চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশা ও সিএনজি আজ থেকে প্রায় ৫০ বছর আগে রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষের সংখ্যা ছিল খুবই কম। সে সময়ও রাজধানী ও আশপাশের শহর যেমন নারায়ণগঞ্জে প্রতিটি রিকশার নিচে হারিকেনের ব্যবহার আমরা রাতের বেলায় লক্ষ করেছি। শুধু তাই নয়, কখনো কোনো রিকশায় নিভানো হারিকেন পরিদৃষ্ট হলে চালককে পুলিশের কাছে জবাবদিহি করতে হতো। অথচ আজ কোটি মানুষ অধ্যুষিত রাজপথে রাতের অন্ধকারে চলাচলকারী কোনো একটি রিকশায়ও বাতি চোখে পড়ে না। যেসব রাস্তায় পৌর করপোরেশনের লাইট পোস্টে বাতি জ্বলছে না, সেসব ভুতুড়ে রাস্তায়ও আরোহীসহ বাতিবিহীন দ্রুতবেগে রিকশা চলাচল করতে দেখা যায়। ফলে, অতি নিকটে না আসা পর্যন্ত বাতিবিহীন যানবাহনটি বিপরীত দিক থেকে আসা পথচারীদের দৃষ্টিগোচরই হয় না। এতে অনিবার্য দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বস্তুত রাজধানীর বিশেষ করে গলিপথের খানাখন্দগুলোর প্রতি লক্ষ রেখে চলার সুবিধার্থেও প্রতিটি যানবাহনে বাতি থাকা আবশ্যক। দ্বিতীয়ত, রাজধানীর রিকশাই শুধু নয়, অনেক সময় কিছু কিছু সিএনজিচালিত অটোরিকশায় রাতে হেডলাইট দেখা যায় না। গভীর রাতে হেডলাইট নিভিয়ে প্রায়ই বেপরোয়াভাবে কোনো কোনো অটোরিকশাকে ছুটতে দেখা যায়। এ চিত্র নিত্যকার হলেও ওই সব অটোরিকশার চালকেরা কী করে কর্তব্যরত পুলিশ ভাইদের সজাগ ও তীক্ষ দৃষ্টি এড়িয়ে চলছে, তা স্পষ্ট নয়। অতএব, রাজধানীসহ প্রতিটি শহরে আগের মতো প্রতিটি রিকশার নিচে হারিকেনজাতীয় একটি বাতি রাখা বাধ্যতামূলক করার ব্যাপারে বিষয়টিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশনকেও হেডলাইট ছাড়া কোনো যানবাহন যেন রাতে চলতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. সিরাজুল ইসলামঢাকা। এ দুর্ভোগ কেন? কিছুদিন আগে আমি একজন রোগীকে ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের অনকোলজি রেডিওথেরাপি বিভাগে থেরাপি দিয়ে এনেছি। এখানকার কয়েকটি বিষয় অবাক হয়ে লক্ষ করলাম, যেমন রেডিওথেরাপির জন্য অনুমতি কার্ড পেতে যথেষ্ট বিড়ম্বনার শিকার হতে হয়। এতে কারও ১০ থেকে ২০ দিনও লেগে যায়। আবার কেউ এক দিনেও পেয়ে যান। থেরাপি চলছে—এ অবস্থায় মেশিন অথবা ইলেকট্রনিকস দরজা নষ্ট হয়ে গেল। এ মেশিনে থেরাপি দেওয়া বন্ধ হয়ে গেল পাঁচ থেকে ছয় দিনের জন্য। অথচ অন্য মেশিনগুলো সচল থাকলেও ওই রোগীরা চলমান মেশিনে থেরাপি থেকে বঞ্চিত হচ্ছেন। উপলক্ষের ছুটি ছাড়াও থেরাপি বন্ধ থাকছে সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবারসহ মাসে আট দিন। মোট থেরাপির মধ্যে থেমে থেমে এ দেওয়াটা রোগ নিরাময়ে কতটা সহায়ক হবে, তা ভেবে অনিশ্চয়তায় কাল কাটে রোগীর। অন্যদিকে রোগবৃদ্ধির ভয়াবহতায় আতঙ্কিত হন অভিভাবকেরা। দেশের বৃহত্তম সরকারি ক্যানসার হাসপাতালের অভ্যন্তরে এমন অব্যবস্থাপনা দেখে সত্যিই হতাশাগ্রস্ত হয়েছি। নষ্ট হয়ে যাওয়া মেশিনটি ও এর দরজা তৎক্ষণাৎ মেরামত করে এবং শুক্রবার ছাড়া প্রতিদিন (উপলক্ষের ছুটির দিনসহ) থেরাপির ব্যবস্থা করে রোগীদের অবর্ণনীয় ভোগান্তি থেকে নিষ্কৃতি দিতে হাসপাতাল কর্তৃপক্ষসহ স্বাস্থ্য মন্ত্রণালয়কে এর বিহিত করতে অনুরোধ জানাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবকঢাকা।দুর্নীতি প্রতিরোধ করি কথায় বলে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। কেননা, প্রতিরোধের মাধ্যমে শিকড় উপড়ে ফেলা যায়। দুর্নীতি হচ্ছে ক্যানসারের মতো। শরীরের এক জায়গায় ক্যানসার হলে ধীরে ধীরে তা গ্রাস করে পুরো শরীরকে। তেমনি সমাজে দুর্নীতি দেখা দিলে বিষবাষ্পে আক্রান্ত হয় কমবেশি সবাই। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে যেমন ক্যানসার নিরাময় সম্ভব; তেমনি সামাজিক প্রতিরোধের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা অসম্ভব নয়। সে জন্য শুধু গোলটেবিল বৈঠক আর সভা-সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজন মাঠপর্যায়ে তার বাস্তব প্রতিফলন। দুর্নীতি প্রতিরোধে আছে অনেক করণীয়। প্রথমত, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যাতে শাস্তির বিধান থেকে কোনোভাবেই রেহাই না পায়, সেদিকে খেয়াল রাখা। দ্বিতীয়ত, পাঠ্যপুস্তকে ‘দুর্নীতিকে না বলুন’ বিষয়টি বিশদভাবে থাকা চাই প্রতিটি শ্রেণীতে, যাতে নতুন প্রজন্ম দুর্নীতিকে ঘৃণা করতে শেখে। তৃতীয়ত, আমরা সবাই জানি, ‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে—তব ঘৃণা তারে যেন তৃণসম দহে’। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ না করা মানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, যা কখনো কাম্য নয়। চতুর্থত, প্রতিটি মানুষ জীবনে স্বপ্ন দেখে বড় হওয়ার। কিন্তু সেই স্বপ্নের বাস্তবতার মাঝে যদি দুর্নীতি প্রবেশ করে স্বপ্ন সার্থক করতে, তবে তা দুঃখজনক। স্বপ্ন যতটা সুন্দর হবে; তা সার্থক করতে মানুষকে ততটা হতে হবে সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী। পঞ্চমত, দুর্নীতি প্রতিরোধে যাঁরা বিভিন্ন সময় অবদান রাখছেন, আয়কর দিচ্ছেন সময়মতো, ঋণখেলাপি নন, তাঁদের পুরস্কার দিতে হবে উৎসাহ বাড়াতে এবং তা প্রচারের ব্যবস্থা রাখতে হবে। ষষ্ঠত, যেকোনো দেশের গণমাধ্যম সে দেশের জনগণের সার্বিক কল্যাণে অনেক বড় ভূমিকা রাখতে পারে। কেননা, সব সময়ই শক্তিশালী মাধ্যম হচ্ছে গণমাধ্যম, যেকোনো বিষয়ের ভাবমূর্তি ফুটিয়ে তুলতে। সে জন্য গণমাধ্যমের উচিত দুর্নীতির বিরুদ্ধে সর্বদা বিভিন্ন সংবাদ এবং নানা বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি করা। সপ্তমত, সমাজ থেকে দুর্নীতি নির্মূলে সমাজের মানুষকেই এগিয়ে আসতে হবে। দুর্নীতিমুক্ত পরিবেশ গড়তে দুর্নীতিকে সবাই মিলে ‘না’ করতে হবে। মনে রাখতে হবে, যারা দুর্নীতি করে, তাদের সমাজে বাস করার অধিকার নেই। কেননা, দুর্নীতি সব সময় অন্যের অধিকার হরণ করে এবং সৃষ্টি করে বৈষম্য। সঞ্জয় কুমার ভৌমিকমৌলভীবাজার, শ্রীমঙ্গল।