চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আউটসোর্সিংয়ে নারীর সাফল্যপ্রথম আলো পত্রিকায় ‘মারজান আহমেদের আউটসোর্সিং জীবন’ পড়ে আমি অভিভূত হয়েছি। প্রায়ই দেখা যায়, বিয়ে হওয়ার পর মেয়েরা সংসার ছাড়া আর কিছু করতে চান না। কিন্তু মারজান সেদিকে ধাবিত হননি। তিনি অত্যন্ত মেধার পরিচয় দিয়ে ও কঠোর পরিশ্রম করে আউটসোর্সিংয়ে সাফল্য লাভ করেছেন। তিনি অন্য নারীদেরও এই কাজে আসার আহ্বান জানিয়েছেন। তিনি অত্যন্ত সহজভাবে বোঝাতে চেয়েছেন যে আউটসোর্সিং কাজে নারীরাও পারদর্শী হতে পারবেন। মারজান বলেন, ‘জাস্ট স্টার্ট ইট’। মারজানকে ধন্যবাদ এ জন্য যে তিনি আউটসোর্সিংয়ে নারীদের সম্পৃক্ত করতে চাইছেন। পোশাকশিল্পে নারীদের অসামান্য অবদানের কারণে আমরা আজ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছি। একদিন আমাদের দেশের নারীরা সম্ভাবনাময় আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করবেন। এর জন্য মারজানদের মতো নারীদের এগিয়ে আসতে হবে এবং তাঁদের আউটসোর্সিংয়ের অভিজ্ঞতা ও শিক্ষা অন্য নারীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা করতে হবে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে। নারী-পুরুষ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেশ বিকশিত ও জাগরিত হবে।মো. আরিফুর রহমানসহকারী ব্যবস্থাপক, সাধারণ বীমা করপোরেশন। চাকরির বৈষম্য!১৯৯৭ সালে তৎকালীন সরকার সব উন্নয়ন প্রকল্পে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাকল্যে বেতন-ভাতা প্রথা চালু করে। এর আগে সরকারি উন্নয়ন প্রকল্পগুলোয় জাতীয় বেতন স্কেলের আলোকে বার্ষিক পদ্ধতিতে বেতন-ভাতার সুবিধা দেওয়া হতো। সাকল্যে বেতন চালু হওয়ার পর থেকে সরকারি উন্নয়ন প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে সমমান, সমযোগ্যতা ও সমগ্রেডভুক্ত হওয়া সত্ত্বেও অন্য সরকারি কর্মচারীদের জন্য যে জাতীয় বেতন স্কেল প্রযোজ্য, সেটির সর্বনিম্ন/প্রারম্ভিক ধাপের মূল বেতনের সঙ্গে আনুষঙ্গিক সুবিধা, যেমন বাড়িভাড়া, চিকিৎসাভাতা ইত্যাদি যোগ করে সাকল্যে বেতন নির্ধারণ ও প্রদান করা হয়। বছরের পর বছর চাকরি করলেও উন্নয়ন প্রকল্পে চাকরিরতদের মাসিক প্রাপ্ত মোট বেতন-ভাতা অপরিবর্তিত থাকে। তা ছাড়া উন্নয়ন প্রকল্পে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে অন্যান্য সরকারি চাকরির মতো কোনো পদোন্নতি, টাইম স্কেল সুবিধা, সিলেকশন গ্রেড ইত্যাদি কোনো ধরনের সুবিধা নেই, যা চরম বৈষম্যমূলক। অথচ প্রতিবছর আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়সীমা লাগামহীনভাবে বাড়তে থাকায় এর সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হওয়ায় উন্নয়ন প্রকল্পের কর্মীরা সর্বদা আর্থিক অনটন ও নিদারুণ হতাশাগ্রস্ত থাকেন। সর্বোপরি উন্নয়ন প্রকল্পের চাকরি সম্পূর্ণ অস্থায়ী (শুধু প্রকল্প মেয়াদকালীন) হওয়ায় তাঁরা যোগদানের শুরু থেকেই একধরনের অনিশ্চয়তা ও চাকরির নিরাপত্তাহীনতায় ভোগেন। তাঁদের মধ্যে যাঁদের বয়স সরকারি চাকরিতে যোগদানের সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকে, তাঁরা সব সময় নতুন চাকরির সন্ধানে ব্যস্ত থাকেন এবং প্রথম সুযোগেই প্রকল্পের চাকরি ত্যাগ করেন। এমনকি নিম্ন গ্রেডভুক্ত পদ হলেও স্থায়ী সরকারি চাকরিতে যোগ দেন। ফলে অধিকাংশ উন্নয়ন প্রকল্পে প্রায় সব সময় উল্লেখযোগ্যসংখ্যক পদে জনবলের ঘাটতি থাকে বিধায় সময়মতো বাস্তবায়ন ব্যাহত হয়। বয়সসীমা অতিক্রান্তের কারণে বা অন্য কোনো কারণে যাঁদের উন্নয়ন প্রকল্পে সাকল্যে বেতনের চাকরি ছাড়া গত্যন্তর থাকে না, তাঁদের মনে সর্বদা হতাশা ও ক্ষোভ বিরাজ করায় স্বাভাবিক মনোবল ও কর্মস্পৃহা হ্রাস পায়। এ ধরনের পরিস্থিতি যেকোনো সরকারি উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে বিরাট অন্তরায় হিসেবে গণ্য। এমতাবস্থায় সরকারি উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বৈষম্য হ্রাসকল্পে এবং প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের স্বার্থে সরকারি সব উন্নয়ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে বাস্তবতার ভিত্তিতে বার্ষিক নির্ধারিত হার/অনুপাতে বেতন বৃদ্ধি প্রথা চালু অথবা প্রচলিত জাতীয় বেতন স্কেলের সংশ্লিষ্ট গ্রেডের সর্বনিম্ন/প্রারম্ভিক ধাপের পরিবর্তে সর্বোচ্চ ধাপে মূল বেতন নির্ধারণ করা যেতে পারে। তা ছাড়া সরকারি উন্নয়ন প্রকল্পে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সমমানে সরকারি বেতন গ্রেড ও স্কেলভুক্ত যেকোনো স্থায়ী পদের চাকরিতে যোগ দেওয়ার সর্বোচ্চ নির্ধারিত বয়সসীমাও শিথিল করার বিষয়ে বিবেচনা করা যেতে পারে। শাহীদুল আযমউত্তর টোলারবাগ, মিরপুর।