চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ জন্মদিন, বাবাকেউ যদি আমাকে জিগ্যেস করে—তোমার প্রিয় মানুষ কে? আমি বলব আমার বাবা। যদি জানতে চায়—প্রিয় বন্ধু কে? আমি একই উত্তর দেব। আর প্রশ্নটি যদি এমন হয়—শিক্ষাগুরু কে? সে ক্ষেত্রেও জবাব, আমার বাবা। আমার বাবা আমার জীবনের আদর্শ। বাবা হিসেবে তিনি যেমন ছিলেন স্নেহময়, শিক্ষাগুরু হিসেবে তেমনই ছিলেন কঠোর। আজ আমার যতটুকু শিল্পী হয়ে ওঠা, তার শতভাগ আমার বাবার হাত ধরে। এ দেশের অনেক স্বনামধন্য শিল্পী বাবার হাতে গড়া। তাঁদের প্রায় সবাই আমার বাবার সন্তানতুল্য। আমার বাবা ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। ৯১ বছরের দীর্ঘ জীবনের শেষ দিনটিও তিনি পার করেছেন কারও ওপর নির্ভরশীল না হয়ে। ছোটবেলায় যে মানুষটি পারিবারিক কঠোর অনুশাসন উপেক্ষা করে কণ্ঠে সংগীত তুলে নিয়েছিলেন, সারাটি জীবন অক্লান্ত সাধনায় সেই সংগীতকে প্রতিষ্ঠিত করেছেন এ দেশের মানুষের মননে, স্থান করে নিয়েছেন লক্ষ-কোটি মানুষের অন্তরে।কেমন ছিলেন ব্যক্তি সোহরাব হোসেন? আগেই বলেছি, তিনি ছিলেন আমার প্রিয় বন্ধু। আসলে আমাদের পাঁচ ভাইবোনের সঙ্গে আমার বাবার ব্যবহার ছিল নিতান্তই বন্ধুসুলভ। তিনি ছিলেন একজন সম্পূর্ণ ঘরোয়া মানুষ। অথচ সারাটি জীবন তাঁকে কাটাতে হয়েছে ঘরের বাইরে। দেশে-বিদেশে নানা জায়গায় সংগীতপিপাসুদের মন ভরাতে ছুটেছেন দিনের পর দিন। ছাত্র-ছাত্রীদের বাসা অথবা সংগীতের একাধিক বিদ্যায়তনে শিক্ষকতা করতে নিরন্তর ছুটেছেন ৫০ সিসি মোটরসাইকেলে চেপে। তার পরও এমন ঘরোয়া মানুষ দ্বিতীয়টি বুঝি আর হয় না। শুধু নিজের সন্তানদের নয়, আত্মীয়-পরিজন সবাইকেই তিনি আগলে রেখেছেন পিতার পরম স্নেহে। ৯ এপ্রিল এলে আমাদের ভাইবোন, আত্মীয়স্বজন ছাড়াও তাঁর ছাত্র-ছাত্রীদের মধ্যে সাড়া পড়ে যেত। আজ যে বাবার জন্মদিন। ফুলে ফুলে ভরে উঠত আমাদের বসার ঘর। বাবার প্রিয় মানুষেরা সব এলে রাতে কেক কাটা হতো। সময়ের আবর্তে আবারও এসেছে ৯ এপ্রিল। আমার বাবার জন্মদিন। আজ তিনি আর বসে নেই হাসিমুখে তাঁর প্রিয় মানুষদের শুভেচ্ছা নিতে। চলে গেছেন না-ফেরার দেশে। তাই আজ শুধু নীরবেই বলি—শুভ জন্মদিন, বাবা।রাহাত আরা গীতি, ঢাকা।