চি ঠি প ত্র
শিক্ষক-পুলের ভবিষ্যৎ২০১২ সালে প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলে একটি নতুনত্ব পরিলক্ষিত হয়। গত বছরের আগস্টে প্রকাশিত ওই ফলাফলে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের পাশাপাশি শিক্ষক-পুল গঠনের জন্য প্রায় ১৫ হাজার প্রার্থী নির্বাচিত করা হয়, যা এবারই প্রথম। আর শিক্ষক-পুল গঠনের পেছনে কারণ হিসেবে সরকারি বিবৃতির উদ্ধৃতি দিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় যে, মহিলা শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি ভোগ এবং শিক্ষকদের একাংশ ধারাবাহিকভাবে শিক্ষক প্রশিক্ষণে অংশ নেওয়ায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রায় ১০ শতাংশ শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে কর্মরত থাকেন না অর্থাৎ হয় তাঁরা ছুটিতে থাকেন, নয়তো শিক্ষক প্রশিক্ষণে প্রশিক্ষণ গ্রহণ করেন। ফলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মোট সংখ্যার প্রায় ১০ শতাংশ পদ সারা বছর শূন্য থাকে। আর সাময়িকভাবে সৃষ্ট ওই শূন্য পদগুলো পূরণের জন্য শিক্ষক-পুল গঠন করা হয়েছে বলে পত্রিকায় উল্লেখ করা হয়। পত্রিকায় আরও উল্লেখ করা হয় যে শিক্ষক-পুলের শিক্ষকদের স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে না। এ থেকে আমরা বুঝি যে শিক্ষক-পুলের শিক্ষকদের কার্যক্রম হবে অনেকটা খণ্ডকালীন শিক্ষকের মতো। আবার ২০১২ সালের নভেম্বর মাসে জাতীয় দৈনিকসহ বিভিন্ন আঞ্চলিক পত্রিকা সরকারি সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করে, সরকার আগে শিক্ষক-পুলের শিক্ষকদের নিয়োগের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল, তা পরিবর্তন করে তাঁদের স্থায়ীভাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সংবাদপত্রের এ প্রতিবেদনটি পড়ে আমরা আশান্বিত হয়ে শিক্ষক-পুলের অন্তর্ভুক্ত প্রার্থীরা শিক্ষক-পুল সম্পর্কে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত জানার জন্য উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করি। কিন্তু শিক্ষক-পুল সম্পর্কে সরকারি কোনো নির্দেশনা না আসায় অফিস আমাদের পরিষ্কার কোনো ধারণা দিতে ব্যর্থ হয়। ফলে আমরা আজও জানি না, সরকার কোন পরিকল্পনা থেকে এই প্রথম শিক্ষক-পুল গঠন করছে। সরকারি বিবৃতি ও সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকসহ অন্য আঞ্চলিক পত্রিকাগুলো যে খবর প্রকাশ করছে, তা সঠিক কি না, সেটাও আমাদের অজানা। তাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, শিক্ষক-পুল গঠনের পেছনে যে পরিকল্পনা আছে সেটা যত দ্রুত সম্ভব পরিষ্কার করে আমাদের এই দীর্ঘ অপেক্ষা থেকে মুক্তিদানে সদয় হন এবং অনুগ্রহপূর্বক তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। মো. জুলফিকার আলীবাগমারা, রাজশাহী।