চি ঠি প ত্র
শিক্ষামন্ত্রীর প্রতিউচ্চমাধ্যমিক পর্যায়ে ‘ব্যবসায় শিক্ষা’ সমমানের ১৬টি গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট, একটি বেসরকারি কারিগরি কলেজ ও নট্রামসসহ ১৮টি প্রতিষ্ঠানে ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) কোর্স চালু রয়েছে। দুই বছর মেয়াদি ওই কোর্সে প্রতি শিক্ষাবর্ষে প্রায় চার হাজার শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক সমমানের সব স্তরে (মাদ্রাসা শিক্ষাসহ) সৃজনশীল পদ্ধতি চালু হলেও ডিআইবিএস কোর্সে এখনো সৃজনশীল পদ্ধতি প্রবর্তন করা হয়নি। শুধু তা-ই নয়, ওই কোর্সে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে সৃজনশীল পদ্ধতি প্রবর্তিত হওয়ারও সম্ভাবনা কম। অথচ আর মাত্র দুই মাস পর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হবে। এদিকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৬ মে ২০১৩ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে। কিন্তু তাদের জন্য পুরোনো সিলেবাসের বই বাজারে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়েই তাদের সৃজনশীল পাঠ্যবইয়ের আংশিক অধ্যায়, বিগত বছরের বোর্ড প্রশ্ন ও গাইড বই সংগ্রহ করে পড়ালেখা করতে হবে। তা ছাড়া পরীক্ষা পাসের পর উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও বিড়ম্বনায় পড়বে।ডিআইবিএস কোর্সটি ডিপ্লোমা কোর্স নয়। এটা প্রকৃতপক্ষে ‘ব্যবসায় শিক্ষা’ সমমানের কোর্স। বিগত দুই বছর যাবৎ উচ্চমাধ্যমিক পাঠ্য বিষয়ের ওপর সারা দেশে শিক্ষকদের সৃজনশীল পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেওয়া হলেও এখন পর্যন্ত ডিআইবিএসের কোনো শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি।ডিআইবিএসের পাঠ্যক্রমে বাংলা টাইপ ১০০ নম্বর এবং ইংরেজি টাইপ ১০০ নম্বরের আংশিক দুটি বিষয় রয়েছে। বর্তমান যুগোপযোগী শিক্ষাব্যবস্থায় ওই বিষয় দুটির তেমন কোনো গুরুত্ব নেই। পরীক্ষা নেওয়ার সময় অচল মেশিনের মাধ্যমে কোনো রকম দায়সারাভাবে পরীক্ষা নেওয়া হয়। প্রচলিত পাঠ্যক্রম ও নম্বর বণ্টন পদ্ধতি অনুযায়ী কোনোভাবেই ডিআইবিএস কোর্সকে সৃজনশীল পদ্ধতিতে রূপান্তর করা সম্ভব নয়। ডিআইবিএস কোর্সের পরীক্ষার মোট নম্বর হচ্ছে ১৪০০ (ঐচ্ছিকসহ)। অপর দিকে ব্যবসায়ী শিক্ষা পরীক্ষার মোট নম্বর হচ্ছে ১২০০ (ঐচ্ছিকসহ)। ২০০ নম্বরের (আবশ্যিক) টাইপ বিষয় ছাড়া বাকি ১২০০ নম্বরের বিষয়গুলোর সঙ্গে ‘ব্যবসায় শিক্ষা’ বিষয়গুলোর অনেক মিল রয়েছে।আমার অভিমত হচ্ছে, ডিআইবিএসের কোর্সটি বাতিল করে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ‘ব্যবসায় শিক্ষার’ সৃজনশীল পাঠ্যনাম চালু করা হোক এবং ওই প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব ঢাকা শিক্ষা বোর্ডের পরিবর্তে অঞ্চল ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অধীনে নেওয়া হোক। বিষয়টিতে মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি।আবুল হোসেন সরকারসহকারী অধ্যাপকগভ. কমার্শিয়াল ইনস্টিটিউট, কুমিল্লা।