চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীদের সংকটআমি একজন আমেরিকাপ্রবাসী বাংলাদেশি। এখানকার অনেক বাংলাদেশিপ্রবাসী বাংলাদেশ সরকার প্রবর্তিত কিছু অযথা ও অহেতুক নিয়মকানুনের বেড়াজালে পড়ে সংকটে আছেন। এই নিয়মকানুন আগে ছিল না। কিছুদিন আগে সরকারি কর্মকর্তাদের পাসপোর্টে যাতে ইমিগ্র্যান্ট ভিসা না দেওয়া হয়, সে জন্য বাংলাদেশ সরকার ঢাকায় অবস্থিত আমেরিকানসহ সব দূতাবাসকে চিঠি দিয়েছে। ফলে আমেরিকায় বাংলাদেশিরা বাংলাদেশে অবস্থানরত সরকারি চাকরিতে কর্মরত তাঁদের স্বামী, স্ত্রী, সন্তান বা অন্য স্বজনদের আমেরিকায় ইমিগ্র্যান্ট ভিসা দিয়ে আনতে পারছেন না। এ রকম শত শত ভিসা কেস বাংলাদেশের আমেরিকান দূতাবাসে আটকে আছে। আমেরিকা যখন ডিভি ভিসা দেওয়া বন্ধ করে দিল, তখন বাংলাদেশ এটা আবার চালু করার কোনো কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেনি। এখন আমেরিকায় অবস্থানরত আত্মীয়স্বজনের মাধ্যমে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা সেখানে যাওয়ার চেষ্টা করছেন, সেখানেও বাধা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ সরকার। বলা হচ্ছে, ‘আগে সরকারি চাকরি ছাড়ো, তারপর ভিসা নিয়ে আমেরিকায় যাও।’ কিন্তু সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পর যদি ভিসা নিয়ে কোনো জটিলতার সৃষ্টি হয়, তখন হয়তো চাকরি গেল আবার ভিসাও পাওয়া গেল না, এই ঝুঁকি সরকারি কর্মকর্তারা নিতে চাইছেন না। সরকারি কর্মকর্তারা চাইছেন ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে বাংলাদেশ সরকারের চাকরি ছেড়ে দিতে। সরকারি কর্মকর্তাদের ইমিগ্র্যান্ট ভিসা দিতে আমেরিকা সরকারের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞার জন্য তারা ভিসা দেয় না। অন্য দেশের সরকারি কর্মকর্তাদের ইমিগ্র্যান্ট ভিসা প্রাপ্তিতে কোনো নিষেধাজ্ঞা নেই, এই জন্য ওই সব দেশের সরকারি কর্মকর্তারা কোনো জটিলতা ও সমস্যা ছাড়া খুব সহজেই আমেরিকায় আসতে পারেন। আমেরিকায় অনেক বাংলাদেশি ইমিগ্র্যান্ট ভিসা প্রাপ্তিতে নানা জটিলতার কারণে একাই আমেরিকায় চলে এসেছেন। কেউ হয়তো স্ত্রীকে সঙ্গে আনতে পারেননি, কেউ স্বামীকে আনতে পারেননি, কেউবা সন্তানদের আনতে পারেননি। দিনের পর দিন তাঁরা আমেরিকায় একাকী বাস করছেন। কাজেই আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, অবিলম্বে সরকারি কর্মকর্তাদের ইমিগ্র্যান্ট ভিসা না দেওয়ার ব্যাপারে আমেরিকান দূতাবাসে পাঠানো চিঠিটি বাতিল করুন। আমাদের স্বজনদের আমাদের কাছে আসতে সহায়তা করুন। এই ব্যবস্থা নেওয়া হলে দেশে বেকার সমস্যা কিছুটা হলেও কমবে, বাংলাদেশ বর্ধিতহারে রেমিট্যান্স পাবে, দেশের অর্থনৈতিক উন্নতির দ্বার উন্মুক্ত হবে। মো. জালাল উদ্দীন নিউইয়র্ক, একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি।