয়ে সংশয় এখন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের। হরতালের জন্য এসএসসি পরীক্ষায় কয়েকটি বিষয়ের তারিখ পেছানোর কারণে এই এইচএসসি পরীক্ষা সম্পন্ন নিয়েও শিক্ষার্থী-অভিভাবক এখন আশঙ্কা। কারণ, এই পরীক্ষাও যদি হরতালের কারণে তারিখ পরিবর্তন হয় এতে করে শিক্ষার্থীদের জন্য দুঃখের শেষ থাকবে না। তাই শিক্ষার্থীদের আগামী ভবিষ্যৎ চিন্তা করে যেকোনো রাজনৈতিক দলকে কর্মসূচি না দেওয়ার বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সৈয়দ সাইফুল করিমমিরপুর-১, ঢাকা। চোরের উপদ্রবঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাধীন পূর্ব শেওড়াপাড়ার উত্তর প্রান্তে মাতবরের পুকুরপাড়ের কাছের বায়তুস সালাম জামে মসজিদের নিকটবর্তী গলিতে ইদানীং চোরের উপদ্রব বেড়েছে। চোরেরা গভীর রাতে দেয়াল টপকে টর্চলাইট জ্বালিয়ে ইতস্তত ঘোরাফেরা করে এবং ঘরের দরজা খোলার চেষ্টা করে। আসন্ন গ্রীষ্মকালে ঘরের জানালা খোলা রাখা অত্যন্ত বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কখনো কখনো চোরের দল টিনশেড বাড়ির চালের ওপর হাঁটাচলা করে। প্রয়োজনীয় নিরাপত্তা বিধানের আবেদন জানাচ্ছি। মো. ইসমাইল হোসেনপূর্ব শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা।