চি ঠি প ত্র
মাধবকুণ্ড কি মৃত্যুকূপ?মাধবকুণ্ড দেশের একমাত্র জলপ্রপাত, যা দেখার জন্য মানুষজন আকৃষ্ট হয়ে পর্যটন মৌসুমে সেখানে যায়। কিন্তু স্থানটি যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে প্রতিবছর কেউ না কেউ প্রাণ হারাচ্ছে মাধবকুণ্ডে। মনে হয় যেন প্রাণ না দিলে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করা যাবে না! গত ১০ বছরে জলপ্রপাতে ডুবে প্রাণ হারিয়েছে ২১ জন পর্যটক/ভ্রমণকারী; যাদের মধ্যে রয়েছে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিন্তু এই মৃত্যুর কারণ কী? কেনই বা মাধবকুণ্ড মৃত্যুকূপ হলো, তার পেছনে কতগুলো কারণ লক্ষ করা যায়। যারা কর্তৃপক্ষ তারা দর্শকদের টিকিট চেক করে ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে তাদের কর্তব্য শেষ করে বসে থাকে। কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কে জীবিত কিংবা কে লাশ হয়ে ফিরল, তার খবর তারা রাখে না। দোষ গিয়ে পড়ে সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটদের ওপর, যারা সচেতন নয়। একজন পর্যটক সৌন্দর্য উপভোগের জন্য জলপ্রপাতে নামা কিংবা পাহাড়ের চূড়ায় উঠতেই পারে। কিন্তু তার মৃত্যুর জন্য কি সে দায়ী?গত ১২ মার্চ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পারভেজ জাহান বাপ্পি নামের ১৩ বছরের এক ছেলে পাহাড়ের চূড়া থেকে পড়ে মারা যায়, যা খুবই মর্মান্তিক। কর্তৃপক্ষের অসচেতনতার কারণে বাপ্পি আজ প্রাণ হারাল। শুধু একটি সাইনবোর্ড আর কতগুলো সতর্কবাণী লিখে ঝুলিয়ে দিয়ে তারা নিজেদের দায়দায়িত্ব শেষ করে বসে আছে। অথচ একটু সচেতন হলেই এ ধরনের মৃত্যু রোধ করা যেত। কর্তৃপক্ষ যদি সজাগ থাকত, তাহলে বাপ্পি পাহাড়ের চূড়ায় উঠতে পারত না এবং প্রাণও হারাত না। স্বজনহারাদের কাছে মাধবকুণ্ড হয়ে গেছে এক মৃত্যুকূপ। এ ধরনের ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ কিংবা সরকার একেবারেই নিশ্চুপ।মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।হিলারিকে আমন্ত্রণযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্প্রতি মিসরের তাহরির স্কয়ার পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি তাঁর ‘রোমাঞ্চকর’ অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় জনগণের চিরন্তন ইচ্ছাশক্তির প্রতিফলনের কথা মনে করিয়ে দেয় চত্বরটি।’একাত্তরের মুক্তিযুদ্ধোত্তর প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি হিলারি ক্লিনটনকে বাংলাদেশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার পাদপীঠ সোহরাওয়ার্দী উদ্যান (তৎকালীন রেসকোর্স ময়দান) পরিদর্শনের আমন্ত্রণ জানাই। লাখো মানুষের উপস্থিতিতে এই সোহরাওয়ার্দী উদ্যানেই একাত্তরের সাতই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে সমগ্র জাতিকে চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত এখানেই পাকিস্তানি দখলদার বাহিনী আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে তাদের ৯৫ হাজার সৈনিকের প্রাণ রক্ষা করেছিল।যদি হিলারি ক্লিনটন বাংলাদেশে আসেন আর সোহরাওয়ার্দী উদ্যানের বৃক্ষশোভিত প্রান্তরে পা রাখেন, তবে আমি নিশ্চিত, তিনি আবারও রোমাঞ্চিত হবেন ৪০ বছর আগে বাঙালি জাতির শ্রেষ্ঠ এক বিকেলের গল্প শুনে।হাসান জাফরী, ঢাকা[email protected]